All posts by jitu

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ কপালী ওরফে সাইফুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কপালী ওরফে সাইফুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আউজিয়া (পশ্চিমপাড়া) গ্রামের সুরুজ আলীর ছেলে। সে বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শিয়াচর (দক্ষিণ শিয়াচর) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এস.আই) সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও উপপরিদর্শক (এস.আই) মোহাম্মদ সৌরভ হোসেন এ অভিযানে সহযোগিতা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মাদক কারবারি কপালী ওরফে সাইফুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সেচ্ছাসেবীর মৃত্যু

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

চিকিৎসাধীন রোগীকে রক্ত দিয়ে ফেরার পথে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন” এর সহ সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার দেওরা গ্রামে।

জানা যায়, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যায় ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে মুরাদনগরে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার খাড়েরা এলাকায় আসা মাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় সনাক্ত করে সেখানকার স্থানীরা। এদিকে সহকর্মীর মৃত্যুর সংবাদে সংগঠনের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

অপকর্মের সংবাদ প্রকাশ করায় আক্রোশ থেকে পরিকল্পনা অনুযায়ী সাংবাদিক নাদিমকে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে ইউপি চেয়ারম্যান বাবু জানায়, ব্যক্তিগত আক্রোশ থেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-১৩ এর সহযোগিতায় সাংবাদিক নাদিমকে হত্যার মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনির ও জাকিরকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১৪ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পার্টহাটি এলাকায় কতিপয় সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন এবং একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিক ও পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রাথমিকভাবে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভিকটিম নাদিমের অবস্থার অবনতি হলে ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় এবং ঐ দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান অভিযুক্ত করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয় এবং সাংবাদিক নাদিমের ওপর হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ ছাড়াও, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানায়। র‍্যাব উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় আজ ১৭ জুন র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল স্থানীয় র‍্যাবের সহযোগীতায় পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বগুড়ার দুপচাঁচিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৃত সাহেদুল হকের ছেলে মাহমুদুল আলম বাবু (৫০), তার সহযোগী মফিজল হকের ছেলে মো. মনিরুজ্জামান মনির (মনিরুল), জালাল উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩১), জমি শেখের ছেলে মো. রেজাউল করিম (২৬)কে বকশীগঞ্জ, জামালপুরদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। সাংবাদিক নাদিম সাম্প্রতিক সময়ে বাবুর অপকর্ম নিয়ে অনলাইন পোর্টালে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর বাবু ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নাদিমকে বিভিন্নভাবে হুমকিসহ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন। মামলা খারিজের বিষয়টি নিয়ে ভিকটিম নাদিম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় বাবু আরও ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নাদিমকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৪ জুন রাত আনুমানিক ১০টার দিকে ভিকটিম নাদিম বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু তার সন্ত্রাসীদের নিয়ে নির্জন স্থানে ওঁৎ পেতে থাকে। ভিকটিম নাদিম তার সহকর্মীসহ মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে বাবুর সন্ত্রাসীরা তাকে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে পিছন থেকে দৌড় দিয়ে বাবুর আরও কয়েকজন লোক এসে তাকে মারতে মারতে পাশের একটি অন্ধকার গলিতে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঐ সময় প্রধান অভিযুক্ত বাবু ঘটনাস্থলের নিকটে থেকে পুরো ঘটনার নেতৃত্ব দেন। ভিকটিম নাদিমের সহকর্মী তাকে বাঁচাতে গেলে বাবুর সন্ত্রাসীরা তাকেও মারধর করে। একপর্যায়ে ভিকটিম নাদিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বাবু ও তার সন্ত্রাসী গ্রুপ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী দিন ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিম মৃত্যুবরণ করেন।

গ্রেপ্তারকৃত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্যক্তিগত প্রতিহিংসা ও ভিকটিম নাদিমের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। ঘটনার পর থেকে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে পঞ্চগড়ের দেবীগঞ্জে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব কর্তৃক গ্রেপ্তার হয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে জামালপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত রেজাউল, মনির এবং জাকির মাহমুদুল হাসান বাবুর সন্ত্রাসী গ্রুপের অন্যতম সহযোগী। গ্রেপ্তারকৃত রেজাউল দৌড়ে গিয়ে নিহত নাদিমকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরবর্তীতে ঘটনাস্থলেই বাবুর নির্দেশে তারা নাদিমকে বেদমপ্রহার করতে থাকে। একপর্যায়ে পাশের একটি অন্ধকার গলিতে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে জামালপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপির চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নামল্লেখ করে ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। নিহত সাংবাদিক নাদিম বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ছিলেন।

চৌদ্দগ্রামে দুষ্টুমি করায় মায়ের বকা, অভিমানে শিশুর আ’ত্মহ’ত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুষ্টুমি করার কারণে বকা দেওয়ায় অভিমানে তাশফিয়া (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাশফিয়া ঐ গ্রামের কবির হোসেনের কন্যা এবং একই গ্রামের শাহ ছাহেব মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।

নিহতের মা রুমা বেগম শনিবার দুপুরে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, শনিবার দুপুরে দুষ্টুমি করায় তাশফিয়াকে বকাবকি করা হয়। এ নিয়ে জিদের বশে ঘরের পিলারের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, আত্মহত্যার ঘটনায় লাশটি হাসপাতাল থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

লাকসামে চেয়ারম্যান বাড়ির কবরস্থান থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলার কোটইশা গ্রাম থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাকই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়ালের (আবুল) বাড়ির পূর্ব পাশে পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শ্রমিকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। মেহেদী কোটইশা গ্রামের পুরাতন বাড়ির আবদুল জব্বারের ছেলে।

নিহতের মা ফাতেমা বেগমের অভিযোগের তীর একই গ্রামের বাসিন্দা মালেক মিয়ার ছেলে বাছেদ ও আমিন বাড়ির সিরাজুল ইসলামের ছেলে জিহাদের দিকে।

পুলিশ জানিয়েছে, তিন দিন আগে মেহেদী হাসান মা-বাবার সঙ্গে সকালে নাস্তা খেয়ে তার সহপাঠীদের সঙ্গে বের হন। মেহেদী কৃষিজমি ও বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। এমনকি একই গ্রামের আমিন বাড়ির বাসিন্দা জাহিদ ও বাছেদ মিয়ার সঙ্গে দিনে অথবা রাতে আড্ডা দিতেন এবং মাঝে মধ্যে রাতে তাদের বাড়িতে ঘুমাতেন তিনি। মেহেদীর পাশের বাড়ির আনোয়ারা বেগম বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যান বাড়ির পাশে কবরস্থানে কচুর লতি ওঠাতে গিয়ে এক যবুকের ডান চোখ উঠানো লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এ সময় স্থানীয়রা মেহেদীর অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মর্গে পাঠানো হবে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

নিহত শিশু উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়ার কসাই (গোস্ত দোকানদার) বাবুলের মেয়ে মরিয়ম আক্তার (৬)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মরিয়ম আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরিয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরিয়মকে কোথাও না পেয়ে তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে সন্দেহমূলক খোঁজাখুঁজি করলে তার মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরিয়মের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি জেনেছি। থানায় জানানো হয়েছে।

খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুরে সমাবেশে যাওয়ার পথে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে আসার পথে প্রতিপক্ষের গুলিতে মোবারক হোসেন বাবু (৪৮) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শনিবার (১৭ জুন) বিকেল ৩টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুসা নামে একজনকে আটক করেছে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ ইমরান ব্যাপারী, জহির ও ইমনকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত জহির (৩২) ও বিলকিছকে (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা বাহাদুরপুর থেকে রওয়ানা হই। এসময় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানের কর্মী-সমর্থকরা আমাদের ওপর বর্ষণ শুরু করে। এতে আমার ভাই বাবুসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে বিদেশী মদ ও গাঁজাসহ এমদাদুল হক মিলন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (১৭ জুন) সকালে সদরের কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় ৮৯ বোতল বিদেশী মদ ও আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক কারবারি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির নাম মো.আসিক (১০)। সে হাতিয়া উপজেলার মান্নান নগর আশ্রয়ণ প্রকল্পের আশ্রাফ আলীর ছেলে।

শনিবার (১৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ইউনিয়নের স্টিমার ঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালের দিকে আশিক তার দাদার সাথে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে। এক পর্যায়ে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।