আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, তা ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠী যেই হোক না কেন। তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং ভিডিও ফুটেজ পাওয়া গেছে। প্রশাসন ভিডিও ফুটেজের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। তিনি জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন উত্তেজিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখে।
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, “গুজব একটি মারাত্মক বিষয়। আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশ-বিদেশে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, তবে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। ঘটনার পর থেকে আপনারা যে ধৈর্যশীলতা প্রদর্শন করেছেন, ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ধর্ম উপদেষ্টা নিহত আলিফের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান সংগ্রহের আশ্বাস দেন এবং নিহতের পরিবারের হাতে নগদ ২ লাখ টাকা ও ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ শুরু করেছে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “আমরা আশ্বস্ত করতে চাই যে অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার নিশ্চিত করা হবে এবং উসকানিমূলক কোনো ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনো বিভ্রান্তি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।”
এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসও উপস্থিত ছিলেন।