All posts by jitu

র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩০ কেজি গাঁজা

স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্র জানায়, ২৬ জানুয়ারি দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সোহাগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাতে র‌্যাব-১১ সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. সোহাগ কুমিল্লার বুড়িচং থানার দুবাইচর গ্রামের মো. রফিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা সংশয়ের কারণে আমরা ভারতে ক্রিকেট বর্জন করেছি: শাহরাস্তিতে আসিফ আকবর

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, ভারত যদি একজন মুস্তাফিজের মত সিঙ্গেল খেলোয়ারকে নিরাপত্তা দিতে অপারগ থাকে, তাহলে সেখানে সাংবাদিক, খেলোয়াড়, অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারী সহ দর্শকদেরকে তারা কিভাবে নিরাপত্তা দিবে। তাই নিরাপত্তা সংশয়ের কারণে আমরা ক্রিকেটটা বর্জন করেছি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-৩ এর সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শাহরাস্তি প্রিমিয়ার লিগের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু যে কাজটি করেছে আমি মনে করি এসব ক্রিকেটার একজন রবিনহুড। আমি সাদ্দাম হোসেন মিঠুকে সেন্ট্রালি চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য। বিসিবির পক্ষে সে বিশাল কিছু করতে পারবে। তার এই সাংগঠনিক দক্ষতা আমাদের ক্রিকেট বোর্ডের লাগবে। আজকের এই সুন্দর সুশৃংখল আয়োজনের জন্য সে প্রশংসার দাবিদার।

আসিফ আকবর বলেন, আমরা আমাদের দেশের সম্মানের পাশাপাশি আমরা চাইবো খেলোয়ার, সাংবাদিক, দর্শক ও কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের সরকার ও ভারতের সরকার কিছু বলবে। আইসিসি, বিসিবি, বিসিসিআই কোন রাষ্ট্র নয়, এটি একটি শাসিত সংস্থা। তারা ক্রিকেট পরিচালনা পর্ষদ। বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে আমরা গভর্ণমেন্টকে জানিয়েছি, পরবর্তী ব্যবস্থা গভর্ণমেন্ট নিয়েছে। আমরা মনে করি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে না যাওয়ার বিষয়টি সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। সুতরাং আইসিসি আমাদের বের করার সুযোগ হয়নি, আমরা যাইনি নিরাপত্তার অজুহাতে। আর সবার আগে বাংলাদেশ, আমাদের আত্মমর্যাদাময় জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। গত ৫৩ বছর যে আমরা আরেকজনের উপর ভরসা করে ও থ্রেট এর উপরে চলেছি, সেটার দিন এখন শেষ। এখন নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন দিগন্ত সূচিত হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নেবে, তারা কাদের সাথে কিভাবে চলবে, আমরা সেই পক্ষে আছি।

এদিকে আসিফ আকবরের আগমনের খবরে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক। দর্শকদের অনুরোধে আসিফ আকবর খালি গলায় জনপ্রিয় গান “বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ” পরিবেশন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, আয়োজক কমিটির সদস্য ও সূচিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজগর হোসেন মিয়াজীসহ আরও অনেকে।

ঢাকার মঞ্চে এক্টোম্যানিয়ার ৩য় প্রযোজনা: ইবসেনের ‘হোয়েন উই ডেড এওয়েকেন’

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মঞ্চে তৃতীয় প্রযোজনা নিয়ে আসছে তরুণ নাট্যদল এক্টোম্যানিয়া। এবারের প্রযোজনা বিশ্বনাট্যের অন্যতম শ্রেষ্ঠ নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন–এর কালজয়ী নাটক ‘হোয়েন উই ডেড এওয়েকেন’।

নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি এবং দ্বিতীয় মঞ্চায়ন ২৮ জানুয়ারি। উভয় প্রদর্শনীই হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন।

 

নাটকটির ভাষান্তর করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনায় রয়েছেন নওরীন সাজ্জাদ। নাটকটি প্রসঙ্গে নির্দেশক নওরীন সাজ্জাদ বাংলাভিশনকে বলেন, ২০২৩ সালে আত্মপ্রকাশ করা এক্টোম্যানিয়া শুরু থেকেই দর্শকদের জন্য ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক উপহার দেওয়ার চেষ্টা করছে। এর আগে দলের প্রযোজনা ‘হ্যামলেটমেশিন’ ও ‘দ্য ম্যান আউটসাইড’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। নতুন প্রযোজনাটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, ‘হোয়েন উই ডেড এওয়েকেন’ মূলত মুক্তি ও সম্পর্কের গল্প। এই নাটকের চরিত্ররা কেউ সৃষ্টিশীলতার ভেতর দিয়ে মুক্তি খোঁজে, কেউ বা মানবসম্পর্কের উষ্ণতায়। আন্তঃসম্পর্ক ও মুক্তির চিরায়ত দ্বন্দ্ব এখানে একইসঙ্গে জাগতিক ও ঐশ্বরিক রূপে প্রকাশ পেয়েছে। একজন শিল্পীর অন্তর্দহন, কাঙ্ক্ষিত শিল্পসৃষ্টি না করতে পারার যন্ত্রণা—যা যেন মৃত্যুর সমান—এই নাটকের কেন্দ্রীয় বক্তব্য। শিল্প স্থান-কাল অতিক্রম করে বৈশ্বিক হয়ে ওঠে বলেই ১৮৯৯ সালে নরওয়েতে রচিত এই নাটক আজও সমসাময়িক বলে মনে হয়। শিল্পসৃষ্টির বেদনা সর্বকালের সব শিল্পীর জন্যই অভিন্ন—এই উপলব্ধিই নাটকটি মঞ্চে আনার প্রেরণা জুগিয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু, এমএইচএস লাবন, নওরীন সাজ্জাদ, মার্শিয়া শাওন, সাগর বড়ুয়া শান, ফকির বিপ্লব, মারজুক আল হাসান, প্রথমা রহমান, সানভি মীর চৌধুরী, রাজন আরিফ, দিবাকর মন্ডল জিতু, শাহরিয়ার ইউসুফ, অভিজিৎ সাহা রুদ্রসহ আরও অনেকে।

শিল্প, সৃষ্টিশীলতা ও মানুষের অস্তিত্বগত প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই প্রযোজনাটি ঢাকার মঞ্চনাট্যপ্রেমী দর্শকদের জন্য এক নতুন নাট্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার বিদায় সংবর্ধনা প্রোগ্রাম অনুষ্ঠিত।

আজ সোমবার বুড়িচং থানার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম বাচ্চু ও সহকারী শিক্ষিকা মাহফুজা বেগম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।এই স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জনাব আবুল হোসেন এর সভাপতিত্বে ,স্কুল কমিটির সদস্য , এলাকার মুরুব্বি, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন বুড়িচং শিক্ষক সমিতির সভাপতি জনাব হাবিবুর রহমান, ভারেল্লা স্কুলের প্রধান শিক্ষিকা আসমা আক্তার, উত্তর গোবিন্দপুর স্কুলের প্রধান শিক্ষিকা , স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্য আবুল বাশার, মো. কামাল হোসেন,আব্দুস সালাম, আব্দুল আজিজসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বৃতিচারণ করেন ইঞ্জিনিয়ার কাজী সাইফুল, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, ইঞ্জিনিয়ার কাউসার হামিদ, আক্তার হোসেন ও সাইফুল ইসলাম তাওহীদ।এই সময় সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন, দুআ কামনা করেন।স্যারদের জন্য উত্তরীয়,সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

বিদায়ী স্যারদের বক্তব্যে স্মৃতিচারণ ,বিভিন্ন পরামর্শমূলক ও বর্তমান ছাত্রদের জন্য দিক নির্দেশনা দেন এবং উক্ত প্রোগ্রাম আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মো: রবিউল্লাহ, সোহাগ, হোসাইন, হাফেজ তাজুল ইসলাম,আক্তার হোসেন, সাগর, জসিম,মেহেদী, বিল্লাল,নুরুল সহ আরো অনেকে।প্রোগ্রামটি সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য আয়োজক কমিটির অন্যতম সদস্য কাজী সাইফুল সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।ভবিষ্যতে স্কুলের যেকোনো সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার একাত্মতা প্রকাশ করেন।

জনগণকে বিপদে ফেলে রেখে বিএনপি কখনও পালিয়ে যায়নি: ড. মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। দেশের মানুষকে বিপদে ফেলে রেখে বিএনপি নেতারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই, বন্ধু আছে, প্রভু নেই। বিএনপি এই দেশের জনগণকে মনেপ্রাণে ভালোবাসে। এই দল ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ থাকে,ভালো থাকে।

তিনি আজ সোমবার দাউদকান্দি পৌর এলাকার নাগেরকান্দি ও দোনারচর- সবজিকান্দিতে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।

ড.মোশাররফ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তাদের সন্তান তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এখন তিনি জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

একটি উন্নত,সমৃদ্ধ দেশ গড়তে তিনি (ড.মোশাররফ) ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ড.মোশাররফ বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী,এমপি ও আওয়ামী লীগ নেতারা জনরোষের আতঙ্কে দেশ থেকে পালিয়েছে। তারা জনগণের উপর এতোটাই জুলুম নিপীড়ন চালিয়েছে, এখন তারা পলাতক। নিজ দেশে প্রকাশ্যে বের হবার সাহস নেই। বিশ্বের অন্য কোনো দেশে এমন নজির আছে বলে কেউ শুনেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গত ১৬ বছর দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থরক্ষার কাজেই বেশী ব্যস্ত ছিল। এই নিষিদ্ধ দলটির নেতারা ভবিষ্যতে যাতে দেশের অভ্যন্তরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পেরে সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এইসব উঠোন বৈঠকে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি সরকারে থাকলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে। জনগণের পাশে থাকে। ভুলে যায় না। তাই তো গত ১৭বছরেও মানুষ বিএনপি এবং প্রিয় নেতা তারেক রহমানকে ভুলে যায়নি। আগামী দিনে বিএনপি ক্ষমতাসীন হলে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার জনগণের সকল আশা-আকাংখা পূরণ করবে।

এদিকে সকাল থেকে বিএনপি প্রার্থী ড.মোশাররফের পক্ষে ড.খন্দকার মারুফ হোসেন গোয়ালমারী ইউনিয়নের সেন্দিতে নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং দাউদকান্দি পৌর এলাকার বারাগাঁও,পশ্চিম মাইজপাড়া, দিঘীরপাড়, নছরদ্দি,উত্তর গাজীপুর মাদ্রাসা মাঠ,দক্ষিণ সতানন্দি, দক্ষিণ গাজীপুর,দৌলদ্দী, ব্যাপক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

নাগেরকান্দির উঠোন বৈঠকে পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা পিটার চৌধুরী, গোলাম মোস্তফা,গোলাম রাব্বানী, আবদুস সাত্তার,কাউসার আলম সরকার,খন্দকার মাহবুব হোসেন,মামুন হোসেন ভুইয়া ও শরীফ চৌধুরী প্রমুখ।

নির্বাচনী দায়িত্ব পালনে কুমিল্লা সেক্টরের অধীনে মোতায়েন হচ্ছে ১০২ প্লাটুন বিজিবি

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা সেক্টরের অধীনে ৬টি জেলায় নির্বাচনী দায়িত্ব পালনে মোতায়েন করা হচ্ছে ১০২ প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার (২৬ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ, বিজিবিএম, জি+ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

​ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি কুমিল্লা সেক্টরের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলার ৫৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে (সেনাবাহিনী ব্যতীত) এবং বাকি ৪১টি উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে। আগামী ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিজিবি সদস্যরা নির্ধারিত জেলাগুলোতে মোতায়েন সম্পন্ন করবেন।

​নির্বাচনকালীন সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে। ৩২৭.৩০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি’র ৬১টি বিওপি এবং অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, কোনো অপশক্তি যেন সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে জন্য আমরা বদ্ধপরিকর।

​​প্রেস বিজ্ঞপ্তিতে বিগত কয়েকমাসের আভিযানিক সাফল্যও তুলে ধরা হয়। ১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কুমিল্লা সেক্টরে প্রায় ৯৮ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় দায়ের করা হয়েছে ১,৮০০ এর বেশি মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৮ জনকে।

​বিশেষ সাফল্যে হিসেবে গত ১৩ জানুয়ারি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক কুমিল্লার বুড়িচংয়ের চাঞ্চল্যকর ফাহিমা আক্তার আখি হত্যা মামলার তিন পলাতক আসামিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়।

​ব্রিফিংয়ের শেষে বিজিবি অধিনায়ক একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছাল

ডেস্ক রিপোর্ট:

মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের ওপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।

এ ব্যাপারে সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাওলানা মজিবুর রহমান জানান, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গতকাল রোববার থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনি পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান।

এ সময় তিনি সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

আজ চাঁদপুরে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে একটি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের অনুষ্ঠানে অংশ নিতে আসছেন বাংলা গানের যুবরাজ জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৫) শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-৩ এর প্রথম সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে আসিফ আকবর উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন উক্ত টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু। রবিবার রাতে সাদ্দাম হোসেন মিঠুর ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানান।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে হাজিগঞ্জ ভিক্টোরি সুপার হিরোস বনাম কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম। দুপুর ১২টায় আরম্ভ হওয়া এই ম্যাচে উপস্থিত থাকবেন বয়স ভিত্তিক দলের চেয়ারম্যান কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর আগে ২০২৩ সালের ১৫ জুন বৃহস্পতিবার বিকেলে ঢাকার মগবাজার বাসা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাত্রা পথে রাত ৯টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজার স্টার হোটেলে নাস্তা করতে নামেন। পরবর্তীতে তিনি জেলার হাজীগঞ্জের বলাখাল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে সময় কাটিয়ে চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করেন।

পরদিন শুক্রবার (১৬ জুন ২০২৩) বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির কৃতি সন্তান ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসানের বাবা মরহুম জাফরউল্লাহ পাটোয়ারীর কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।

এদিকে ৯০ এর দশকে আরেকবার শাহরাস্তিতে এসেছিলেন জনপ্রিয় এ গায়ক। যদিও উপজেলার মেহের ডিগ্রি কলেজে একটি স্টেজ পোগ্রামে গান গেতে এসেছিলেন তিনি। আর ঐ স্টেজ শো ছিল আসিফ আকবরের প্রথম স্টেজ শো।

একমাত্র খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টানতে পেরেছে: দাউদকান্দিতে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে। যে কোনো মূল্যে আবারও দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের উপকার হবে না।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১টার দিকে দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ধানের শীষ যখন ক্ষমতায় থাকে তখন দেশের সব স্তরে উন্নয়ন হয়। আমার কিছু চিন্তা ভাবনা আছে। দেশের গ্রাম গঞ্জে শহরের প্রতিটি পরিবার নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে।

তিনি বলেন, আমি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষের সমালোচনা করতে চাই না। আমি দেশবাসীর সামনে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য কি করবে সেই পরিকল্পনাগুলো তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন শহীদ জিয়াউর রহমানের সময় বহু খাল খনন করা হয়েছে। বর্তমানে এসব খাল ভরাট, অচল এবং অস্তিত্বহীন হয়ে গেছে। একসময় এসব খাল দিয়ে মানুষ চলাচল করতো। বিএনপি ক্ষমতায় গেলে আমরা দেশের সবকটি খাল পুনঃখনন করে সচল করব। আর সেই খাল খননে আবারও কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড করব। প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শুরুতে এসব কার্ড সরবরাহ করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষি বীমা এবং কৃষি ঋণের সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। তারা নারী এবং শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান করবে। ঘরে বসে যেন চিকিৎসা সেবা পায় নারী এবং শিশুরা সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তারেক রহমান বলেন, এই এলাকার যুব সমাজের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি জেলায় একটা করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যুব সমাজকে প্রশিক্ষিত করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।