,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে এসএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার, প্রেমিক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2022
news-image

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে আশিকা জাহান সিপা (১৭) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার মুন্সেফপাড়া বোডিং মাঠ পুকুর থেকে সিপার লাশ উদ্ধার করা হয়।

সিপা জেলা শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তিনি সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহীন মিয়ার মেয়ে। তার পরিবার জেলা শহরের মুন্সেফপাড়া ভাড়া বাসায় থাকে।

এ ঘটনায় আটক গৃহশিক্ষক মো. বাইজিদ সরকার (২৬) কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুরের মুখলেছুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।

পুলিশ এবং হাসপাতাল সূত্র জানায়, বাইজিদ সরকার মুন্সেফপাড়ায় বিভিন্ন বাসায় প্রাইভেট পড়াতেন। সিপাকেও তার বাসায় গিয়ে গত তিন বছর ধরে পড়াচ্ছিলেন। পড়ানোর সুযোগে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি সিপা বিয়ের জন্যে বাইজিদকে চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। শনিবার রাত আড়াইটার দিকে সিপা বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে রোববার দুপুরে বোডিং মাঠ পুকুরে সিপার লাশ ভেসে উঠে। খবর পেয়ে তার পরিবারের লোকজন ও প্রেমিক বাইজিদ ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয়রা তাকে পিটুনি দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বাইজিদ সরকার পুলিশকে জানিয়েছেন, সিপার সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তার পরিবারের সদস্যরা আমাদের দুজনকে রাস্তায় একসঙ্গে দেখে ফেলেন। এরপর থেকে সে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গতকাল রাত আড়াইটার দিকে সিপা তাকে ফোন করে বিয়ের কথা বলে। এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় জানালে সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে খবর দেয়। মেয়েটির প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।