All posts by jitu

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথপ্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক ব্রিফিংয়ে এসব কথা জানান। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এর পর প্রশ্নোত্তর দেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

ডোজারিক জানান, শিক্ষার্থীদের আবারও শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে। চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউইয়র্কে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ের শুরুর দিকে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পড়ে শোনান ডোজারিক।

তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন মহাসচিব। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের খবর প্রকাশ পেয়েছে তাতে শঙ্কিত তিনি।

সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুর্নব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।

ডোজারিক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকারকে সম্মান জানায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে, জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি বিক্ষোভ দমনে আর ব্যবহার করা হবে না। আমরা একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই এবং পুনরাবৃত্তি করতে চাই যে, যেসব দেশ শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠাবে তারা যেনো শুধুমাত্র শান্তিরক্ষা মিশনের নির্ধারিত দায়িত্ব পালনের সময়টাতেই যেনো জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করে।

শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।

আদালত বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউ সংবিধান, আইন মেনে চলছি না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

এর আগে গতকাল আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ফেসবুক ‘লাল’ প্রোফাইলে সয়লাব

ডেস্ক রিপোর্ট:

আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রংয়ের প্রোফাইল ফটোতে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা যায়।

প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা গেছে।

লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।’

জুলাই মাসের ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নিতে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গ্রাহকদের থেকে চলতি জুলাই মাসের বিলের ৫০ শতাংশ সেবামূল্য না নেওয়ার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট চারজনকে বিবাদী করা হয়েছে।

নোটিশে দেশে ইন্টারনেট না থাকার কারণে দেশের মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অতিসত্ত্বর ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

বিএনপি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৯ জুলাই) তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

কাদের বলেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি এখন বিএনপি নেতাদের একমাত্র কৌশল। যে কোনো আন্দোলন দেখলেই তারা সেখানে অনুপ্রবেশ করে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন। সরকারের পদত্যাগের দাবি শুধু সরকারবিরোধী বা দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার পরিবর্তন কেবল জনরায়ের মাধ্যমেই সম্ভব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার জনগণের রায় নিয়ে সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করছে। সব উসকানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করেছে এবং জনগণকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি। যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উসকানি দেওয়া হচ্ছে। সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ইতিহাসের ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জনগণের শান্তি, শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সন্ত্রাস-সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ হয়নি মর্মে মন্তব্য করেছেন। অথচ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস-সহিংসতা ও নাশকতায় নিহতের সংখ্যা গণমাধ্যমে প্রকাশ করেছেন। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ও বিএনপি-জামায়াত যেকোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সব সন্ত্রাসী ঘটনার মদদদাতা, অর্থের জোগান দাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান। বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং এ দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের জীবনের বিনিময়ে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে বদ্ধপরিকর।

নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট:

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গাড়ি পোড়ানোর মামলা বিএনপির মৃত নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারে সহিংসতার ঘটনায় একাধিক মামলা হয়েছে সাভার মডেল থানায়। এর মধ্যে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির এক মৃত নেতাকে আসামি করা হয়েছে। তবে পুলিশের দাবি, প্রিন্টিং মিসটেকের কারণে এ ধরনের ভুল হতে পারে।

২৪ জুলাই সাভার মডেল থানায় রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আলমগীর (৪০) নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর আগে ১৮ জুলাই সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে চারটি বাস ও একটি ট্রাকে আগুন দেন দুষ্কৃতিকারীরা। ওই ঘটনায় আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। ওই বাসে সুপারভাইজার আলমগীর মামলার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামিদের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় ৬ নাম্বার আসামি করা হয়েছে আজগর আলীকে (৩৫)। এতে বাবার নাম উল্লেখ করা হয়েছে মৃত আফছার উদ্দিন এবং সাভার পৌর এলাকার বি/১১৮ জালেশ্বর বাসিন্দা দেখানো হয়েছে।

মামলায় উল্লেখিত সাভার পৌর এলাকা জালেশ্বর বি/১১৮ নম্বর বাড়িতে গিয়ে আজগর আলী নামে কাউকে পাওয়া যায়নি। ওই বাড়ির মালিক মফিজ উদ্দিন বলেন, ‘এই বাসায় আজগর আলী নামে কেউ থাকে না। আগেও কখনো এই নামে কেউ ভাড়া থাকেনি।

এদিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মৃত আজগর হোসেনের স্ত্রী সোহেলি সুলতানা বলেন, আমার স্বামীর নাম আজগর আলী নয় আজগর হোসেন। তার বাবার নাম আফছার উদ্দিন। আমার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০২২ সালে ১১ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন।

মামলার বাদী আলমগীর বলেন, সেখানে আমি মামলা দিতে চাইছিলাম না। কারণ আমি কাউকে চিনি না জানি না, কার নামে মামলা দেব। থানা থেকে বলেছে, মামলা না করলে পোড়া গাড়িটাও পাওয়া যাবে না। পরে বাধ্য হয়ে মামলা করছি। আমি তো শুধু নিজের নামটা কোনোরকম সই করতে পারি। আমি তো জানি না, এতো কিছু কাহিনী হবে। আমি আগে জানলে কখনো বাদী হতাম না। আমার বাড়ি নাটোরে। কার কী নাম, কার কী বাপের নাম আমি কিছুই জানি না।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, প্রিন্টিং মিসটেক বা তথ্যে ভুলের কারণে এমন হতে পারে। তবে তদন্তের মাধ্যমে ভুল সংশোধন করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট

‘আমার একমাত্র ছেলে তাকেও আমার কাছ থেকে কেড়ে নিল, বুক ফুটো হয়ে গেছে’

 

ডেস্ক রিপোর্ট:

ঘরের দরজায় বসে নাতির ছবি হাতে নিয়ে কাঁদছেন ৬০ বছরের বৃদ্ধা রাজিয়া খাতুন। তাকে সান্ত্বনা দিতে এসে কান্নায় ভেঙে পড়ছেন প্রতিবেশীরাও। ক্ষোভ ও ঘৃণা জানাচ্ছেন সাগরের হত্যাকারীদের প্রতি। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে ঢাকার মিরপুর-১০ নম্বরে ভ্যানে করে সবজি বিক্রি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. সাগর মিয়া। পরে সাগরের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত সাগর মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মো. হানিফ মিয়ার একমাত্র ছেলে। বাবা মা ও দুই বোন নিয়ে মিরপুর-১ নম্বরে একটি ভাড়া বাসায় থাকতেন সাগর। কিডনি রোগী বাবার চিকিৎসা ও পেটের দায়ে ঢাকার বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করে সংসার চালাত সাগরের।

নিহত সাগরের বাবা আবু হানিফ মিয়া বলেন, ঘটনার দিন আমি বারবার বলছিলাম বাবা তুই আজকে যাইস না। আমার ওষুধ ও ঘরে বাজার নাই। হাতেও টাকা ছিল না তাই পেটের দায়ের ভ্যান নিয়ে বের হইছিল। এরপর আমি শুক্রবার বিকেলে ফোনে বলেছিলাম বাসায় চলে আসার জন্য। আমাকে জানায়, মিরপুর ১০ নম্বর এলাকায় আছে চিন্তা করিও না, আমি বলছি তুই চলে আয়, আমাকে জানায় বাবা আমি আসতে পারব না, এখানে অনেক গোলাগুলি হচ্ছে।

তিনি বলেন, এরপর সন্ধ্যায় ফোন দিলে তার নম্বর বন্ধ পাই। রাত ৮টার দিকে আমি সাগরকে খুঁজতে বের হই। তখনও বাহিরে টিয়ারশেল ও গোলাগুলি চলছিল। পরে রাত ১০টার পর আমি মিরপুর ১০ নম্বরে এসে সাগরের খোঁজ নিলে কেউ একজন বলেন, আপনার ছেলে কি সবজি বিক্রি করত। আমি হ্যাঁ বললে, তিনি একটি প্রাইভেট হাসপাতালের নাম বলে বলল ওখানে গিয়ে খোঁজ নেন, মিরপুরে যারা আহত হইছে এদের প্রায় সবাই ওই হাসপাতালে আছে।

সাগরের বাবা আরও বলেন, আমি হাসপাতালে গিয়ে খোঁজ করলে তারা রাত ৩টার পর আমার ছেলের লাশ দেখায়। এরপর আমি আর কিছু বলতে পারব না। আমার একটি মাত্র ছেলের বুকে গুলি মেরেছে, বুক ফুটো হয়ে গেছে। আমার একটি মাত্র ছেলে তাকেও আমার কাছ থেকে কেড়ে নিল। আমি অসুস্থ কখন মারা যাই ঠিক নাই, আমার পুরো সংসারটা শেষ হয়ে গেল। তার মা ও দুই বোন রয়েছে তাদের দেখাশোনা কে করবে এখন।

সাগরের ফুফু সাহিদা আক্তার বলেন, সাগর আমার একমাত্র ভাতিজা। বাড়িতে আসলে এ ঘরেই থাকত। সাগরের বাবা অনেকদিন থেকে কিডনি রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য সাগর লেখাপড়া বন্ধ করে ঢাকায় সবজি বিক্রি করত। সংসারের একমাত্র রোজগার করত সাগর। সন্তান হারিয়ে আমার ভাই বার বার অজ্ঞান হয়ে পড়ছে।

নিহতের দাদি রাজিয়া খাতুন বলেন, আমার নাতি বাড়িতে এসে দুয়েকদিন থাকতো। ঢাকা যাওয়ার সময় আমার সঙ্গে কত মজা করত। এলাকায় সকল ছেলেদের সঙ্গে খেলাধুলা করত। আমার নাতিকে ফিরিয়ে দাও। কে আমার নাতিকে মারল, তার তো শত্রু নাই।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এখন পর্যন্ত দেবিদ্বারে তিনটি মরদেহ আসার খবর পেয়েছি। ঢাকায় নিহত সাগরের বাড়ি বড়শালঘর গ্রামে। নিহত পরিবারগুলোর খোঁজ খবর রাখছি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ঢাকায় নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমি নিজে তাদের বাড়িতে গিয়ে সরকারিভাবে আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি। সাগরের পরিবারকেও সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

চৌদ্দগ্রামে বাল্যবিয়ের একদিন পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের একদিন পর সাহিদা আক্তার নামে এক কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহিদা উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় কাদৈর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, লালমাই উপজেলার মিতল্লা গ্রামের প্রবাসী ফারুক মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে শুক্রবার (২৬ জুলাই) সাহিদার বিয়ে হয়। শনিবার (২৭ জুলাই) আল আমিনের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান শেষে স্বজনরা সাহিদাকে বাড়িতে নিয়ে আসেন। রাতে আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। রাতের খাবার খেয়ে নবদম্পতি ঘুমিয়ে পড়ে। রোববার সকাল ৭টায় সাহিদার নানি খুরশিদা বেগমের চিৎকারে স্বজনরা এসে দেখেন সাহিদা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তারা আরও জানায়, সাহিদার বাবা মিজানুর রহমান বাহরাইনে থাকেন। তার সৎমা মুন্নি বেগম কারও সঙ্গে পরামর্শ না করেই নিজের মতো করে তার নিকটাত্মীয় আল আমিনের সঙ্গে বিয়ে দেন।

নববধূ সাহিদার স্বামী আল আমিন জানান, শনিবার রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। রোববার সকালে নানি শাশুড়ি খুরশিদা বেগমের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, বিয়ের পর থেকে আমাদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা হয়নি। সে বিয়ের দিন থেকে চুপচাপ ছিল। কী কারণে আত্মহত্যা করেছে আমার জানা নেই।

সাহিদার ছোট ভাই শাহাদাত হোসেন জানায়, আমার বোন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে অনেক মেধাবী ছিল। প্রায় ৮ বছর আগে আমার মা মারা যান। এরপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। আমার সৎমা মুন্নি বেগম কারও সঙ্গে পরামর্শ না করেই শুক্রবার বোনকে সৎমায়ের নিকটাত্মীয়ের কাছে বিয়ে দেন। এ বিয়েতে আমার বোনের মত ছিল না। এ জন্য আমার বোন আত্মহত্যা করেছে।

সাহিদা আক্তারের সৎমা মুন্নি বেগম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কেন বাল্যবিয়ে দিলেন এ প্রশ্নের জবাবে তিনি চুপ থাকেন।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি ফারুক, সাধারন সম্পাদক জাহিদ, সাংগঠনিক সম্পাদক জিতু

শাহ ইমরান:

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাবের ২০২৪-২০২৬ সেশনের নির্বাচন।

রবিবার (২৮ জুলাই) দুপুর ১২ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। টানা তিনঘণ্টা ভোটগ্রহণ চলে শেষ হয় বিকাল ৩ টায়।

এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ৩৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দিনভর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের কার্যক্রম শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক।

নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ২টি পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে প্রার্থিতা করছেন ৩১ জন।

ফলাফলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, ডেইলি বাংলাদেশ অভজারবার এর কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল ও দি ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সূর্যোদয় এর স্টাফ রিপোর্টার বাহার রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন জাকির। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন, তারা হলেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার মামশাদ কবির, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন ।এছাড়াও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন. কে রিপন।

ফলাফল ঘোষণা শেষে প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেসক্লাবের সকল কার্যক্রম সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবেন।

উল্লেখ্য, সর্বশেষ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। নির্বাচনকে ঘিরে বাড়তি আমেজ ছিল প্রেসক্লাব প্রাঙ্গণে।