All posts by jitu

চান্দিনায় পুলিশ পরিচয়ে ফের ছিনতাই আটক: ৪

চান্দিনা প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় মাত্র চার দিনের ব্যবধানে আবারও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

এসময় চার ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এর আগে গত ১ ফেব্রুয়ারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাধাইয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকালে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

আটককৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত ইউনুছ এর ছেলে আলী আহাম্মদ (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তল্লাখালী গ্রামের মৃত সাইদুল হক এর ছেলে মাঈন উদ্দিন (২২), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বাবু মিয়া (৩৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দিলপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ফারুক (৪৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া গ্রামের মনির হোসেন এর ছেলে অটোরিক্সা চালক রাকিব (১৭) যাত্রী নিয়ে রবিবার দুপুরে চান্দিনার বদরপুর বাজারের ইউনিয়ন অফিসের সামনে আসলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৩জন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার কাগজপত্র আছে কিনা জানতে চায়। ওই চালক অটোরিক্সার কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ পরিচয়ধারীরা অটোরিক্সাটি থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় যাত্রীদের সন্দেহ হলে তারা এলাকার লোকজন নিয়ে ধাওয়া করে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত বলে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

চৌদ্দগ্রামে কালর্ভাট ভেঙ্গে দিল পৌর কর্তৃপক্ষ

চৌদ্দগ্রাম সংবাদদাতা:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকায় নিম্মমানের কাজ করায় কালভার্টটি ভেঙ্গে দিল পৌর কর্তৃপক্ষ। রোববার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে মিতল্লা খালের উপর নির্মাণাধীন কালভার্টটি পৌর মেয়র জি এম মীর হোসেন এর নিদের্শে ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনার পর থেকে পলাতক ঠিকাদার ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: শাহীন জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডের মিতল্লা খালের উপর পৌরসভার “০৭ প্রকল্পের” আওতায় সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের জন্য গত ২০২১ সালের ২৫ মার্চ দরপত্র আহবান করা হয়। একই বছরের ২১ জুলাই আরিফা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। তারপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। গত শুক্র ও শনিবার অফিস বন্ধের দিনে আমাদেরকে অবহিত না করে কালর্ভাটের তলায় ও দুই পাশে ঢালাই করে ফেলে।

রোববার অফিসে এসে জানাতে পারলাম ওই কালভার্টটি ঢালাই দেওয়া হয়েছে। বিষয়টি মেয়র অবহিত করলে তিনি আমাদেরকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দরপত্রের চুক্তি অনুযায়ী কালভাটটির কাজ করা হয়নি। কেন অফিসকে না জানিয়ে বন্ধের দিন কালভাটের কাজ করা হলো বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হলে তারা কোন সদ উত্তোর না দিয়ে সটকে পড়েন। এসময় মেয়রের নির্দেশে ও প্যানেল মেয়রের সাইফুল ইসলাম পাটোয়ারীর উপস্থিতিতে কালর্ভাটটি ভেঙ্গে ফেলা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজের মালিক আখলাকুর রহমান জানান, আমার লাইসেন্সের নামের কাজটি চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মিজানুর রহমানের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ বিষয়ে মিজানুর রহমান ভালো বলতে পারবেন।

কাউন্সিলর মিজানুর রহমান বলেন, চারটি কালর্ভাটের মধ্যে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজকে দিয়ে দিয়েছি। আর এই কালর্ভাটটি রশিদ মেম্বারকে কন্ট্রাক দিয়েছি। আমি রশিদ মেম্বারকে বলেছি এর আগে পৌরসভার ০৪নং ওয়ার্ডে আমার একটি কাজ খারাপ হয়েছে এনিয়ে অনেক ঝামেলা হয়েছে। তাই আপনি এই কাজটি সুন্দর করে করবেন। কালর্ভাটটির বেইচ ঠিকমতো করা হয়েছে, কিন্তু ওয়ালটি হাতে ঢালাই দেওয়ার কারণে পাথর মিক্স হয়নি। ভাই লেখালেখি করলে আমার মানসম্মান নষ্ট হবে।

পৌর মেয়র জি এম মীর হোসেন বলেন, ঘটনাটি নির্বাহী প্রকৌশলী আমাকে অবহিত করলে তাৎক্ষণিক কালর্ভাটটি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছি।

 

ঢাকা মেডিকেলে আগুন : কুমিল্লার এক রোগীর মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ রবিবার বিকাল ৩টার দিকে হাসপাতালে নতুন ভবনের কিডনী ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখে এ অগ্নিকাণ্ড হয়। তখন হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জানা গেছে, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাতে নিউমোনিয়াজনিত রোগে বাবাকে ঢামেক হাসপাতলের নতুন ভবনে ভর্তি করা হয়। আজ অগ্নিকাণ্ডের সময় বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন বোনজামাই রাকিব। তখন বাবা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

একুশের বইমেলায় পাওয়া যাবে শিব্বীর আহমেদ’র ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’

স্টাফ রিপোর্টার:

অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৫ম কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ পাওয়া যাচ্ছে। বইমেলার দ্বিতীয় দিন বইটি মেলায় এনেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। কাব্যগ্রন্থটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়ন ২৮ এ পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি অনন্যা বাংলাবাজার, রকমারি.কম এর পাওয়া যাচ্ছে। বইটির মুল্য ২শত টাকা এবং বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

কাব্যগ্রন্থ ‘রূপালী জোঝনার জল’ শিব্বীর আহমেদ’র ২৯তম বই এবং ৫ম কাব্যগ্রন্থ। এর আগে শিব্বীর আহমেদ’র প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো ‘তোমার লাল টুকটুক, আগুনমুখী, নিরব নদীর কান্না, ও মায়া’। কাব্যগ্রন্থগুলো শিব্বীর আহমেদ’র ছদ্মনাম ‘অরপি আহামেদ’ নামে প্রকাশিত হয়েছে।

এছাড়াও অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র প্রবন্ধের বই ‘নির্বাচিত কলাম’ এনেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয়। জনপ্রিয় শিশুসাহিত্যিক হুমায়ন কবীর ঢালীর সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। বইটির মূল্য ৩শত টাকা। এটি শিব্বীর আহমেদ’র ৩০তম বই। দেশের ও প্রবাসের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক ও সমাজ-সচেতন বিষয়াদি নিয়ে প্রকাশিত লেখা হতে বাছাইকৃত কলাম নিয়েই ‘নির্বাচিত কলাম’ বইটি সাজানো হয়েছে। বইটি অন্বয় প্রকাশের স্টল ৫৮৯-৫৯০ এ পাওয়া যাচ্ছে। বইটি লেখকের ৩০তম বই। এছাড়াও বইটি অন্বয় বাংলাবাজার, রকমারি.কম সহ অনলাইনে পাওয়া যাচ্ছে।

 মো. সুমন মিয়ার কাব্যগ্রন্থ ‘মনের দেয়ালে আঁকা’

স্টাফ রিপোর্টার:

অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে তরুণ লেখক ও কবি মো. সুমন মিয়ার ২য় কাব্যগ্রন্থ ‘মনের দেয়ালে আঁকা’ একটি ব্যতিক্রমধর্মী কবিতার বই। বইটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কারুধারা। প্রচ্ছদ প্রকাশ হওয়ার পরই পাঠকদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বইটি বর্তমানে প্রি-অর্ডার চলছে। বইটির মূল্য- ২০০৳।

এবারের বইমেলা তার লেখা দু’টি বই প্রকাশিত হবে। তার মধ্যে রয়েছে কিশোর উপন্যাস ‘ভার্সিটি চান্স’ এবং কাব্যগ্রন্থ ‘মনের দেয়ালে আঁকা’। দু’টি বই নিয়েই বেশ আশাবাদী লেখক। তিনি মনে করেন ‘মনের দেয়ালে আঁকা’ কাব্যগ্রন্থটি পড়ে পাঠক কাব্যিক আবেশে ডুবে থাকবেন। ধর্মীয় অনুভুতি, হৃদয়াবেগ, অনুরাগ, মান-অভিমান, সামাজিক, রাজনৈতিক, পরিবেশ বন্দনা, নানাবিধ অসঙ্গতির প্রতিবাদ, জীবন রহস্য ও মানবিক চিন্তা চেতনার সমন্বয় করে মোট ৫২ টি কবিতা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে কাব্যগ্রন্থটি। বইমেলার আগে ‘মনের দেয়ালে আঁকা’ বইটির প্রি অর্ডার চলছে।

বইটি সম্পর্কে লেখক মো. সুমন মিয়া বলেন, ‘মনের দেয়ালে আঁকা’ আমার ২য় কাব্যগ্রন্থ । কাব্যগ্রন্থটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার প্রথম কাব্যগন্থ্য ‘গহীনে শব্দ’ প্রকাশিত হয়েছিল বইমেলা ২২এ। ‘গহীনে শব্দ’ নিয়ে পাঠকদের আগ্রহ ও যথাযথ মুল্যায়ন আমাকে অনুপ্রেরণা দিয়েছে। পাঠকদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করে। বইটির এখন প্রি-অর্ডার চলছে।

উল্লেখ্যঃ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বেড়ে উঠা তরুণ লেখক ও কবি মো. সুমন মিয়া পেশায় একজন চাকুরীজীবি। চাকুরীর পাশাপাশি লেখালেখি করেই তিনি মনের প্রশান্তি অনুভব করেন। মো. সুমন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রসাশন বিভাগ থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার উপর উচ্চতর ডিগ্রীসহ এমবিএ ও ইংরেজী সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি জনপ্রিয় বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ এ তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কবিতা: মন খারাপ যায় চলে

লেখক: রেজাউল করিম(সাকিব)

কোলাহল মুক্ত পরিবেশে
জীবনের সব খারাপ লাগা
কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে
চারদিকের সাজ আপনাকে ভালোলাগাবে
কোনো এক মন খারাপের রাতে বা দিনে
সবুজ পাতা, বাতাস, আলো, ফুল
আকাশে সাদা কিংবা কালো মেঘ

উড়ন্ত পাখির কলতানে
চারদিক যেন ব্যস্ত ভালোলাগাতে
মন খারাপটা যায় চলে

রাত হলে
চাঁদের আলোয় আকাশে তারার মেলা
কালো গাছের পাতা
কোনো শব্দ না করে উড়ে জোনাক পোকা
সেই শব্দহীন হলুদ আলো
হৃদয় ভালোলাগায় নিরবে
হারিয়ে যায় ছোট খাটো দুঃখ
গায়ে লাগে চাঁদের আলো।

লালমাই পাহাড়ে জাপান বাংলাদেশের মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলে নবীণ বরণ

মনির হোসেন:
কুমিল্লা লালমাই পাহাড়ে ‘মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলে’ নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলে লেন ডোনার কুমিল্লার বিশিষ্ট্য ব্যবসায়ী তারিক-উল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলের চেয়ারম্যান ও ব্যবস্থাপক জাপানের নাগরিক, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক তোশিকো অনিশি।

অনুষ্ঠানে প্রীতিভোজের শেষে ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলের চেয়ারম্যান ও ব্যবস্থাপক জাপানের নাগরিক, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক তোশিকো অনিশি ও তারিক উল ইসলাম মজুমদার,এরিসান,আসাদা সান, সাংবাদিক ইয়ামানা নাসা,কুমি সান,ইয়োরিকা প্রমুখ।

জানা যায়, ২০১৬ সালে লালমাই পাহাড়ারে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে জাপান এবং বাংলাদেশ যৌথভাবে সর্ম্পূণ বিনা খরচে গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার জন্য বিশিষ্ট্য ব্যবসায়ী তারিক-উল ইসলাম মজুমদার ৪০শতক জায়গায় দেন।

তারিক-উল ইসলাম মজুমদার বলেন, ‘মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুল’ ৮ম বর্ষে পর্দাপণ করতে যাচ্ছে। জাপানিদের সহযোগীতায় কুমিল্লার লালমাই পাহাড়ে মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুলটি করতে পেরেছি । স্কুলে এলাকার তৃণমূল দরিদ্র শিশুরা লেখাপড়া করছে। তিনি বলেন, স্কুলটি দেখলে মনে হবে লালমাই পাহাড়ের মধ্যে যেন এক টুকরো জাপান। ৪৫ জন জাপানি নাগরিক ‘ওয়ান ড্রপ’ নামে একটি সংগঠন চালাচ্ছেন। তিনি বলেন, জাপানীরা বছরে দুই বার এসে স্কুলটি পরিদর্শন করে যায়। এই জায়গায় আরো একটি ভোকেশনাল স্কুল করার পরিকল্পনা আছে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষা হচ্ছে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এজন্য আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যেনতেনভাবে শিক্ষা বিস্তার করা হলেই জাতি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। এজন্য অবশ্যই মানসম্পন্ন শিক্ষার দরকার। আগামীতে আমরা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পরবো, এতে কোনো সন্দেহ নেই। আমাদের শিক্ষা খাতে বিনিয়োগ আরো বাড়াতে হবে। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

স্কুলের চেয়ারম্যান ও ব্যবস্থাপক তোশিকো অনিশি বলেন, ৪৫ জন জাপানি নাগরিক ‘ওয়ান ড্রপ’ নামে একটি সংগঠন চালাচ্ছেন। এই সদস্যদের বাইরে বন্ধুবান্ধবরাও বিভিন্ন সহযোগিতায় এগিয়ে আসেন। ওয়ান ড্রপের সহায়তায় স্কুলটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। স্কুল তৈরিতে ওয়ান ড্রপ ৬০ শতাংশ অনুদান দেয়। স্কুলের পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক খরচ দিচ্ছেন তারিক-উল ইসলাম মজুমদার ।

চৌদ্দগ্রাম পৌর ও চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অবৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর শাখা ও চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে  কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগকে নির্দেশ দেয়া হয়েছে ।

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী হওয়ায় এ কমিটিগুলো অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে,  চলতি বছরের ৩১ জানুয়ারি মো: জোবায়ের হোসেন শুভকে সভাপতি ও মো: জামসেদ হোসেন নয়নকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট পৌর শাখা কমিটি এবং কাজী শামিম ফিরোজকে সভাপতি ও মো: রিয়াদ পাটোয়ারিকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাউছার হানিফ।

 

মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

 

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আজ রোববার মারা গেছে। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।

অশোকতলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের অশোকতলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। উক্ত অভিযানে ৫ লক্ষ ৩৭ হাজার ১০০ পিস ভারতীয় আতশজবাজি, ১৭ হাজার পিস ভারতীয় মেহেদী, ১৮ হাজার পিস ভারতীয় চকলেট, ১ হাজার ২৮০ পিস ভারতীয় তেল, সাড়ে ৩ হাজার পিস ভারতীয় পাউডার, ৭২০ পিস ওডওয়ার্ডস গ্রিপ ওয়াটার উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৪ ফেব্রুয়ারী রাতে অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া চোরাকারবারিরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়া’র ছেলে মোঃ সোহেল (২৮); চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আরমান (২৭), সদরের শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের লিটন মিয়া’র ছেলে মোঃ রনি হোসেন (২৬), একই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত. হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।