All posts by jitu

আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই : হিরো আলম

 

বিনোদন ডেস্কঃ

সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম নানা সময় নানাভাবে হাজির হয়ে নেটিজেনদের চমক দিয়ে থাকেন। কখনো অভিনয় করে, কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে ভাইরাল হন তিনি। তার এখন কর্মকাণ্ড নিয়ে অনেকে হাসি-ঠাট্টাও করেন।

হিরো আলম এবার জানালেন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান তিনি।

সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন এই বাংলাদেশি অভিনেতা। বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের এই ইউটিউব তারকাকে দেখতে হাজারো মানুষ ভিড় করে। ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত হন আলম।

অনুষ্ঠানে হিরো আলম জানান, তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন।

হিরো আলমের কথায়, ‘দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।’

হিরো আলমের এমন মন্তব্য শোতে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। এমনকি সেখানে উপস্থিত ভারতীয় গণমাধ্যমকর্মীরাও অবাক বনে যান।

ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, নিহতের সংখ্যা বেড়ে ২৫২

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ায় আজ সোমবার আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৩৭৭ জন। দেশটির আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল এই তথ্য জানান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রিক্টার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটির আঘাতের কেন্দ্র ছিল দেশটির প্রধান দ্বীপ জাভায় পশ্চিমাঞ্চলীয় শহর চিয়ানজুর। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ বলছে, সোমবারের ঐ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিয়ানজুরের ১০ কিমি ভূগর্ভে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মানুষকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এছাড়া অনেককে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে কর্মকর্তারা সাবধান করেছেন মূল ভূমিকম্পের পর ছোট ছোট একাধিক ভূকম্পন হতে পারে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির যে অঞ্চলে ভূমিকম্প আঘাত করেছে সেখানে জনবসতি বেশ ঘন এবং এলাকাগুলো ভূমিধ্বস-প্রবণ। উদ্ধারকারীরা ধংসস্তুপের ভেতর থেকে বেঁচে যাওয়া লোকজন খুঁজছেন। স্থানীয় বিভিন্ন খবরে বলা হয়েছে, সেসময় একজন নারী ও তার শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।

চিয়ানজুরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হারমান সুহারমান সাংবাদিকদের বলেছেন, অনেক জায়গা থেকে নতুন নতুন মরদেহ এবং আহত মানুষজন নিয়ে আসা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি তাকে উদ্ধৃত করে জানিয়েছে, দুর্গত গ্রামগুলো থেকে আহত-নিহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে আসছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বিধ্বস্ত বহু বাড়িঘর এবং দোকানপাট দেখা গেছে। বিধ্বস্ত ভবনগুলোর মধ্যে একটি হাসপাতাল এবং একটি আবাসিক মাদ্রাসাও রয়েছে।

রাজধানী জাকার্তায় প্রায় এক মিনিট ধরে ভূকম্পন অনুভূত হয়েছে। সেসময় বিভিন্ন অফিস ভবন থেকে লোকজন ভয়ে রাস্তায় বেরিয়ে আসে। ইন্দোনেশিয়া এমনিতেই একটি ভূমিকম্প-প্রবণ দেশ। ২০১৮ সালেও ভয়াবহ এক ভূমিকম্পে সুলায়েসি দ্বীপে দুই হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।

কুমেক হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

এর আগে তিনি কুমিল্লা সরকারি মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডাঃ মোঃ আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি চট্রগ্রামের সিভিল ও স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।

ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার গিলাতলী গ্রামের মোঃ আনোয়ারুল আজীম সিদ্দিকী ও কাজী খাদিজা বেগমের সন্তান।

তিনি বলেন, বাকী জীবন গ্রামের বাড়ি থেকে মানুষের সেবা করব। সিভিল সার্জন, লাইন ডাইরেক্টর, প্রজেক্ট ডাইরেক্টর, অধ্যক্ষ এর পর পরিচালক। নিজ গ্রামে থেকে মায়ের কবরের পাশে বাবার স্নেহ নিয়ে আত্বী-স্বজনদের ভালোবাসায় জীবন কাটাতে চান তিনি।

তিতাসে ব্রাজিলের ৪০০ হাত পতাকার বিপরীতে আর্জেন্টিনার ৬০০ হাত পতাকার শোভাযাত্রা

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

সুদূর কাতারে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর থেকে গ্রামে। প্রতিযোগিতায় নেমেছে প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা ও ব্যানার নিয়ে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা তিতাস উপজেলার শাহপুর গ্রামে আর্জেন্টিনার ৬০০ হাত দীর্ঘ পতাকা ও ৭০ ফুট ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। শোভাযাত্রাটি শাহপুর বড় ঘাট এলাকা থেকে বের হয়ে শিবপুর টু লালপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহপুর বড় ঘাট এলাকায় এসে শেষ।

জানা যায়, শাহপুর গ্রামের আর্জেন্টিনার সমর্থক রিপন সরকার, মতিন মাস্টার, জসিম মেম্বার, শাহজালাল, হৃদয়, আল-মমিন, আলেক মোল্লা, মামুন, নাঈম ও সাগরসহ স্থানীয় অসংখ্য সমর্থকেরা দলটিকে ভালোবেসে ৬০০ হাত লম্বা এ পতাকাটি তৈরি করেছেন। এর আগে গত রবিবার একই গ্রামের ব্রাজিল সমর্থকেরা ৪০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছিলেন।

আর্জেন্টিনার সমর্থক রিপন সরকার বলেন, আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি আমার প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছি। ইনশাআল্লাহ এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

সমর্থক আলেক বলেন, কাতার বিশ্বকাপে প্রিয় দলকে স্বাগত জানাতে আমাদের এই উদ্যোগ। এবং এই ৬০০ হাত দীর্ঘ পতাকাটি আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।

নোয়াখালীতে ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা  

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার জেলা কার্যালয়।

ভুয়া চিকিৎসকের নাম রতন সূত্রধর (৩৪) সে উপজেলার কানকিরহাট বাজার এলাকার রসরাজ সূত্রধরের ছেলে ।

নোয়াখালী ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসক রতন সূত্রধরের চেম্বারে অভিযান চালানো হয়। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে ভিজিট নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার নামে ঠকিয়ে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

সোমবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২৯) বি-বাড়িয়া জেলার কসবার বড়মোড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেনসহ একদল পুলিশের বিশেষ অভিযান চলাকালে সীমান্ত এলাকা কসবা/মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা থানা এলাকা দিয়ে যাচ্ছে এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশ জানঘর কবরস্থান এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নীল ও হলুদ রংয়ের একটি পিকআপ গাড়ি তাদের চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ তল্লাশী করে ড্রাইভারের সিটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

২৭ নভেম্বর নিকার সভা: ৬ জেলা নিয়ে ‘মেঘনা’ নামে বিভাগ হচ্ছে

স্টাফ রিপোর্টার:

বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ  এবং  বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার। দেশের দুই প্রধান নদীর নামে নতুন দুই বিভাগের এমন নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী ২৭ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। ওইদিন বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২ জুন নিকার বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। ওই মিটিংয়ের আলোচ্যসূচিতেও ছিল দুই বিভাগ গঠনের প্রস্তাব। পরে সেই মিটিং স্থগিত হয়।

কিন্তু এরই মধ্যে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।

নিকার নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা করে থাকে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১১ জন মন্ত্রী/প্রতিমন্ত্রী। এছাড়া রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা।

নতুন আরও দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর আগের সব বিভাগের নাম স্থানীয় শহরের নামে হলেও এবার প্রথমবারের মতো দুই নদীর নামে দুটি বিভাগ হতে যাচ্ছে।

গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। গত বছরের ২১ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভাগের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। দুটি নদীর নামে দুটি বিভাগ বানাব। একটা পদ্মা অন্যটা মেঘনা।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানান, কুমিল্লা নামে বিভাগ দেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী এর বিরোধিতা করেন। বলেন, ‘কু’ নাম দেব না। কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

পদ্মা বিভাগের পাঁচ জেলার মধ্যে রয়েছে ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর। অন্যদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর রয়েছে মেঘনা বিভাগে।

ভারতকে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী মনে করে বাংলাদেশ: ড. মোমেন

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কে ভার্মার সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় প্রণয় কে ভার্মার সফল মেয়াদ কামনা করেন ড. মোমেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ভারতকে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে বাংলাদেশ। তিনি এই সম্পর্ককে ‘দৃঢ় ও অনন্য’ বলে অভিহিত করেন।

ড. মোমেন উল্লেখ করেন, উভয় দেশ ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বন্ধনের মাধ্যমে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গত ৫০ বছরে উভয় দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জনগণ ও ভারত সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অনুকরণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরেন ড. মোমেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিভিন্নভাবে ভারতের অর্থনৈতিক উন্নয়নের পরিপূরক। বাংলাদেশ একটি ‘আঞ্চলিক সংযোগ কেন্দ্র’ হিসাবে অবস্থান করছে এবং ভারতের নিকটতম প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কল্পনা অনুসারে সংযোগের দৃষ্টিভঙ্গির সুবিধা পেতে পারে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে ড. মোমেন এই অঞ্চলের দেশগুলির মধ্যে আন্তর্জাতিক নিয়ম ও নিয়ম ভিত্তিক অবাধ ও ন্যায্য সংযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সন্ত্রাসবাদ, মৌলবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির পদক্ষেপের ফল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে। তিনি সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার উষ্ণ অভ্যর্থনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

হাইকমিশনার বলেন, তিনি বাংলাদেশের যেখানেই যান না কেন তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে। বাংলাদেশে কাজ করা একটি সম্মান ও সুবিধার বিষয়। দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করতে পারস্পরিক স্বার্থের বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি আরও যোগ করেন, জি-২০ এর বিশ্বব্যাপী আলোচনায় পারস্পরিক স্বার্থের বিষয়গুলিকে উন্নীত করতে এই বৈঠকে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আশা করে ভারত। হাইকমিশনার প্রতিটি দেশের প্রার্থীদের সমর্থনে বহুপাক্ষিক অঙ্গনে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী-হাইকমিশনার বহু পুরনো সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন।

ড. মোমেন বলেন, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। মানবিক কারণে তাদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। কিন্তু বিষয়টি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ও বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতের সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী।

জবাবে হাইকমিশনার জানান, ভারতও এই সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান পেতে আগ্রহী। মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাস কেড়ে নিল স্কুল শিক্ষিকার প্রাণ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসের আঘাতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বটতলী এলাকায় পূর্বমূখী একটি যাত্রীবাহী সিএনজি কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদ বাসটির আঘাতে ধুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী শিক্ষিকা নাজমা আক্তারের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত নাজমা আক্তার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী। তার বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহাতলী গ্রামে। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নাজমা আক্তার জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। তিনি চাঁদপুর পৌর শহরের ১৫নং ওয়ার্ড বিষ্ণুদী এলাকায় থাকতেন।

খবর শুনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ হাসপাতালে যান। সেই সাথে থানায় এজহার করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ঘাতক বোগদাদ বাস আটকের নির্দেশ দেন।

শিক্ষিকা নাজমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।