All posts by jitu

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমার এক মাসের মাথায় আবারও বাড়াতে চান ব্যবসায়ীরা। এবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন তারা।

বুধবার (২ নভেম্বর) প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো হয় এই প্রস্তাব।

দাম বাড়ানোর প্রস্তাবের চিঠিতে সংগঠনটি বলছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। এছাড়া ডলারের বিপরীতে অস্বাভাবিক অবমূল্যায়ন হয়েছে টাকার। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি নিয়ে সুপারিশসহ প্রতিবেদন দিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। এই বিষয়টি পরীক্ষা করে জরুরিভিত্তিতে সুপারিশসহ প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হলো।

এদিকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সয়াবিন তেলের বিষয়টি ট্যারিফ কমিশন ঠিক করবে। আমি এক্ষণই বলেছি, খুব শিগগির বসে পুরো জিনিসটা স্টাডি করে তারা নির্ধারণ করবে।

এর আগে ৩ অক্টোবর বোতলজাত তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলে ১৭ টাকা কমিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই দামেই এখন বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

চাঁদপুরে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পচা গন্ধ পেয়ে বৃহস্পতিবার বিকালে বলাখাল মাদ্রাসার পাশের ঝোপের ভিতরে মরদেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মাদ্রাসার পাশে পচা গন্ধ পেয়ে ঝোপঝাড়ের ভিতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন ধরে মরদেহটি এখানে পড়ে ছিল।

নোয়াখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা: বাসযাত্রী নিহত

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে মো.আলাউদ্দিন (১৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চৌরাস্তার এটিআই অফিসের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলাউদ্দিন (১৮) জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো.মোস্তফার ছেলে।

তিনি আরো বলেন, আজ বিকেলে মাইজদী থেকে একটি জননী বাস ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি চৌরাস্তায় এটিআই অফিসের সামনে পৗঁছলে একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে পড়ে যায়। পরে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩জন।

কুমিল্লা নগরীতে ইজিবাইক চালক নিখোঁজ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকার গদার মার কলোনীর ছিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক হাছান মিয়া (২৫) ৩১ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। দুপুরে ভাত খেয়ে  ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরে আসেনি।

নিখোঁজ হাছানের স্ত্রী স্বর্ণা আক্তার (২০) কোতয়ালী থানায় ১ নভেম্বর একটি সাধারণ ডায়রি করেছেন।

তার সাথে থাকা মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

কক্সবাজারে হাঁটু পানিতে পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা কুমিল্লার মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টের সৈকতের হাঁটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এই শিক্ষার্থী।

এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন।

মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে ২ জন কক্সবাজার আসেন গত বুধবার। তারা ২ জন কলাতলীর সি-সান হোটেলে অবস্থান নিয়ে ছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাঁটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে আনা ব্যক্তি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই এ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিম আহমেদের মনোনয়ন সংগ্রহ

 

সালাহ উদ্দিন সোহেলঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম আহমেদ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মুহাম্মদ রায়হান আরেফিন থেকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

এসময় উপস্হিত ছিলেন বারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম, সহ সভাপতি আবদুল ওহাব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ।

এর আগে ১ নভেম্বর চেয়ারম্যান প্রার্থী সেলিম আহমেদ ঢাকা ধানমন্ডি আওয়ামীলীগ কার্যালয় থেকে দলীয় সমর্থনকৃত মনোনয়ন গ্রহণ করেন।

নির্বাচিত হয়ে ভোটারদের কাছ থেকে ফেরত নিলেন ভোট কেনার টাকা

 

ডেস্ক রিপোর্টঃ

রংপুর জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মোটা অংকের টাকা দিয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন এক প্রার্থী। ভোটে জিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে।

এ অভিযোগ রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য কাউনিয়া উপজেলা ২ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী আলতাব হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদে এমন অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদ সদস্যরা।

ভোট কেনার টাকা ফেরত চেয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলতাব হোসেনকে নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

টেপামধুপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, ভোটের আগের রাত সাড়ে ৩টার দিকে আলতাব হোসেন আমার বাড়ি আসেন। এরপর তাকে ভোট দেওয়ার জন্য চেয়ারম্যানকে ১ লাখ এবং পুরুষ ও নারী সদস্যদের ৫০ হাজার করে টাকা দেন। নির্বাচনের পরদিন চেয়ারম্যানসহ সকলের কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা ফেরত নিয়েছেন তিনি।

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য আবুল কাশেম বলেন, আলতাব ভোটে জেতার পর ফোনে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং সবাইকে টাকা ফেরত দিতে বলে। পরে ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা সবাই তাকে টাকা ফেরত দিয়েছি।

ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ভোট কেনার জন্য ৫০ হাজার টাকাসহ মিষ্টি, শাড়ি ও পাঞ্জাবির টাকাও ফেরত দিয়েছি আমরা।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আলতাবের কাছ থেকে ভোটের জন্য আমরা কেউ টাকা চাইনি। আলতাব নিজেই ইউনুস আলী মেম্বারের বাড়িতে আমাদেরকে ডেকে নিয়ে জোড় করে ভোট দেওয়ার জন্য ৫০ হাজার করে টাকা দিয়েছিল। ভোটে জেতার পরও আমরা নাকি তাকে ভোট দেই নাই এমন অভিযোগ তুলে আমাদের কাছ থেকে টাকা ও শাড়ি-পাঞ্জাবি ফেরত চান। আমাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে টাকা ফেরত নিয়েছে।

টেপামধুপুর ইউনিয়ন পরিষদে নারী সদস্য রুহি বেগম বলেন, শুধু নগদ টাকাই নয়, ভোটের আগে দেওয়া মিষ্টি, বাড়ির বাচ্চাদের জন্য দেওয়া উপহার সামগ্রী এবং পাঞ্জাবি-শাড়িও ফেরত নিয়েছেন আলতাব।

রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য আলতাব হোসেন বলেন, আমি নির্বাচন করেছি। দিনে-রাতে জনপ্রতিনিধি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। তারা আমাকে সম্মানিত করেছে। আমি কাউকে টাকা দেইনি, কারও কাছে টাকা ফেরতও চাইনি। যারা টাকা ফেরতের প্রসঙ্গে কথা বলছে।

তবে তার টাকা ফেরৎ ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে বললে তিনি বিষটি এড়িয়ে যান।

গত ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউনিয়া উপজেলা ২ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন আলতাব হোসেন, গোলাম সারোয়ার বাবু ও মিজানুর রহমান মিজান । নির্বাচনে ৫২ ভোট পেয়ে আলতাব হোসেন সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী গোলাম সারোয়ার ৪০ ভোট ও মিজানুর রহমান মিজান ১ ভোট পান।

রংপুর জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া কাউনিয়া উপজেলার ২নং ওয়ার্ডে ৪০ ভোট পেয়ে পরাজিত সদস্য প্রার্থী গোলাম সারোয়ার বাবু বলেছেন, আলতাব তার অপকর্ম ঢাকার জন্য একটি কুচক্রী মহলসহ পরাজিত সদস্যদের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি।

ইমরান খান গুলিবিদ্ধ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার চলমান লংমার্চের গুজরানওয়ালার র‌্যালিতে গুলিবিদ্ধ হন ইমরান। খবর, ডন, জিও নিউজ, আল-জাজিরা।

পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেছেন, ‘ইমরান খান তিন থেকে চার বার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তা তার পায়ে গুলি লেগেছে।’ তিনি বলেন, ‘হামলার সময় তিনি ইমরান খানের পাশেই ছিল।’ হামলায় ফয়সাল আহমেদও আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে ইমরান খানের আহতের বিষয়টি গুরতর নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, গুলিতে অন্তত চার থেকে পাঁচজন পিটিআই নেতা আহত হয়েছেন।

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে মো.মুত্তাকিন নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মুত্তাকিন একই গ্রামের মিয়াজন মাঝি মাড়ির মো.আনোয়ার হোসেন মাসুদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু জানান, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় একই পরিবারের ৩ দৃষ্টি প্রতিবন্ধী কন্যাকে নিয়ে বিপাকে বিধবা মা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর শাহাপাড়া এলাকার মৃত মো: দুদু মিয়ার ৩ প্রতিবন্ধী কন্যাকে নিয়ে বিপাকে পড়েছেন অসহায় মা মমতাজ বেগম (৬০)। এই পরিবারের ৪ কন্যা সন্তানের মধ্যে তিন সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণের পর থেকেই তাদের ভরণ-পোষণ নিয়ে কষ্ট করছে পরিবারটি। অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করে। শারীরিক প্রতিবন্ধীর পাশাপাশি তারা অন্ধ ও বাক-প্রতিবন্ধীও। প্রতিবন্ধী এই তিন সন্তান নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করলেও সরকারি কোনো সাহায্য-সহযোগিতা যে পরিমাণ পায় তা দিয়ে চিকিৎসা সেবাই হয় না সংসার চলা দায় হয়ে দাঁড়িয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই বাবা মারা যাওয়ার এখন প্রায় পথবসা অবস্থা হয়েছে পরিবারটি।

প্রতিবন্ধী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর শাহাপাড়ার মৃত মো: দুদু মিয়া মিয়ার কন্যা আজমিরী বেগম (৪৫), রেখা বেগম (৩৩), হাসি বেগম (৩৫)সহ তিন জনের মধ্যে দুইজন দৃষ্টি প্রতিবন্ধী, একজন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। এর মধ্যে আজমিরী বেগমের দৃষ্টি প্রতিবন্ধী, তার নিবন্ধন নং পৌ/২২৭/২০১১, এবং রেখা আক্তারও দৃষ্টি প্রতিবন্ধী তার নিবন্ধন নং- পৌর/২২৬/২০১১ এবং হাসি বেগমের কোন প্রতিবন্ধী কার্ড নেই। প্রতিবন্ধীদের পিতা দুদু মিয়া মৃত্যুর পর ওই পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। এরই মধ্যে তাদের একমাত্র সহায় সম্বল বাড়িটি প্রায় জরাজীর্ণ হয়ে পড়েছে। বাড়িটি সংস্কার করা জরুরী। অন্যতায় যে কোন মুহুর্তে বাড়িটি ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে।

অসহায় প্রতিবন্ধীদের মা মমতাজ বেগম বলেন, জন্ম পর থেকে আমার ৪ কন্যা সন্তানের মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। সরকার থেকে যে পরিমাণ ভাতা পাই তা নিয়ে তাদের ওষুধ ও খাওনের জোগান ঠিকমত দিতে পারি না। আমার ছোট মেয়ে নাজমা বেগম সেলাই কাজ করে আমাদের সংসারটা কোন রকম টিকিয়ে রেখেছে।

তিনি আরও বলেন- “আমার নিজের টিনসেট বাড়িটি ৪শতক। টিনসেট বাড়িটি যে কোন মুহুর্তে ভেঙ্গে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার জরাজীর্ণ বাড়িটি সংস্কার করা দরকার, ঝড় বৃষ্টিতে বাড়িতে থাকা যায় না। নির্মাণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রী, সদরের এমপি, জেলা প্রশাসক, সিটির সকল কাউন্সিলরসহ সকল (জনগণ) বিত্তবানদের নিকট আমার আকুল আবেদন আমাকে একটু সাহায্য সহযোগিতা করলে আমার জরাজীর্ণ বাড়িটি সংস্কার করে আমার ৪ কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতে পারব। আমার বিকাশ নাম্বার-০১৯৪১২৯৩৪৯২।