মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুবিতে পর্দা নামলো আন্তর্জাতিক নাট্য উৎসবের

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২৪
news-image

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্যসংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র ১যুগ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হওয়া দু’দিনব্যপী ‘যুগান্তরের উৎসব’ এর পর্দা নামলো আজ (৬ জুলাই)। দ্বিতীয় দিনে উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিজ’র স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামী।

গতকাল ৫ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসব শুরু হয়।

দু’দিনব্যপী আন্তর্জাতিক এই নাট্য উৎসবের প্রথমদিনে উপস্থাপিত হয় ভারতের কোলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিবেশনায় মৃণাল মুখোপাধ্যায়ের লেখা নাটক ‘যুযুধান’। যেটির নির্দেশনায় ছিলেন জীবন অধিকারী। এছাড়া ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক দুটি মূকাভিনয় পরিবেশিত হয়।

দ্বিতীয় দিনে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ‘মাল্যদান’ উপস্থাপিত হয়। যেটির নির্দেশনায় ছিলেন ইশতিয়াক আহমেদ ও গুলশান পারভীন সুইটি।

অনুষ্ঠানে আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিজ’র স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামী বলেন, ছোটবেলায় পড়তাম কুমিল্লা শিল্পের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। এই কুমিল্লারই এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারা আমার জন্য আনন্দের। এটি একটি নাট্য উৎসব। নাটকের সাথে আমারও ছোট থেকেই সম্পর্ক ছিলো এবং এখনো আছে। আমি কলকাতা সত্যজিৎ রায়ের ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটটে পড়াশোনা করেছি। তার আগে নাট্যচর্চা করতাম যাতে সিনেমাটা ভালোভাবে বুঝতে পারি। আমার খুব কৌতুহল হয়েছিলো আজকে এখানে উপস্থাপনাটা কিরকম হবে। কারণ ছোট গল্প হলেও তার একটা বলিয়ম আছে৷ এটা দেখে আমি মুগ্ধ হয়েছি৷ সব মিলিয়ে দারুণ হয়েছে।

এসময় লাপাতা লেডিস সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে খুঁজে বের করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ থেকে এতো এতো ভালোবাসা পেয়েছি যে আমি সত্যি আনন্দিত। মূলত এই সিনেমাটির চিত্রনাট্য বা গল্প আমার লিখা। ভারতে সবচেয়ে বড় স্ক্রিপ্ট কনটেস্টে চার হাজার স্ক্রিপ্ট এর মধ্যে আমার এটি দ্বিতীয় হয়েছিলো। তো আমি আপনাদের মাধ্যমে খুব অনুপ্রাণিত যে এই ধারার সিনেমা আপনারা উপভোগ করেছেন।

নাট্য পরিবেশনা শেষে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।