রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন আমেরিকা প্রবাসী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫
news-image

হাজীগঞ্জ-কচুয়া সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন আমেরিকা প্রবাসী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে প্রবাসফেরত এক যুবক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি।

মিলনের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি আমেরিকা থেকে মঙ্গলবার মাঝ রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রো ও একটি হায়েজ গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বুধবার সকাল সোয়া ৭টার দিকে মিলনকে বহনকারী গাড়িটি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁওস্থ উপজেলা মডেল মসজিদের উত্তর পাশে আসলে গতিরোধ করেন ডাকাত দল। মুখোশধারী অজ্ঞাত চারজন ব্যক্তি খোলা পিক-আপের নিয়ে পেছন থেকে এসে প্রবাসী মিলনের গাড়ি থামিয়ে তাকে সহ চালক ও তার মাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তারা।

এ সময় গাড়িতে থাকা মিলনের বিদেশী মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয় ডাকাতরা। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন হাজীগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায়ই বিদেশফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে। এরপরও পুলিশের তৎপরতা দেখা যায় না।