All posts by jitu

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও নগদ টাকা বিতরণ

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও নগদ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পূনর্বাসনের লক্ষ্যে ৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মৈশাতুয়া, খিলা, বাইশগাঁও লক্ষণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবু সাদমান সৈকত জানান, বন্যায় যাদের ঘর ভেঙ্গে গেছে উপজেলার এমন ৭টি পরিবারের প্রত্যেককে ৪ বান ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে দেয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে এ উপহার সহায়তা পৌঁছে দেয়া হয়।

ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, ক্যাপ্টেন আবু সাদমান সৈকতসহ অন্যান্য সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।

তোফাজ্জলকে হত্যার আগে

তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল

তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ বরগুনার পাথরঘাটার মাসুদ কামাল তোফাজ্জলকে (৩০) পিটিয়ে হত্যার আগে তার পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এই দাবি করেছেন তোফাজ্জলের ভাবি শরিফা আক্তার।

শরিফা আক্তার গণমাধ্যমকে জানান, ‘গতকাল রাতে আমার ফোনে দুটি নম্বর থেকে কল আসে। তারা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলেন, ‘‘তোফাজ্জল মোবাইল চুরি করেছে, তাকে আটক করে রাখা হয়েছে। ছাড়াতে হলে ২ লাখ টাকা দিতে হবে।’’ আমি বিষয়টি আত্মীয়-স্বজনকে জানাই। পরে সকালে জানতে পারি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দেবর তোফাজ্জল হত্যার সুষ্ঠু বিচার চাই।’

তিনি আরও জানান, ‘মাসুদ কামাল তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সাল থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন, কিন্তু চুরি বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। পরিবারের আর্থিক সমস্যার কারণে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। এক সময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সব সময় এলাকাতেই থাকতেন।’

তোফাজ্জলের প্রতিবেশী লিটন তালুকদার বলেন, ‘তোফাজ্জল একজন মেধাবী ছাত্র ছিলেন। তবে কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। তার পরিবারের অবস্থা খুবই খারাপ, তাই চিকিৎসা করানো হয়নি। তিনি এলাকায় চুরি বা অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। আমরা তার হত্যার খবর শুনে শোকাহত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

পরিবার সূত্রে জানা যায়, তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি একসময় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান, ২০১৩ সালে মা লিভার ক্যান্সারে মারা যান এবং ২০২৩ সালে বড় ভাই লিভার ক্যান্সারে মারা যান। পরিবারে এখন কেবল তার ভাবি ও তার দুই সন্তান রয়েছেন।

জানা যায়, তোফাজ্জল তার এলাকার এক মেয়েকে ভালোবাসতেন, তবে সেই মেয়ের অন্যত্র বিয়ে হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ২০২০ সাল থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তিনি তখন থেকে রাস্তায় রাস্তায় ঘুরতেন এবং মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবনযাপন করতেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ শিক্ষার্থীদের পিটুনিতে তোফাজ্জল মারা যান। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে এবং ইতিমধ্যে পুলিশ চারজনকে আটক করেছে।

সূত্র: আমাদের সময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্য সাবেক উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, তিনজন প্রক্টর, কিছু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রাশিদুল ইসলাম শেখ।

অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই দুপুর ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। যখন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কাছে পৌঁছায়, তখন একদল সশস্ত্র সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন।

মামলার অভিযোগ অনুযায়ী, এ হামলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং অধ্যাপক রাশিদুল ইসলাম শেখের নির্দেশে হয়। এজাহারে নাম উল্লেখ করা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাদেরও হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন মামলাটি দায়ের করেন। অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।

২ বছর ব্যবহার না হলে

২ বছর ব্যবহার না হলে বন্ধ হবে জিমেইল অ্যাকাউন্ট

২ বছর ব্যবহার না হলে বন্ধ হবে জিমেইল অ্যাকাউন্ট

ডেস্ক রিপোর্ট:

আমাদের দৈনন্দিন জীবনে জিমেইল একটি অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে। এটি কেবল ব্যক্তিগত কাজেই নয়, অফিসিয়াল কাজেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেখানে ডকুমেন্ট, ছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল শেয়ার করা হয় ই-মেইলের মাধ্যমে। তবে গুগল সম্প্রতি জানিয়েছে যে, আসন্ন ২০ সেপ্টেম্বর থেকে যারা দীর্ঘদিন ধরে তাদের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করছেন না, সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় থাকে, তবে সমস্যায় পড়তে পারেন।

গুগল বলেছে, তাদের সার্ভারের ওপর বাড়তি চাপ কমানো এবং স্টোরেজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকাল অনেকেই বিভিন্ন কারণে একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলেও, সবগুলো অ্যাকাউন্ট সক্রিয় রাখেন না। এই কারণেই গুগল এই উদ্যোগ নিয়েছে।

গুগলের নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোর জন্য প্রথমে একটি নোটিফিকেশন পাঠানো হবে, যাতে ব্যবহারকারীরা অ্যাকাউন্টটি সক্রিয় করতে পারেন। কিন্তু যদি এরপরও অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় থাকে, তাহলে গুগল সেটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেবে।

যদি আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট সচল রাখতে চান, তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে পারেন। যেমন: আপনার অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করা, ই-মেইল পাঠানো বা প্রাপ্ত মেইলগুলো পড়া, গুগল ড্রাইভ বা গুগল ফটো ব্যবহার করে ফাইল শেয়ার করা। এছাড়াও, জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখুন অথবা গুগলে কিছু সার্চ করুন। এই কাজগুলো আপনার অ্যাকাউন্টকে সক্রিয় রাখতে সাহায্য করবে এবং বন্ধ হওয়ার ঝুঁকি কমাবে।

ভুয়া মুক্তিযোদ্ধা নামক ফেইসবুক আইডিতে আজাদের ছবি ব্যবহার, থানায় জিডি

সালাউদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের আমির আলীর ছেলে প্রবাসী আজাদের ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি আইডি খুলে নানান অপকর্ম চালাচ্ছে একটি মহল।

বিষয়টি প্রবাসী আজাদ এবং তার পরিবারের নজরে আসলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল ১৮ ই সেপ্টেম্বর মঙ্গলবারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন আজাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস পিংকি।

এ বিষয়ে আজাদ বলেন, গত কয়েকদিন ধরেই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি ফেসবুক আইডিতে আমার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশদ্রোহী, হয়রানি মূলক অপপ্রচার করে আসছে একটি কুচক্রী মহল। আমি প্রবাসে থাকায় আমার স্ত্রীকে দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা এবং আইনি পদক্ষেপের জন্য সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

প্রথম নারী ইউএনও

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাঈমা ইসলাম ।

বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় দাউদকান্দি অফিসার্স ক্লাব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত দাউদকান্দি উপজেলার দায়িত্বভার গ্রহন করে ইউএনও নাঈমা ইসলাম বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে নারী বা পুরুষ ভেদাভেদ করতে চাই না। নারী হিসেবে এখানে এসেছি এটা ব্যাতিক্রম হতে পারে, যেহেতু এখানে আগে কাউকে দেয়া হয়নি তাই। আর বর্তমান যুগে কিন্তু নারী পুরুষ ভেদাভেদ করা হয় না। নারী পুরুষ সবার জন্য কাজ করতে চাই। বাংলাদেশে পিছিয়ে পড়া অনেক নারীরা আছেন, সুযোগ পেলে তাদেরকে সহযোগিতা বা কর্মক্ষম করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায়

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে, পাঁচটি ইউনিয়নের প্রায় ১৬০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক বিধ্বস্ত হয়েছে। বন্যায় চারটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় শত কোটি টাকার সম্পদহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা বিপদসংকুল পরিস্থিতিতে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতেও সড়কগুলোর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক অসুবিধা পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যার পানিতে বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও ৫ থেকে ১০ ফুট পর্যন্ত মাটি সরে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুয়ার বাজার-মহিষমারা-শিকারপুর বুরবুড়িয়া সড়কটি, যেখানে প্রায় এক কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যাতায়াত সমস্যা কেবল আর্থিক নয়, সামাজিক এবং স্বাস্থ্যগত দিক থেকেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না, অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

উপজেলার বিভিন্ন সড়কে চলমান সংকটের কারণে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে মেরামত কাজ চালিয়ে গেলেও তা যথেষ্ট হচ্ছে না। প্রয়োজনীয় অর্থ এবং প্রকৌশল সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিতে হবে। একইসঙ্গে, এলাকাবাসী দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানাচ্ছেন, যাতে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের যাতায়াত এবং জীবনযাত্রা ব্যাহত না হয়।

এলজিইডি বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে।

চলতি অর্থবছরেই বাংলাদেশকে

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার আশা প্রকাশ করেছেন যে চলতি অর্থবছরেই বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মার্টিন রেইজার বলেন, “আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”

অন্তর্বর্তী সরকারের জন্য কত পরিমাণ সহায়তা দেওয়া হবে, এ প্রশ্নে তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালকরা। এজন্য আমি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি বলছি, আমরা বাংলাদেশের বিভিন্ন খাতে সহায়তা করতে চাই। চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়া হবে বলে ধারণা করছি।”

তিনি আরও বলেন, এই অর্থের কিছু অংশ বাজেট সহায়তা হিসেবে, কিছু প্রকল্প এবং স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য ব্যয় করা হবে। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর পাশাপাশি জরুরি সহায়তা হিসেবেও এই অর্থ ব্যয় করা হবে।

আনিসুল-সালমানের

আনিসুল-সালমানের আবারও ৫ দিনের রিমান্ড

আনিসুল-সালমানের আবারও ৫ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এটি নিয়ে চতুর্থবারের মতো তাদের রিমান্ডে দেওয়া হলো।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়।

এদিন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তিন দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।