All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিটঘড় ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আয়ান (৬)। তার বাবার নাম মো. ইয়াছিন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, ‘এই বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চান্দিনায় বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় কবির হোসেন নামে একজন ড্রামট্রাক চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে ওই ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কবির হোসেন তার বাড়ি থেকে ওনার নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তার গাড়িটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা অবস্থায় ছিলো। তিনি সড়ক বিভাজন পার হওয়ার পরে বাসটি তাকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় গাড়িচালক চালক নিহত

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে সড়ক দুর্ঘটনায় গাড়িচালক মো. হারুন (৫০) নামে এক চালক নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় গাড়িটির হেলপার কামাল হোসেন (৪০) আহত হয়ে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ভোরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের রামপুর এলাকার সম্রাট ফ্যাক্টরির সামনে ঢাকামুখি লেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন ঝালকাঠি জেলার রাজারপুর থানার পটিয়াখালী গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে।

হেলপার কামাল সীতাকুণ্ড জেলার বড় কুমিরার বাসিন্দা আবুল হাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় সম্রাট ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে যায়। এ সময় পেছেনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক রিপন মিয়া গাড়িতে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার কামাল হোসেনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের ভর্তি করে।

ফেনী হাইওয়ের পুলিশের ইনচার্জ হারুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে রামপুরা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফেনী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কার্ভাডভ্যানের সঙ্গে আটকা পড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করে এবং হেলপারকে আহত অবস্থায় সদর হাসপাতালের ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি রাস্তা থেকে সরানো হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে।

উন্নত শিক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে কুমিল্লা; সমৃদ্ধির যাত্রায় পাশে থাকার কথা বললেন- জেলা প্রশাসক মুঃ রেজা হাসান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মু. রেজা হাসান।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরীও উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “কুমিল্লা শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ের দিক থেকে এগিয়ে থাকা একটি জেলা। এ জেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। গণমাধ্যমকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করব।”

তিনি আরও বলেন, “আগের জেলা প্রশাসকের চলমান কাজগুলো এগিয়ে নিতে চাই। বিশেষ করে টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। রাজশাহীতে সিটি করপোরেশন যেমন অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে, কুমিল্লাও চাইলে সেই পথে এগোতে পারে। এজন্য আমাকে কিছুটা সময় দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। ভুল বোঝাবুঝির কোনো সুযোগ যেন না থাকে।”

সভায় বক্তব্য রাখেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসানাত বাবুল,জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ।

সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ: সিইসি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এ কথা বলেন সিইসি।

সিইসি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা।

নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেই সবচেয়ে বড় বলে আখ্যায়িত করেন সিইসি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

তিনি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। সব দল নিজ নিজ কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

লাকসামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন স্বাধীন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু সজিব। মঙ্গলবার দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন লাকসাম-নোয়াখালী রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের বাসিন্দা ও পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের চাল ও কাঁচামাল ব্যবসায়ী মো. কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেলযোগে দুই বন্ধু দৌলতগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এতে একটি সারবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত হোসেন স্বাধীন মারা যান।

এদিকে দুর্ঘটনায় আহত সজিবের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহদাত হোসেন স্বাধীনের বাবা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, রাত ৮টায় গাজিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে সারবোঝাই ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

অনাস্থা ও দুর্নীতির অভিযোগে আদর্শ সদরের দূর্গাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া বহিষ্কার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিয়া আক্তারকে তার পদ থেকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ নুরে আলম এ বিষয়ের আদেশে স্বাক্ষর করেন।

তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য অনাস্থা জানানোসহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সোনিয়া আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে পরিষদের ১০ জন সাধারণ সদস্য আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দেন। এর পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা অনুযায়ী আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট প্রদান করেন।

উক্ত তদন্ত রিপোর্টে তার বিরুদ্ধে সাধারণ সদস্য ১০ জনের অনাস্থা সহ ১০ অনিয়মের মধ্যে ৮টি অনিয়ম প্রমানিত হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী এবং ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী তার সংরক্ষিত সাধারণ সদস্য পদটিও শূণ্য ঘোষণা করে তাকে অব্যাহতি দেওয়া হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (২) ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শূণ্য ঘোষণা সংক্রান্ত গ্রেজেট জারি করতে বলা হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, “জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনস্বার্থে কাজ করা। অভিযোগের কারণে কেউ যদি জনগণের বিশ্বাস হারান, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।”

এ বিষয়ে সোনিয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউনিয়নে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের পথ সুগম হবে বলে তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, সোনিয়ার দূর্নীতি নিয়ে আজকের কুমিল্লা একাধিক সংবাদ প্রকাশ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।

অপর দুই আসামি ভিকটিমের ভাসুর মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেকসুর খালাস পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরের মনোহরপুর এলাকায় রীমার রহস্যজনক মৃত্যু ঘটে। তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ দাবি করে রীমা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন। তবে ভিকটিমের বাবা বাহার মিয়া স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজের বিরুদ্ধে পরিকল্পিত শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

বিচারকালে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। স্বামী জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

পাবলিক প্রসিকিউটর জানায়, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।

চাঞ্চল্যকর আবু বক্কর হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণে প্রবাসী আবু বকর হত্যা মামলায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ০৮ নভেম্বর সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামে দুই দুর্বৃত্তের হামলায় প্রবাসী আবু বক্কর গুরুতর আহত হন। অতঃপর প্রবাসী আবু বক্করকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হইলে গত শুক্রবার সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভিকটিম মারা যাওয়ার পুর্বেই এই বিষয়ে ভিকটিম আবু বক্করের স্ত্রী সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন। আতঃপর উক্ত মামলার এজাহার নামীয় মুল আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ও সনাতন সোর্স এর সহযোগিতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহার নামীয় মুল আসামী রাব্বি ওরফে বাপ্পি (৩০) ও পারভেজকে(২২) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া রাব্বি ও পারভেজ সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর পূর্ব পাড়া গ্রামের এনায়েতুল্লাহ ছেলে।

উভয় আসামী ভিকটিম আবু বক্করকে কিভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার বর্ননা দিয়ে আমলি আদালত -৬ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছেন বলে পুলিশ সূত্রে জানিয়েছেন।

অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে- ড. খন্দকার মোশাররফ হোসেন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথক বলেন ।

অত্র বিদ্যালয়ে ছাত্র থাকাকালীন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, লেখাপড়ার সময় ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া নিয়ে প্রতিযোগিতা হতো। এগুলো নিয়ে কম্পিটিশন থাকেই। আমাদের সময় প্রকৃত কম্পিটিশন ছিল, ওখানে কোন খাতিরের ব্যাপার ছিল না। তখন একটা পজিশন পেতাম। আমার সাথে কম্পিটিশন যারা ছিল জানতাম যে তারা প্রাইভেট পড়ে। প্রাইভেট পড়ে ভালো রেজাল্ট করতো। এই স্কুলের শিক্ষক সেই প্রাইভেট পড়ানোয় জড়িত ছিল এবং সেই ছাত্রকে বলতো যে অমুক শিক্ষকের ছাত্র, আবার মেট্রিকে ফাস্টডি়ভিশনও পেয়েছে, কিন্তু ভবিষ্যতে আর ভালো রেজাল্ট করতে পারেনি এটা খুবই দুঃখজনক। প্রাইভেট পড়ে ফাস্টডিভিশন পেয়ে সেই ছাত্র সেখানেই শেষ হয়ে যাবে। এই অভিজ্ঞতার কথা একারনে বললাম, বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষকদের নিকট প্রাইভেট পড়ার জন্য সময় দেয়, কিন্তু ক্লাসে সময় দেয় না। প্রকৃত শিক্ষা লাভ করতে ক্লাশে সময় দিতে হবে।

মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, টেলিফোন(মোবাইল) হাতে থাকলে লেখা পড়ার বিষয় বস্তুর অভাব নাই, কিন্তু শিক্ষার্থীরা যদি টেলিফোন নিয়ে ব্যস্ত থাকে তাহলে প্রকৃত লেখা পড়া কোন সময় করবে? আমি বলবো প্রকৃতভাবে লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে অগ্রসর না হলে ফোনের মাধ্যমে অগ্রসর হওয়া যায় না, হতে পারবা না। তাই জ্ঞান অর্জনে মনদিয়ে লেখা পড়া করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব মোঃ নিজাম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভিগের অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সভাপতি সমাজ সেবক আব্দুস সাত্তার । তিনি শিক্ষার গুণগত উনয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম প্রমূখ।

পরে প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।