বরুড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর
বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আদমপুর গ্রামে পানিতে ডুবে হাবিব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব আদমপুর গ্রামের মো. আলী নেওয়াজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো এক সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় হাবিব। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের প্রতি নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।