All posts by jitu

লাকসামে বেশি লাভের আশায় টিকিট মজুত, ২০০ টিকিটসহ বুকিং সহকারী আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রায় ২০০ টিকিটসহ জিয়াউর রহমান নামে এক বুকিং সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাউন্টার থেকে টিকিটসহ তাকে আটক করা হয়।

রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মহিউদ্দিন মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে টিকিট মজুত করেন বুকিং সহকারী জিয়াউর রহমান। প্রায় ২০০ টিকিটসহ আটকের পর তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরে তারা ব্যবস্থা নেবেন।

উপজেলা চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু.রুহুল আমিনের উপর হামলা এবং সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এ সময় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিলও করা হয়।

বুধবার (২০ জুলাই) দেবিদ্বার উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সড়কে এ  বিক্ষোভ মিছিল বের করে।

ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে দেখা গেছে, (গত শনিবার সন্ধ্যায়)জাতীয় সংসদ ভবনের এলইডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে এমপি রাজীর সাথে হাতাহাতির পর বের হয়ে গেলে তাকে ফিরিয়ে আনতে যান কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু.রুহুল আমিন। এ সময় আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে গালমন্দ করে বুকে ধাক্কা দেন। এ সময় আশেপাশের নেতারা এসে রুহুল আমিনকে জড়িয়ে ধরে আবুল কালাম আজাদকে নিবৃত করার চেষ্টা করেন। এরপরও আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে সভাপতির দিকে একাধিকবার তেড়ে আসেন। পরে সভাপতিকে অন্য কক্ষে নিয়ে যান নেতাকর্মীরা। এছাড়া বৈঠকে বিভিন্ন অসাংগঠনিক দাবি জানিয়ে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে অকথ্য ভাষায় গালমন্দ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  পরে দুজনের মধ্যে হাতাহাতি হয। কিন্তু বাইরে গিয়ে তিনি ও তার লোকজন এমপি রাজীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার শুরু করেছে। এমনকি বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য সরবরাহ করছে।

ছাত্রলীগ নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান আজাদের এমন অসাংগাঠনিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।

এদিকে  সকাল সাড়ে ১০ টার দিকে  উপজেলা চেয়ারম্যান আজাদের পক্ষে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তাঁর সমর্থকরা।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক নেতা ও ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া । এ সময় প্রায় ১ ঘন্টার উপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  তীব্র যানজটের সৃষ্টি হয় ।

এই বিক্ষোভ মিছিলের পর দেবিদ্বার উপজেলা আ’লীগের  কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ  নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারি হাজী জালাল এক সময় বিএনপি করতেন । তিনি সম্প্রতি নৌকা প্রতিকের প্রার্থীকে পরাজিত করে ইউপি চেয়ারম্যান হয়েছেন, তিনিই  আজ উপজেলা চেয়ারম্যানের পক্ষ নিয়ে নৌকার কান্ডারি স্থানীয় সাংসদের বিপক্ষে বিক্ষোভ করছেন। প্রকৃতপক্ষে দেবিদ্বারের আ’লীগের রাজনীতি হাইব্রীডদের হাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

১০ বছর পর মেঘনা উপজেলা আ.লীগের সম্মেলন, নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা

 

জাকির হোসেন হাজারী:
দীর্ঘ প্রায় ১০বছর পরে শনিবার (২৩ জুলাই) কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে উপজেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১২ সালে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে মোঃ শফিকুল আলম সভাপতি ও সাইফুল্লাহ মিয়া রতন সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তারাই দায়িত্ব পালন করছেন।

এরই মধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকাসহ সম্মেলনের স্থান উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন। তবে সম্মেলনকে ঘিরে ফেসবুকেও চলছে প্রচার-প্রচারণা। মেঘনা উপজেলা আওয়ামী পরিবারসহ বাজার মোড়ের চা দোকান সর্বত্রই সম্মেলনকে ঘিরে আলোচনা চলছে। তবে সম্মেলনে কাউন্সিলর নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।
এনিয়ে সভাপতি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের কমিটি নয়, ব্যাক্তি লীগের কমিটি করা হয়েছে। তৃণমূলের ত্যাগী ও বঞ্চিতদের পরিবর্তে ব্যাক্তিকেন্দ্রিক নেতাদের কাউন্সিলর করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। বিষয়গুলো জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবগত করা হয়েছে। তবুও আমি সম্মেলনে প্রার্থী হয়েছি।

সাধারণ সম্পাদক প্রার্থী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন শিশির বলেন, একটি ইউনিয়নে আ’লীগের অনেক লোক আছে, এরমধ্যে বাছাই করে ৩১জনকে কাউন্সিলর করা হয়েছে। এর মধ্যে হয়তো কেউ বাদ পড়তে পারে। আর এটা বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদক তালিকা তৈরী করেছেন।

উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার সম্মেলনের বিষয়ে বলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে উপজেলার আটটি ইউনিয়নের সব ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী ৮টি ইউনিয়নের ৩১জন করে, উপজেলা কমিটির ৬১জন এবং আরো ১৫জন(কোয়াব) মিলে মোট ৩২৪জন কাউন্সিলরের তালিকা কেন্দ্রে এবং জেলায় জমা দেয়া হয়েছে। আওয়ামীলীগ বড় পরিবার, এপরিবারের সদস্যসংখ্যা অনেক বেশি, তাই অভিযোগ আপত্তি থাকতেই পারে। কিন্তু গঠনতন্ত্রের বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের নেই।

সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সম্মানিত অতিথি কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল(অব) সুবিদ আলী ভূইয়া, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক নেতা বিভিন্ন মহলে তদবির করছেন বলে জানা গেছে।

মেঘনা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সব দলের লোকই আওয়ামী লীগে ভিড় জমাচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়ার দাবি জানান তারা।

কবিতা: সোনার মানুষ রেমিট্যান্স যোদ্ধা

দেবব্রত ঘোষ :

অভিবাসী, প্রবাসী, অনাবাসী বাংলাদেশি
অর্থনীতির শাবল তুমি, মত্ত কর্মে দিবানিশি ।

নিজেরে বিলিয়ে দিয়ে অন্যের তরে
চাতক হয়ে খোঁজ সুখের পায়রাটারে।

যৌবন কাঁদে না শুষ্ক রুক্ষ উত্তপ্ত মরুতে
সঠিক তথ্য ও সিদ্ধান্ত যদি থাকে শুরুতে।

দুঃখ কষ্ট বঞ্চনার মাঝে তখন দেখে আলো
যখন শোনে পরিবারের সবাই আছে ভালো।

নানা কষ্টে জ্বলে, ঝলসে সময় তুমি কাটাও
মহাক্লান্ত অভিবাসী তবু রেমিট্যান্স পাঠাও।

দেশ গঠনে সবার চেয়ে হয়েছ যে গুণী
তাই তো এ দেশ তোমার কাছে সর্বদা ঋণী।

সোনার মানুষ তুমি মহান রেমিট্যান্স যোদ্ধা
অর্থনীতির চালিকাশক্তি তোমার তরে শ্রদ্ধা।

কুমিল্লায় জুন মাসে খুন ১১টি, নারী ও শিশু নির্যাতন ৩৮টি

নেকবর হোসেন :
কুমিল্লায় জুন মাসে ১১ টি খুনের ঘটনা ঘটেছে, এর মধ্যে কোতয়ালী থানায় খুনের ঘটনা ঘটেছে ৪টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৮ টি। জেলায় বিভিন্ন অপরাধের ঘটনায় ৪২০ টি মামলা দায়ের হয়েছে।

(২০ জুলাই ) কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, আঞ্জুম সুলতানা সীমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিউলি রহমান তিন্নি, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ।

জেলা আইনশৃঙ্খলা কমিটি থেকে পাওয়া তথ্য মতে, জুন মাসে কুমিল্লায় ২ টি ডাকাতি, ১ টি দস্যুতা, ২টি অপহরণ, ৬টি সিঁদেল চুরি, ৪টি পশু চুরি, ৭টি গাড়ি চুরিসহ আরো ৭টি চুরির ঘটনা ঘটে। এছাড়া অস্ত্র আইনে ৩টি এবং চোরাচালান আইনে ৮টি মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য আইনে ২৩২টি মামলা দায়ের করা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, জুন মাসে দায়ের হওয়া ৪২০টি মামলার মধ্যে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলা ২৩২ টি এবং অন্যান্য মামলা ৯৯টি।

নোয়াখালীতে পাখি বিক্রেতাকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল অবৈধ ভাবে পাখি বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত আবুল কাশেম (৪৫) সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো.খলিলের ছেলে।

বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার চাটখিল বাজারে অবৈধ ভাবে ডাক পাখি ও বকপাখি বিক্রির দায়ে বিক্রেতা আবুল কাশেমকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। একই সঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রানী সম্পদ অফিসে পাঠানো হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্মুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৩, আহত ৮

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনুতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও কাভার্ডভ্যানের চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক

 

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ এর জন্য দলগতভাবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্যাটারিতে তিনি এ পদক পাচ্ছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৮ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সই করা একটি চিঠি পাই। সেখানে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক-২০২২ পদক প্রদান করা হবে। সে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান দেশে প্রথমবারের মতো কুমিল্লায় রোবটিকস স্কুল প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে জেলায় ১০৮টি রোবটিকস ও প্রোগ্রামিং ক্লাবও গঠন করেছেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমি চতুর্থ শিল্প বিপ্লবকে লক্ষ্য রেখে কুমিল্লার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য রোবটিকস ও প্রোগ্রামিংয়ের উদ্যোগ নিই। কারণ আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা হবে প্রযুক্তির মাধ্যমে। তাই বর্তমান প্রজন্ম যেন এখন থেকেই নিজেদের প্রতিযোগিতাময় বিশ্বের জন্য প্রস্তুত করতে পারে সেজন্য রোবটিকস ও প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করি।’

অসুস্থ মাকে ডাক্তার দেখানোর কথা বলে রাস্তায় ফেলে গেলেন ছেলে ও তার স্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

অসুস্থ এক বৃদ্ধাকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে এনে রাস্তায় ফেলে গেছেন ছেলে ও তার স্ত্রী। পরে বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন কয়েকজন যুবক।

সোমবার (১৮ জুলাই) রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে হাসপাতালে কথা হলে বৃদ্ধা জানান তার নাম মাজেদা বেগম। স্বামীর নাম চাঁন মিয়া মৃধা। স্বামী অনেক আগেই মারা গেছেন। ছেলে শাহে আলম মৃধার সঙ্গে পটুয়াখালীর দশমিনা উপজেলায় থাকতেন বলে জানিয়েছেন বৃদ্ধা মাজেদা। এর বেশি কিছুই বলতে পারছেন না তিনি।

বৃদ্ধা মাজেদা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে কয়েকদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সোমবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে ছেলে ও ছেলের বউ তাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বারিশাল-ঢাকা মহাসড়কে তাকে রেখে কৌশলে সটকে পড়েন তারা।

তিনি আরও জানান, শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে কয়েকদিন ধরে চলাফেরা করতে পারছেন না। কয়েক পা হাঁটলেই কষ্ট হয়। সে কারণে বাড়ি ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া তিনি বাড়ির ঠিকানাও ঠিকমতো জানেন না। দীর্ঘক্ষণ রোদে বসে থাকার কারণে শরীরের ব্যথা শুরু হয় ও অসুস্থ বোধ করেন তিনি। একসময় সড়কের ওপর তিনি শুয়ে পড়েন।

বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলালিংক টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা আ. করিম জানান, টাওয়ারের গার্ড রুমে তিনি ও তার স্ত্রী বসবাস করেন। ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সোমবার রাতে টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে স্থানীয়রা তাদের কাছে রেখে যান। পরবর্তীতে সোমবার দিনগত রাত একটার দিকে বৃদ্ধাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. শিপন।

জানতে চাইলে মো. শিপন বলেন, বাটাজোর বাসস্ট্যান্ড সংলগ্ন বারিশাল-ঢাকা মহাসড়কে এক বৃদ্ধাকে ফেলে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি। এরপর কয়েকজন বন্ধু মিলে বাংলালিংক টাওয়ারের রুম থেকে বৃদ্ধাকে নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তখন বৃদ্ধার শরীরে প্রচণ্ড জ্বর ছিল।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ জানান, ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীর অনেক দুর্বল। বয়সের কারণে নানা রোগে আক্রান্ত। শরীরে জ্বর রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খুবই অমানবিক ও দুঃখজনক। বিষয়টি জানার পরে বৃদ্ধা মাজেদা বেগমের প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃদ্ধা মায়ের প্রতি যে অন্যায়- অবিচার আচরণ করা হয়েছে এ জন্য যারা দায়ী, তাদের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

লাকসামে দাওয়াত খেতে যাওয়ার পথে সড়কেই প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু ইউসুফ জাবেদ (৪২) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ জাবেদ জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের খিলা বড় বাড়ির মৃত মাওলানা হাবিবুর রহমানে ছেলে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আবু ইউসুফ জাবেদ তার পরিবারের ৪-৫ জন সদস্য নিয়ে জেলার নাঙ্গলকোটে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আবু ইউসুফ জাবেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।