ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ মাল্টা
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করবে দেশটি।
জাতিসংঘে আয়োজিত এক অধিবেশনে মাল্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস্টোফার কুতাজার বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আমাদের অঙ্গীকার দীর্ঘদিনের। আমরা সবসময়ই ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে থেকেছি। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
একই দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, তার দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে কিছু শর্তসাপেক্ষে—২০২৬ সালের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে হামাস অংশ নিতে পারবে না এবং নতুন রাষ্ট্রটি হবে নিরস্ত্র।
মাল্টা ও কানাডার এই ঘোষণায় সাড়া দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যও একই পথে এগোচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তার দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “ইসরায়েল যদি আগামী আট সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় রাজি না হয়, তবে যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।”
এই পদক্ষেপগুলোর ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৫ ছাড়িয়ে যাবে। এর মধ্যে অন্তত ১২টি ইউরোপীয় দেশ রয়েছে।
তবে এই আন্তর্জাতিক উদ্যোগের বিরোধিতা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসকে পুরস্কৃত করা। এটি কেবল চরমপন্থাকেই উৎসাহিত করবে।”
এর পাল্টা জবাবে মাল্টার প্রতিনিধি কুতাজার বলেন, “এটা প্রতীকী কোনো পদক্ষেপ নয়। বরং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
জাতিসংঘে তিনদিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে ১২৮টি দেশের প্রতিনিধি অংশ নেন। শেষ দিনে ‘নিউইয়র্ক কল’ শীর্ষক এক যৌথ বিবৃতি প্রকাশিত হয়, যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এতে ১৫টি পশ্চিমা দেশ স্বাক্ষর করে।
সম্মেলনের শেষ মুহূর্তে সৌদি আরবের রাষ্ট্রদূত অধিবেশন স্থগিত ঘোষণা করে জানান, সম্মেলনের সিদ্ধান্তগুলোর ভিত্তিতে একটি চূড়ান্ত প্রস্তাবনাপত্র তৈরি করা হয়েছে, যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো হবে এবং সেপ্টেম্বরে তা অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। আরও কিছু বড় দেশ যদি এই পথে হাঁটে, তবে ইসরায়েল-ফিলিস্তিন সংকটে বৈশ্বিক চাপ অনেক বেড়ে যাবে।
সূত্র: এপি, ইউএনবি