,

আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা সৌদি বাদশাহার

আজকের কুমিল্লা ডট কম :
June 14, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেন তিনি। খবর আরব নিউজের।

১৩ জুন শুক্রবার আটকে পড়া হাজিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ এ নির্দেশনা দেন তিনি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়েছেন। যত দিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, তত দিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হজযাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়।

এই দায়িত্ব দেওয়া হয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, এসব হজযাত্রী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন। যত দিন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দেশে ফিরে যেতে পারেন তত দিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন।