মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশু ও মায়ের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০২৪
news-image

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশু ও মায়ের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশুসহ আত্মহত্যা করেছে মা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আশরাফসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কদু মিয়ার মেয়ে শারমিন আক্তারের সাথে সদর উপজেলার ঘাটুরা গ্রামের সরকার বাড়ির মারাজ মিয়ার ছেলে আশরাফ মিয়ার বিয়ে হয়। আশরাফ নেশাগ্রস্ত হওয়ায় তাদের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত, যার ফলে সাংসারিক খরচ নিয়ে অনেক সময় অশান্তি হতো।

নিহত শারমিন আক্তারের মা রেজিয়া বেগম বলেন, “আমার মেয়ে এবং দুই নাতনিকে হারিয়ে আমার কোল এখন খালি হয়ে গেছে। তারা বলেছিল, আমার বাড়িতে বেড়াতে আসবে, কিন্তু তারা আর আসেনি। কেন এই ঘটনা ঘটেছে, আমি কিছুই জানি না। আমি চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের বিচার করা হোক।”

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, প্রথমে এক নারীকে বিষ খাওয়া অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছু সময় পর দুই শিশুকে আনা হলে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং তারা মৃত অবস্থায় পাওয়া যায়। এর কিছুক্ষণ পর মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা বিষপানে আত্মহত্যা করেছে।