,

ট্রেন থামানোর জরিমানা বাড়ছে ১০ গুণ: সংসদে রেলমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেলমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত খসড়া রেলওয়ে আইনে ‘যদি কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ব্যতিত চেইন টেনে তার সুবিধাজনক স্থানে ট্রেন থামান তা হলে তিনি অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’ এই বিধান রাখা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।