মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে স্বামীর নির্যাতনে অতীষ্ঠ হয়ে শরীরে আগুন দিয়ে গৃহবধুর আত্মহত্যা !

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২২
news-image

কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মরিয়ম বেগম (২৭) নামে এক নারী বাথরুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মেয়ের বাবা মো শামসুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে।

পার্শ্ববর্তী ঘরের মো. ইকরাম হোসেন জানান, মৃত মরিয়ম বেগম আমার চাচাতো বোন, আপাকে আট থেকে দশ বছর আগে উত্তর হাওলা ইউনিয়নের ঠেঙ্গারবাম গ্রামের মো তৈয়ব আলীর ছেলে মো: আবদুল মান্নানের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। কয়েকবার সামাজিকভাবে সালিশ দরবার করে দুইজনকে মিলিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে আবদুল মান্নান প্রচুর মারধর করে আমার চাচাতো বোনকে একটি রিকসায় তুলে দেন। বাড়ি এসে আপা কাউকে কিছু না বলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

মো. আবুল হাশেম বলেন, মরিয়মের বাবা আমাদেরকে তার মেয়ের বাড়িতে কয়েকবার নিয়েছে। মরিয়মের স্বামী মো. আবদুল মান্নানের সামাজিকভাবে অনেকবার সালিশ-দরবার করেছি। মান্নান একজন দুশ্চরিত্র ও খারাপ প্রকৃতির লোক। সে আগেও একটি বিয়ে করেছে। মান্নানের নির্যাতনের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি।

অভিযুক্ত মো আবদুল মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) রিপন বালা জানান, আমি ঘটনাটি জানার পর ঘটনারস্থল পরিদর্শন করেছি এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলেও জানান তিনি।