মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ফ্যাসিবাদের সূচনা করেন শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৩, ২০২৪
news-image

দেশে ফ্যাসিবাদের সূচনা করেন শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, বরং তারা একটি ফ্যাসিবাদী দল। তিনি দাবি করেছেন, দেশে ফ্যাসিবাদের সূচনা করেন শেখ মুজিবুর রহমান।

শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭২-৭৫ সালের মধ্যে প্রথম ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন শেখ মুজিব, যাকে তখনকার মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তারা একটি ফ্যাসিবাদী দল। তাদের শাসনব্যবস্থায় গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করেছে। পুলিশকে ব্যবহার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, গায়েবি মামলা করেছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব নয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন। আওয়ামী লীগ, দমন-পীড়ন ও নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল, কিন্তু শেষে জনগণের রোষানলে পড়ে তারা দেশ থেকে পালিয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।