,

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 17, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করেছে জেলা পুলিশ। একই অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মোট ৪৫টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ১৬ জন এবং মাদকসেবী ১৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (ট্রায়াল সামারি) প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লাকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।