শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দাউদকান্দির গণমাধ্যমকর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১ টায় দাউদকান্দি মডেল থানার সামনে শহীদ রিফাত পার্ক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফ্রিল্যান্স সাংবাদিক আবু তাহের নয়নের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি। আর রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, আমাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। তাই দ্রুত অপরাধীদের বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন করার দাবী জানিয়েছেন বক্তারা।

বক্তারা সাংবাদিক তুহিনের রুহের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর অবুঝ দুই শিশু সন্তানসহ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হানিফ খান (নয়া দিগন্ত), জাকির হোসেন হাজারী(দেশ রূপান্তর/আজকের কুমিল্লা ), মোহাম্মদ আলী শাহীন(আমাদের সময়), সেলিম আহমেদ(ইনকিলাব), লিটন সরকার বাদল(খবরের কাগজ), শরীফ প্রধান(ইত্তেফাক), আলমগীর হোসেন(কুমিল্লার কাগজ), হোসাইন মোহাম্মদ দিদার(বাংলাদেশ টুডে), সাহাব উদ্দিন(মোহনা টিভি), তৌফিক রুবেল( সংগ্রাম) ও সমাজকর্মী ইসমাইল তালুকদার প্রমূখ।