All posts by jitu

চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৯ অক্টোবর) বুধবার সকলে এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালাউদ্দিনের সঞ্চালনায় উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আজাদ হোসেন, সোহেল মোল্লা, সাংবাদিক আনিছুর রহমান, নাছরিন আক্তার,তাহমিনা আক্তার,মজিবুর রহমান, শেফালী আক্তার,সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, মাষ্টার সালা উদ্দিন আহমেদ,বাতিসা বালক সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার,সহকারী জহিরুল ইসলাম প্রমুখ।

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবদল নেতা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬৬৪পিস ইয়াবা, ২টি মোবাইল, নগদ ২লক্ষ ২১ হাজার ৬’শত ২০ টাকাসহ আবদুর রহিম নামে এক মাদক সম্রাটকে আটক হয়েছে।
গত বুধবার ভোররাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প ও চৌদ্দগ্রাম থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম উপজেলার কনকাপৈত ইউনিয়ন করপাটি এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আবদুর রহিম কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং করপাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। মাদক সম্রাট হিসেবে খ্যাত আবদুর রহিমের আটকে কনকাপৈত ও আশেপাশের এলাকায় স্বস্তি নেমে এসেছে । স্থানীয়রা মনে করছেন এতে করে অন্য মাদক ব্যবসায়ীরাও এলাকা ছাড়া হবে এবং মাদকের প্রভাব কমে আসবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম তাকে ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

গ্রামীণফোনের সাথে হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোনের সাথে কক্সবাজারের ঐতিহ্যবাহী, নান্দনিক পাঁচ তারকা হোটেল দ্যা কক্স টুডে এবং বাংলাদেশের সর্ব প্রথম চেইন লাক্সারি তিন তারকা ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার।

উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীনফোনের পক্ষ থেকে মিস মুনিয়া গণি (হেড অফ পার্টনারশিপ) এবং মহিউদ্দিন খান খোকন (ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং)। এই চুক্তির আওতায় অতিথিদের সেবায় সংযুক্ত হবে নতুন আতিথেয়তা।

এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীনফোন এবং হোটেল দ্যা কক্স টুডে এবং ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একসাথে এগিয়ে চলুক স্মার্ট আতিথেয়তার নতুন দিগন্ত। এখন থেকে জিপি ষ্টার গ্রাহকেরা হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

মহিউদ্দিন খান খোকন বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে যে ক’জন পথপ্রদর্শকের নাম উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম তিনি। মহিউদ্দিন শুধু উদ্যোক্তা নন, তিনি হোটেল, মোটেল এবং ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ডিমোর (ডি’মোর)-এর স্বপ্নদ্রষ্টা তিনি। এই ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান এবং কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।তিনি বলেন আজ আমরা দেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটরের সাথে চুক্তি করতে পেরে আনন্দিত, আমরা সবসময়ই আমাদের গেষ্টদের কে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি,আমরা সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মানে কখনো আপস করি না। আর গ্রামীনফোন বাংলাদেশের তাদের গ্রাহকদের সুযোগ সুবিদার ব্যাপারে সর্বদা সচেতন। এই চুক্তির ফলে গ্রামীন ফোনের জিপি ষ্টাররা সর্বোচ্চ ডিসকাউন্টে ঐতিহ্যবাহী ও নান্দনিক পাঁচ তারকা হোটেল কক্সটুডে ও তিন তারকা চেইন ডি’মোর এ আনাবিল আনন্দে মেতে উঠবে।

লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রধান গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত এরশাদের ছেলে কামরুল হাসান ফাহিম (১৭), ধামৈছা গ্রামের আবুল কালামের ছেলে মিনহাজুল আবেদীন নাঈম (১৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে জিয়াদুল ইসলাম হৃদয় (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ৬–৭ জন কিশোরকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। ওই সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করে স্থানীয়রা। ওই সময় তাদের তল্লাশি করে ধারালো চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের লাকসাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘স্থানীয়দের সহযোগিতায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। অস্ত্রের উৎস ও তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো জানায়, তদন্ত সাপেক্ষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে একটি অসাধু চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সম্প্রতি ‘বুড়িচং প্রেসক্লাব’ নামে একটি প্যাডে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই প্যাডে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন এবং এ ধরনের কোনো প্যাডে স্বাক্ষর বা অনুমোদন দেননি বলে জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, “আমি বুড়িচং প্রেসক্লাবের কোনো নির্বাচনী তফসিল বা সংশ্লিষ্ট প্যাডে স্বাক্ষর করিনি। একটি অসাধু চক্র আমার নাম ও সিল ব্যবহার করে কৌশলে অপপ্রচার চালাচ্ছে। এটি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, সভাপতি দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি মো. জহিরুল হক বাবুসহ সকল পেশাদার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু কিছু অসাধু মহল প্রেসক্লাবের নামে আরেকটি সংগঠন গঠন করে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক বরাদ্দকৃত রুমে বুড়িচং প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সদস্য নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি একটি চক্র প্রেসক্লাবের নাম ব্যবহার করে নির্বাচনের তফসিল নামে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগামীকাল ৩০ অক্টোবর একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্বীন ইসলামের অভিযোগ ভিত্তিহীনঃ কুবি ছাত্রদল

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে কুবি শিক্ষার্থী দ্বীন ইসলামের আনীত অভিযোগটি মিথ্যা দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ অক্টোবর রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয় তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। উক্ত ভিডিওতে তিনি ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং তাদের ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত টিম অভিযোগকারী দ্বীন ইসলামের বক্তব্য, তার হাতে থাকা অডিও রেকর্ড, প্রক্টর অফিসের শুনানি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে। এসব তথ্য বিশ্লেষণে দেখা যায়, অডিও রেকর্ডে কোনো প্রকার হুমকি বা হিংসাত্মক শব্দচয়ন পায়নি তারা। বরং সেখানে ছাত্রদল সম্পর্কিত কোনো আলোচনাও পাওয়া বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, দ্বীন ইসলাম দাবি করলেও, কে তাকে “কথা শুনিয়েছে” সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নাম উল্লেখ করতে পারেননি। তিনি স্বীকার করেছেন যে, কয়েকজন তাকে ফোনে আশ্বস্ত করেছে ছাত্রদল তার পাশে আছে ;কিন্তু এটি কখনো হুমকি হিসেবে গণ্য হতে পারে না।

তদন্তে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, হাউজ টিউটর এবং সাংবাদিকবৃন্দ। প্রক্টর ও প্রভোস্ট উভয়েই জানিয়েছেন, ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা তারা খুঁজে পাননি। বরং প্রভোস্ট জানিয়েছেন, অভিযোগের বিষয়টি ভিডিও প্রকাশের আগেই মীমাংসা হয়েছিল।

ছাত্রদলের দাবি, দ্বীন ইসলামের এই ভিডিওকে কেন্দ্র করে ২৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এবং পরবর্তীতে দত্ত হলে কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তবে দত্ত হলের অধিকাংশ শিক্ষার্থী এ ঘটনায় অংশ নেয়নি। ছাত্রদলের অভিযোগ, কিছু বিপথগামী শিক্ষার্থী রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে শান্ত ক্যাম্পাসকে অশান্ত করতে চেয়েছিল।

সংবাদ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানায় “তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে, ছাত্রদলের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল রাজনৈতিক লাভের আশায় দ্বীন ইসলামের ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

ছাত্রদল প্রশাসনের প্রতি আহ্বান জানায়, বিশ্ববিদ্যালয় যেন এ বিষয়ে স্বচ্ছ তদন্ত পরিচালনা করে এবং মিথ্যা অভিযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগকারী দ্বীন ইসলাম কার প্ররোচনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং ২৫ অক্টোবরের রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কারা ছিল, তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে, ছাত্রদল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

কুমিল্লা সদর দক্ষিণে ভেজাল শিশু খাদ্য উৎপাদন, কারখানাকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণে ভেজাল শিশু খাদ্য ও বেকারি পণ্য উৎপাদনের দায়ে ‌‘মিতালি ফুড প্রডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও (এলাহিপুর) এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মিতালি ফুড প্রডাক্ট’ নামের একটি বেকারি ও শিশু খাদ্য তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং শিশু খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে উৎপাদন করা হচ্ছিল। ব্যবহৃত তেল কিটের মাধ্যমে পরীক্ষা করে নিষিদ্ধ হাইড্রোজ ও ব্যবহৃত তেলের মান নিম্নমানের প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অভিযান নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি টিমও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অনিয়ম প্রমাণিত হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার দেবিদ্বারে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে সাপের কামড়ে মোঃ মামুনুর রশিদ(৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে শিবনগর গ্রমের উত্তর পারার মন্তাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে মোঃ মামুনুর রশিদ পেশায় একজন কৃষক। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি তার অসুস্থ গরুকে দেখতে গোয়াল ঘরে যান। ওই সময় তাকে একটি বিষধর সাপে কামড় দিলে ঘরে চলে আসেন। তবে সাপে কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের না জানিয়ে ঘুমাতে যান। রাত ১টায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয় এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশিদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মামুনুর রশিদের ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা আক্তার জানান, মামুনুর রশিদের দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। বড় মেয়েকে বিবাহ দিয়েছে। সাপে কামড়ের বিষয়টি তিনি আমাদের জানান নাই। রাতে তিনি প্রচন্ড মাথা ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি খুলে বলেন। পরে স্থানীয় এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে যায়।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইব্রাগিম হোসেন জানান, নিহত মামুনুর রশিদকে রাত ৩টায় তার পরিবারের লোকজন মৃত অবস্থায় নিয়ে আসেন।

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় সাফরাত হোসেন সানভীর নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকায় মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সানভীর উপজেলার আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মোঃ বাহরাইন প্রবাসী রাজুর একমাত্র ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা মোরশেদ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া গ্রামের নুর হোসেন সুজন মঙ্গলবার সকালে বাড়ির পাশের বৈছামুড়া ব্রিজের পাশে মাছ ধরার দৃশ্য দেখতে যায়। এর কিছুক্ষণ পর জেঠার খোঁজে বৈছামুড়া ব্রিজের উদ্দেশ্যে রওয়ানা করে ভাতিজা সাফরাত হোসেন সানভীর। নুর হোসেন সুজন মনে করেছিলেন, ভাতিজা সানভীর কিছু দূর গিয়ে আবার বাড়িতে ফিরে যাবে। কিন্তু ভাতিজা সানভীর জেঠার কাছে যেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকে। মুহুর্তের মধ্যেই চট্টগ্রামগামী মেঘনা এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় সানভীর ঘটনাস্থলেই মারা যায়। নুর হোসেন সুজন পিছনের দিকে ভাতিজা সানভীরের দিকে তাকালে তাকে রেললাইনের পাশে নিহত অবস্থায় পাওয়া যায়। এদিকে একমাত্র ছেলে সানভীরকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সাফরাত হোসেন সানভীর চাচা মোরশেদ আলম বলেন, বাড়ি থেকে সামান্য দূরে রেললাইনের সাথে মাছ ধরা দেখতে তাঁর জেঠা বৈছামুড়া ব্রিজের পাশে যায়। জেঠার পিছনে পিছনে ভাতিজা সাফরাত হোসেন সানভীরও চলে যায়। জেঠা মনে করেছিলেন, সানভীর একটু গিয়ে আবার বাড়ির দিকে চলে গেছে। খেয়াল না করায় ট্রেনের ধাক্কায় ভাতিজা সানভীরের মৃত্যু হয়েছে।

তবে শিশুর মৃত্যুর বিষয়টি জানে না লাকসাম জিআরপি থানা ও গুণবতী রেলষ্টেশন কর্তৃপক্ষ।

দাউদকান্দিতে যুবদলের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

মঙ্গলবার (২৮অক্টোবর) দুপুর ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দাউদকান্দি পৌর সদর হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মারুফ হোসেন বলেন, সামনে নভেম্বর মাসে তারেক রহমান দেশে আসবেন। কুমিল্লা উত্তর দক্ষিণে সমাবেশ করবেন। ওই সমাবেশে দাউদকান্দি টোলপ্লাজা হতে ব্যানার ফেস্টুন তোরনসহ লাখো লাখো মানুষের সমাবেশ ঘটানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। দেখাতে হবে দাউদকান্দি উপজেলায় বিএনপি ছাড়া আর কেউ নাই।

তিনি বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রযাত্রার প্রতীক। আর এদেশে বিএনপিই একমাত্র জনগণের শক্তি, জনগণের দল সেটি আবারো প্রমাণ করতে গণমিছিল করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া, দাউদকান্দি যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব রোমান খন্দকার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সেলিম হাজারী, আহসান হাবিব হাসান, আরিফ খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিমন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে দুস্থ্য ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন ড. খন্দকার মারুফ হোসেন।