,

কুমিল্লা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ আটক ১০

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2026
news-image

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে একত্রিত হয়ে প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন।

মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১০ জনকে আটক করা হয়।

আটক কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।