টমছমব্রিজ থেকে কোটবাড়ি বোর্ড মার্কেট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
টমছমব্রিজ থেকে কোটবাড়ি বোর্ড মার্কেট পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোটবাড়ি এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধনে অংশ নেন। এতে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ছাড়াও এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকাবাসী, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানান।
আয়োজকরা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।