চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
রোববার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রাম থেকে গ্রামবাসী তাকে আটক করে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম।
মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে।
উপ-পরিদর্শক আবুল কালাম আরো জানান, রোববার সকালে আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে স্থানীয় জনতা মোহাম্মদ মনিরকে গণপিটুনি দেয়। পরে তাঁর কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে আমাদেরকে জানানো হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনির প্রবাসে থাকাকালিন নোয়াইজ্জা গ্রামের এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। পরকিয়ার সূত্র ধরে ওই নারী থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মনির দেশে এসে ওই গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তাকে থানায় নিয়ে আসে।
উপ-পরিদর্শক আবুল কালাম আরও জানান, এ ঘটনায় মনিরের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।