,

উপজেলা চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু.রুহুল আমিনের উপর হামলা এবং সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এ সময় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিলও করা হয়।

বুধবার (২০ জুলাই) দেবিদ্বার উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সড়কে এ  বিক্ষোভ মিছিল বের করে।

ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে দেখা গেছে, (গত শনিবার সন্ধ্যায়)জাতীয় সংসদ ভবনের এলইডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে এমপি রাজীর সাথে হাতাহাতির পর বের হয়ে গেলে তাকে ফিরিয়ে আনতে যান কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু.রুহুল আমিন। এ সময় আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে গালমন্দ করে বুকে ধাক্কা দেন। এ সময় আশেপাশের নেতারা এসে রুহুল আমিনকে জড়িয়ে ধরে আবুল কালাম আজাদকে নিবৃত করার চেষ্টা করেন। এরপরও আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে সভাপতির দিকে একাধিকবার তেড়ে আসেন। পরে সভাপতিকে অন্য কক্ষে নিয়ে যান নেতাকর্মীরা। এছাড়া বৈঠকে বিভিন্ন অসাংগঠনিক দাবি জানিয়ে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে অকথ্য ভাষায় গালমন্দ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  পরে দুজনের মধ্যে হাতাহাতি হয। কিন্তু বাইরে গিয়ে তিনি ও তার লোকজন এমপি রাজীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার শুরু করেছে। এমনকি বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য সরবরাহ করছে।

ছাত্রলীগ নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান আজাদের এমন অসাংগাঠনিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।

এদিকে  সকাল সাড়ে ১০ টার দিকে  উপজেলা চেয়ারম্যান আজাদের পক্ষে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তাঁর সমর্থকরা।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক নেতা ও ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া । এ সময় প্রায় ১ ঘন্টার উপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  তীব্র যানজটের সৃষ্টি হয় ।

এই বিক্ষোভ মিছিলের পর দেবিদ্বার উপজেলা আ’লীগের  কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ  নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারি হাজী জালাল এক সময় বিএনপি করতেন । তিনি সম্প্রতি নৌকা প্রতিকের প্রার্থীকে পরাজিত করে ইউপি চেয়ারম্যান হয়েছেন, তিনিই  আজ উপজেলা চেয়ারম্যানের পক্ষ নিয়ে নৌকার কান্ডারি স্থানীয় সাংসদের বিপক্ষে বিক্ষোভ করছেন। প্রকৃতপক্ষে দেবিদ্বারের আ’লীগের রাজনীতি হাইব্রীডদের হাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে।