বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র হত্যার বিচার চান শহীদ জামশেদের বাবা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০২৫
news-image

মোঃ বেলাল হোসাইন:

সন্ধ্যা হলেই আম্মু দেখতো জাহিদ আসছে নি, জিসান আসছে নি, জুয়েল আসছেনি। আমরা কেউ একজন আসতে দেরি হইলে আম্মু অস্থির হয়ে যেতো। হয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো কিংবা ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে চলে যেতো। অস্থিরভাবে হাটাহাটি করতো আর কাউকে পেলেই জিজ্ঞেস করতো আমাদেরকে দেখছে কিনা। যতক্ষণ আমরা সবাই না আসতাম ততক্ষণ আম্মুর অস্থিরতা চলতোই।আমি হয়ত ফিরবো কোন একদিন কিন্তু আমার ভাইয়ের জন্য আমাদের কারোই অপেক্ষার প্রহর ফুরাবেনা কোনদিন।

শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের বড় ভাই জাহিদুর রহমান ছোট ভাইকে নিয়ে এভাবেই নিজের আক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। জামশেদকে হারানোর এক বছর পূর্ণ হলেও এখনো পরিবারটি শোকে কাতর। এখনো নিয়মিত জামশেদের দুই ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইকে হারানোর বেদনা প্রকাশ করেন। জামশেদের পিতা- মাতা এখনো ছেলেকে খুঁজে ফেরেন। মাতা সালেহা বেগম সময়ে অসময়ে কান্নায় ভেঙ্গে পড়েন ছেলে হারানোর বেদনায়। এখনো প্রশ্ন করেন, কি দোষ ছিল আমার ছেলে জামশেদের, কেন নিরস্ত্র ছেলেকে হত্যা করা হলো।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শাহাদাৎ বরণকারী একমাত্র শহীদ জামশেমুর রহমান মিয়াজী জুয়েল। জামশেদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মিয়াজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শাহ জালাল এবং মাতা সালেহা বেগমের সংসারের ৩ ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে জামশেদ। শহীদ জামশেদ অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে হিসেবে সমাজে এবং পরিবারে পরিচিত ছিল। গ্রামের ফেলনা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করে একই গ্রামের ফেলনা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। চৌদ্দগ্রাম মডেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে জামশেদ কুমিল্লা সরকারী কলেজে ভর্তি হয়। শহীদ হওয়ার সময়ে সে কুমিল্লা সরকারী কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত ছিল।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লা শহরের সক্রিয় কর্মী ছিল জুয়েল। কুমিল্লা সরকারী কলেজের ছাত্র হিসেবে ঐ সময়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। আন্দোলনের শেষ সময়ে পরিবারের প্রয়োজনে বাড়িতে আসেন। ৫ই আগষ্ট দুপুরে তৎকালীন হাসিনা সরকারের পতনের খবর শুনে নিজ গ্রাম ফেলনার আরও যুবকদের সাথে জামশেদও বাড়ি থেকে বের হয়ে যান। ২০২৪ সালের ৫ই আগষ্ট দুপুর থেকেই ছাত্র-জনতার মিছিলে উত্তাল হয়ে উঠে চৌদ্দগ্রাম বাজার। এদিন বিকেলে চৌদ্দগ্রাম বাজারের থানার সামনে বিজয় মিছিলে এসে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণ করেন জামশেদ।

শহীদ জামশেদের বাবা শাহজালাল মিয়াজী বলেন, আমি পুরো বাংলাদেশের ছাত্র হত্যার বিচার চাই। বিগত ১৬টি বছরে যেসকল গুম-খুন হয়েছে সবকিছুর বিচার চাই। ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে। ২০২৪ সালের ৫ই আগষ্ট ছাত্র-জনতার বিক্ষোভে হাসিনা সরকারের পতনের মাধ্যমে এদেশের স্বাধীনতা আবারো উদ্ধার হয়।

এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, যার ছেলে মারা গেছে সেই ছেলে হারানোর ব্যথা বুঝে। বিপ্লবের পর থেকে ছাত্র হত্যার বিচারের আশ্বাস পেলেও এখন কেন জানি বিচারের দাবী প্রসারিত না হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও কোন ছাত্রহত্যার বিচার দৃশ্যমান হয়নি। রাষ্ট্র কি করবে না করতে আমরা জানিনা। তবে আমি বারবার জানিয়ে যাচ্ছি আমি ছেলে হত্যার বিচার চাই।

জামশেদের পিতা আরও বলেন, আমার তিন ছেলের মধ্যে জুয়েলের সাথেই আমার সবচেয়ে বেশি সখ্যতা ছিল। সংসারের বিভিন্ন বিষয়ে এবং পড়ালেখার বিষয়ে তার (জামশেদ) সাথে আমার আলোচনা হতো।

শাহাদাৎ বরণের দিন আমি সকালে লাকসাম চলে যাই। জামশেদ বাড়ি থেকে বের হওয়ার সময় তার মা বাঁধা দিলেও সে বাঁধা না মেনেই ঘর থেকে বের হয়। আমার ছেলে কোন অস্ত্র নিয়েও বিজয় মিছিলে যায়নি। কিন্তু এরপরও আমার ছেলেকে হত্যা করা হলো। ছেলের উপস্থিতি এখনো আমি টের পাই বিভিন্নভাবে। আমার ছোট ছেলেটি সবসময় আমার অন্তরে অবস্থান করে। ২৪ ঘন্টাই আমার ছেলেকে আমি ভুলতে পারিনা।

৫ই আগষ্টের ভয়াল রাতের বর্ণনা দিয়ে জামশেদের পিতা বলেন, জামশেদের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে আমি কুমিল্লা রওনা দিই। সারা রাস্তায় মানুষ আর মানুষ। কোন যানবাহন নাই। সন্ধার পর পুরো সড়কে অন্ধকার নেমে আসে। কোনভাবে আমার ছেলেকে কুমিল্লা নেয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে পথেই তার মৃত্যু হয়।

জামশেদের মাতা সালেহা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ৫ই আগষ্ট ভোরে আমার ছেলের জন্য তালের পিঠা বানাই। আমার ছেলে জামশেদ বলে, আম্মু আজকে তেল দিয়ে পিঠা বানাইবা নাকি কাঠালের পাতা দিয়ে? সকালে তালের পিঠা খায়। দুপুরে গোসলের পরে ছেলেকে গরম ভাত খাওয়াই। বাড়ি থেকে বের হওয়ার সময় বাঁধা দিলেও সে না মেনে ঘর থেকে বেরিয়ে যায়। আমি হাত ধরে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হই।

সালেহা বেগম বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মান্নান বলেন, জামশেদ আমার বিদ্যালয়ের অন্যতম শান্ত ছাত্র ছিল। তার এই শূণ্যতা পুরন হওয়ার নয়।

তিনি আরও বলেন, জামশেদের কারণে আমার স্কুল এবং গ্রামকে আজ পুরো বাংলাদেশ চিনে। কিন্তু জামশেদের পরিবারই আজ ভালো নেই। মধ্যবিত্ত পরিবার হওয়ায় পিতার কৃষিকাজ এবং এক ছেলের আয় দিয়ে কোনভাবে তাদের সংসার চলে। জামশেদের এক ভাই ডিগ্রী শেষ করেও দেশে বেকার অবস্থায় রয়েছে। আরেক ভাইও ডিগ্রী শেষ করে দেশে চাকুরী না পেয়ে সৌদি আরব চলে যায়। তাই আমি সরকারের নিকট আবেদন জানাবো, জামশেদের এক ভাইকে যাতে সরকারী একটি চাকুরী ব্যবস্থা করে দেয়া হয়। সর্বোপরি অনুরোধ সরকার যেন জামশেদের পরিবারের পাশে থাকে সবসময়।