এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাভিদ নওরোজ শাহ্: দায়িত্বে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক:
আজ ২৩ অক্টোবর শুক্রবার সকালে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয় এনসিপির পুনর্গঠিত আহ্বায়ক কমিটি। এতে আহ্বায়ক ও সদস্য সচিব এর দায়িত্বে যথাক্রমে বহাল আছেন নাহিদ ইসলাম এমপি এবং আখতার হোসেন এমপি। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন নাসিরুউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ এমপি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সাথে সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম উত্তর) এর দায়িত্ব পেয়েছেন কুমিল্লার সন্তান জনাব নাভিদ নওরোজ শাহ্। চট্টগ্রাম উত্তর সাংগঠনিক বিভাগে রয়েছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এই ছয়টি জেলা।
জনাব নাভিদ নওরোজ শাহ্ গত সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রাথমিক প্রার্থী ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোট গঠন হলে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
পেশাগত জীবনে নাভিদ নওরোজ শাহ্ একজন মানবাধিকার আইনজীবী। কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে পড়াশুনা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে। কয়েকটি বেসরকারী সংস্থায় পরামর্শকের পাশাপাশি তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত আছেন।
জুলাই গণঅভ্যুত্থানে তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং পেশাজীবী জনগণকে সংগঠিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনীতির বাইরে তিনি ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আহ্বায়ক এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক জেসিআই এর ঢাকা আপটাউন চ্যাপ্টারের সভাপতি হিসেবে নানাবিধ সামাজিক উন্নয়ন উদ্যোগের সাথে জড়িত।