ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন করল বিএসএফ
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্তে ছয়টি পরিবারের ২৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দেয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও বিজিবি যৌথভাবে তাদের আটক করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “পুশ-ইন করা ১৩ শিশুসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”