All posts by jitu

৬ মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের চালাকি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিতের বিষয়টি সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হয়৷ সরকারের চালাকি ৬ মাস করে সাজা স্থগিত করছে৷ তার মানে সাজা কমছে না৷ ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে৷ এটা আরেকটি খেলা। পুরো সাজানো একটা মামলা ছিল। মূল লক্ষ্য ছিল— রাজনীতি থেকে সরিয়ে দেওয়া৷

তিনি বলেন, সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে৷ এখানে আইনের শাসন নেই। প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে৷ বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত, সংবাদমাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে। বেআইনিভাবে দখল করা ক্ষমতাকে দীর্ঘায়িত করাই লক্ষ্য।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক ও এক। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে, গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে৷

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যেসব চুক্তি করা হচ্ছে, তার কোনোটাই বাংলাদেশের পক্ষে না৷ পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন, চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না৷ শুধু একটা কথা বলব— দেশের সঙ্গে বেইমানি করবেন না৷ এমন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবেন না, যেটা জনগণের স্বার্থবিরোধী। ভারত সফর থেকে এবার কী এনেছেন। সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই৷ ভারত নাকি আমাদের কাছের বন্ধু। এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে। এমন নজির বিশ্বে কোথাও নেই৷ সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে তাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না৷ আমরা ক্ষমতায় যেতে চাই না। অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই৷ যারা আসবে তাদের বরণ করে নেব৷ কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন, সেটা হতে দেব না৷

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্দি করে রেখেছেন, সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, কোনো সমস্যা যদি না থাকে তাহলে মুক্তি দেন। সেদিকে তো আপনারা যাচ্ছেন না।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা শিরীন সুলতানা, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলীম, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

নওয়াজ গাঁজা খাওয়ার পর বুঝতে পারেন তিনি ‘ভুল করছেন’

ডেস্ক রিপোর্ট:

অতীতে গাঁজা সেবনের অভ্যাস ছিল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনের। সম্প্রতি নিজের পুরোনো অভ্যাস নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করে অনুতপ্তও প্রকাশ করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে হাজির হয়েছিলেন নওয়াজ। সেখানে অভিনেতার গাঁজা সেবনের অভ্যাস ছিল কিনা, প্রশ্ন করা হয়। তিনি যে গাঁজা সেবন করতেন, তা স্বীকার করেন নওয়াজউদ্দিন। জানান, সঙ্গদোষে গাঁজা সেবনের অভ্যাস তৈরি হয়েছিল অভিনেতার। বেশ আসক্তও ছিলেন তিনি। পরে তিনি বুঝতে পারেন, তার অভ্যাসটা ভুল ছিল।

নওয়াজের কথায়, ‘আমার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ ছিল যারা গাঁজা সেবন করতেন। এবং এক পর্যায়ে আমিও তাদের সঙ্গে জড়িয়ে যাই, গাঁজা সেবন করি। এরপর বুঝতে পারি যে আমি কিছু একটা ভুল করছি।’

ওই পডকাস্টে নওয়াজকে প্রশ্ন করা হয় তিনি কখনও একাকী বোধ করেছেন কী না। জবাবে অভিনেতা বলেন, ‘মোটেই না, বরং আমি একা থাকাতেই খুব ভালো আছি। আসলে আমি থাকাটা উপভোগ করি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তিনি আমাকে একা থাকার সুযোগ দিয়েছেন।’

বলিউডে ধর্মীয় বিভেদের বিষয়টি রয়েছে কিনা, তা নিয়েও ওই পডকাস্টে কথা বলেছেন নওয়াজ। জানান, বলিউডে তিনি কখনও ধর্মীয় বিভেদ দেখেননি। অভিনেতার কথায়, ‘সমাজের অন্যদের বলিউড থেকে শেখা উচিত, সব ধর্মকে কীভাবে সম্মান করতে হয়।’

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। প্রায় দুই দশকের কাছাকাছি সময়ের ক্যারিয়ার তার। লম্বা এই সময়ে ছোট চরিত্র থেকে শুরু করে মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সালমান-শাহরুখ থেকে শুরু করে বিভিন্ন ব্লকবাস্টার সিনেমায় মূল চরিত্রেও।

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম ‘হাদ্দি’-তে দেখা গেছে নওয়াজউদ্দিনকে। খুব শীঘ্রই ডিজিটাল প্রকল্প ‘রাউতু কা রাজ’ তে দেখা দেবেন এই অভিনেতা।

প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে

ডেস্ক রিপোর্ট:

সুষম-জনকল্যাণমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার।
শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে।

এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।

২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮ ক্যাটাগরিতে উন্নীত করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম-উন্নয়ন, আত্ম-নির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।

কবিতা: যখন আমি থাকব না

 

মো: আবদুর রহিম:

যখন বাঁশি বাজবে
থেমে যাবে আমার বাঁশি চিরতরে
এই চিরচেনা পথে
পড়বে না আমার পদক্ষেপ
হয়তো উত্তরসূরী কেউ খুঁজতে পারে
আমার পদচিহ্ন ক্ষণকালের জন্য।
আমার শৈশবস্মৃতি বিজড়িত গাঁয়ে
ছুটে যাব না আর খুঁজতে আমার
শিকড়ের সকল স্মৃতি।
গাঁয়ের হাট,ঘাট, মাঠ
ডাকবে না আমায় আকুল হয়ে
তাদের নিয়ে মেতে উঠতে কবিতা ও গানে
হাঁটতে হাঁটতে গাইব না গান গুনগুন করে
সবুজ মাঠের কোণে অথবা তিতাসের তীরে
হবে না জম্পেশ আড্ডা
সাহিত্যপ্রেমীদের ভিড়ে।
যাওয়া হবে না সঙ্গীতের আসরে
অপূর্ব সুরের মূর্ছনা তুলবে না ঝংকার প্রাণে।
গলা ছেড়ে গাইব না হামদ ও নাত
অতি ভক্তি ও গাম্ভীর্যের সাথে, কোন অনুষ্ঠানে।
ছোট বড় কাগজে হবে না ছাপা
আমার কোনো লেখা
প্রিয় মানুষদের প্রিয় মুখগুলো হবে না আর দেখা
ফেসবুকের শত শত চেনা মুখ
যারা উন্মুখ হয়ে দেখে আমার পোস্ট
তারাও পুরাতন পোস্টে খুঁজবে আমায়
করবে বেদনার স্মৃতি রোমন্থন।
আমার তাকের প্রিয় বইগুলোতে
পড়বে ধুলোর আবরণ
আমার কোমল স্পর্শে তারা হবে না প্রাণীত।
জীবনযুদ্ধের সব হিসেব যাবে চুকে
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব আর হতাশার গ্লানি
জ্বালাবে না যন্ত্রণার হুতাশন বুকে।
পরিচিতদের টেবিল টকে
কিছুদিন হয়তো থাকব আলোচনায়
কেউ বলবে,” তার কথা, তার কণ্ঠ
আজও কানে বাজে।”
কেউ বলবে, “লোকটা ছিল অপরিণামদর্শী খুব বাজে।”
তারপর সব স্মৃতি সব গল্প
তলিয়ে যাবে বিস্মৃতির অতলে।

রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নকল্পে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে রাশিয়া, চীন, তুরস্ক ও ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় কার্যক্রম চলমান, যা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাহিনীগুলোর গঠন ও উন্নয়নের ক্ষেত্রে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। বর্তমানে ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়ন কার্যক্রম চলমান। ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সরকার রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ হতে সমরাস্ত্র ক্রয় কার্যক্রম চলমান, যা ভবিষ্যতে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের লক্ষ্যে এ পর্যন্ত সেনাবাহিনীর জন্য যেসব উন্নত সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে এর মধ্যে রয়েছে, কাসা ইউটিলিটি বিমান, ডলফিন ইউরোকপ্টার, ডায়মন্ড প্রশিক্ষণ বিমান, এমবিটি-২০০০ ট্যাংক, ভিটি-ফাইভ লাইট ট্যাংক, আর্মার্ড রিকভারি ভেহিক্যাল, সেলফ প্রপেল্ড (এসপি) কামান, অ্যান্টি ট্যাংক গাইডেড উইপন, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, মাইন-রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিক্যাল, আনম্যানড এরিয়াল ভেহিক্যাল, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, রাডার কন্ট্রোল এয়ার ডিফেন্স গান সিস্টেম, নাইট ভিশন মনোকুলার, অত্যাধুনিক সমরাস্ত্র, আধুনিক যোগাযোগ সরঞ্জামাদি উল্লেখযোগ্য।

তিনি বলেন, দেশের সমুদ্র নিরাপত্তা এবং সম্পদ রক্ষার বিষয়ে সরকারের প্রথম মেয়াদ থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে অত্যাধুনিক সাবমেরিন, ক্যাসল ক্লাস জাহাজ, ফ্রিগেড, করভেট, সমুদ্র জরিপ জাহাজ, লার্জ প্যাট্রোল ক্রাফট, মেরিটাইম প্যাট্রোল এয়ার ক্রাফট এবং মেরিটাইম হেলিকপ্টারসহ অত্যাধুনিক নৌযুদ্ধ সরঞ্জাম বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত হয়েছে।

একই সঙ্গে নৌবাহিনীর আধুনিকায়নের জন্য ডাইভিং বোট, ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি, রিমোট কন্ট্রোল গান, আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম ইত্যাদিসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, নেটওয়ার্ক হাব স্টেশন, টেকটিকেল ফায়ারিং রেঞ্জ, লং রেঞ্জ এয়ার ডিফেন্স ও সার্ভিলেন্স রাডার, বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র ক্রয় করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর জন্য আইএফএফ সেন্টার গঠনের প্রক্রিয়া বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন যুগোপযোগী কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমআই জি-২৯, ইয়াক-১৩০ এবং এফ-৭ বিজি-১ যুদ্ধ বিমান, সি-১৩০ জে এবং কে-৮ বিমান, এমআই১৭১ হেলিকপ্টারসহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা হয়েছে। এ সকল আধুনিকায়নের ফলে বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে।

ভারতের কথা মতোই চলে ক্রিকেট, ওদের বিরুদ্ধে কে কথা বলবে?

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটে একক আধিপত্য বিস্তার করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের কথা মতোই চলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি)।

ভারতের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো নেই। বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ভারতের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না।

ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল।

তিনি বলেছেন, ‘কেউ ভারতের উপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার আরও বলেছেন, ‘বিশ্বকাপের সময় অন্যকোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’

তিনি আরও বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’

সূত্র: যুগান্তর

অতিরিক্ত গরমে গলে গেছে আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্য

ডেস্ক রিপোর্ট:

অতিরিক্ত গরমে গলে গেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি মোমের ভাস্কর্য। ওয়াশিংটন ডিসিতে তৈরি করা হয়েছিল ৬ ফুট লম্বা এ ভাস্কর্যটি। গত কয়েকদিন ধরে সেখানে তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হচ্ছে।

তাপমাত্রা বেড়ে একদিন ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এতে করে ক্যাম্প বার্কারে অবস্থিত মোমের ভাস্কর্যটি গলে যায়। আমেরিকান গৃহযুদ্ধের সময় ক্যাম্প বার্কারে একটি শরণার্থী ক্যাম্প খোলা হয়েছিল। যেখানে আশ্রয় দেওয়া হয়েছিল দাসত্ব থেকে মুক্তি পাওয়া আফ্রিকান আমেরিকানদের।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথমে ভাস্কর্যটির মাথাটি তাপের কাছে হার স্বীকার করে। এরপর গলে যায় এটির পা। তবে ইতিমধ্যে এটি ঠিক করার কার্যক্রম শুরু হয়েছে।

যেখানে ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল সেখানে এখন একটি রেপ্লিকা ভাস্কর্য স্থাপন করা হবে। যা ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।

ভাস্কর্যটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্পী স্যান্ডি উইলিয়ামস। তিনি মোমের বেশ কয়েকটি (সিরিজ) ভাস্কর্য বানিয়েছিলেন। এই সিরিজের অংশ হিসেবে বানানো হয়েছিল আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্যও। এরপর এটি স্থাপন করা হয় ক্যাম্প বার্কারে। বর্তমানে সেখানে একটি স্কুল রয়েছে।

সূত্র: বিবিসি

হোমনায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনায় সাপের কামড়ে তানজিনা আক্তার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তাদের নিজ বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তানজিনাকে সাপে কাটে। দুপুরের দিকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

তিনি হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পরিবারের সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে তাদের নিজ বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তানজিনাকে সাপে কাটে। তবে সাপটিক কোন প্রজাতির তা জানাতে পারেনি কেউ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার চিকিৎসা শুরু হয়।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাপে কাটা তানজিনাকে এন্টিভেনম দেয়ার পর হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তার পরিবার সেটি না মেনে তাকে জোরপূর্বক এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে কোনো কাজ না হওয়ায় আবার হাসপাতালে ফেরার পথে তার মৃত্যু হয়।

তানজিনার স্বামী আলী আহমেদ জানান, সকাল আনুমানিক ৭ টায় নিজ বাড়ির বিছানাতেই শুয়েছিল তানজিনা। এই সময় তার বাম পায়ে আঙ্গুলে সাপের ছোবল টের পায়। উঠে খাটের নিচে তাকাতেই কালো রঙের একটি সাপকে চলে যেতে দেখে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সকাল আটটায় নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঔষধ দেওয়ার পর সেখান থেকে স্থানীয় এক কবিরাজের কাছে ‘পানপড়া’ খাওয়ানোর জন্য নিয়ে গেলে সেখান থেকে তানজিনাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফেরার পথে তানজিনার শারীরিক অবস্থা আরো অবনতি ঘটলে তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

আলি আহমেদ জানান, কি সাপে কেটেছে বলতে পারছিনা। তবে সাপটি কালো রঙের ছিল। স্থানীয়রা এধরনের সাপকে কালি ফানক নামে ডাকে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম জানান, সাপে কাটা রোগী তানজিনা আসার পর তাকে অ্যান্টি ভেনম এর ডোজ শুরু করা হয়েছিল। কিন্তু সেটি মাঝামাঝি পর্যায়ে থাকাকালীন সময়ে তার পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে জোরপূর্বক নিয়ে যায়। পরে শুনেছি তাকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়েছে।

সাপটি কি ধরনের সেটি তিনি নিশ্চিত ভাবে বলতে পারেননি। তবে তিনি জানান, তানজিনাকে কেটেছে তা বিষধর ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম জানান, তানজিনাকে যখন নিয়ে আসে তখন তার শরীরে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গও দেখা গেছে। তার চোখের পাতা বারবার পড়ে আসছিল এবং গলা শুকিয়ে আসছিল। চিকিৎসকরা তাকে এন্টিভেনম দেয়ার মাঝামাঝি সময়ে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায়। পরে আবার হাসপাতালে আনলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে, কুমিল্লা অঞ্চলে কাল কেউটে বা কাল নাগিন সাপকে কালী ফানক হিসেবে চেনা হয়।

কুমিল্লায় সমাজকর্মী হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্ট:

২০১১ সালে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকায় সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যদন্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই সময় দন্ডপ্রাপ্ত আসামীদের ৫০ হাজার টাকা করে নগদ অর্থদন্ডে দন্ডিত করা হয়। বুধবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা জেলা ও দায়রা চর্তুথ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: মাসুম (পলাতক) তাজুল ইসলাম (পলাতক) মোহাম্মদ মোস্তফা (পলাতক), আব্দুল কাইয়ুম (উপস্থিত) আব্দুল কাইয়ুম (পলাতক), তবদল হোসেন (উপস্থিত)

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, মোহাম্মদ নানু মিয়া (উপস্থিত), মোঃ আব্দুল মতিন (উপস্থিত), মাইদুল ইসলাম (পলাতক)
বাবুল মিয়া (উপস্থিত) শফিকুল ইসলাম (উপস্থিত), মোসলেম মিয়া (উপস্থিত), শফিকুল ইসলাম (উপস্থিত), মো: হেলাল (উপস্থিত), মো: বেলাল (পলাতক), আব্দুল আওয়াল (উপস্থিত)

মামলার এজাহার সূত্রে জানা যায়, সমাজকর্মী নুরুল হক এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতেন এবং সমাজের সালিশ করতেন। মামলার প্রধান আসামী মাসুমের সাথে স্থানীয় ফরিদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রধান আসামী মাসুম দীর্ঘদিন ধরে ফরিদ মিয়ার ১২ শতক জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করে আসছিলেন। পরে নূরুল হক সালিশের মাধ্যমে ফরিদ মিয়ার ১২ শতক জায়গা ফিরিয়ে দেয়ার জন্য মাসুমকে বিপক্ষে রায় দেয়। এই রায়ে ক্ষুব্ধ হয় মাসুম।

২০১১ সালের ১৬ই ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লা থেকে বাড়িতে ফেরার পথে সবুজপাড়া শিলদাই রাস্তায় পৌছালে পূর্বপরিকল্পিত ভাবে রিক্সাযোগে আসামীরা ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র দিয়ে নুরুল হকের উপর অর্তকিত হামলা করে। মামলার প্রধান আসামী মাসুম ভল্লম দিয়ে হত্যার উদ্দেশ্য নুরুল হকের বুকে ৪ বার মারাত্মকভাবে জখম করে। আসামী তাজুল ইসলাম, মোস্তাফা, সুমন মাস্টারসহ অন্যান্য আসামীরা মিলে নুরুল হকের শরিরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে ঘটনাস্থলে মারা যায় নুরুল হক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই ঘটনায় নিহত নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে ১৭ই ফেব্রুয়ারী ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় আরো ১০/১৫ জন আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিল। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন, অপর ৭ আসামি পলাতক রয়েছে। মামলার বিচার চলাকালীন সময়ে ২ আসামি মৃত্যুবরণ করেন এবং ২ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে সমবায়ী নিয়ে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজারদের সমন্বয়ে সমবায়ীদের নিয়ে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমিতির ম্যানেজারদের মাঝে পারিতোষিক ভাতা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিসোর্সপারসন হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় (১ম সংশোধিত) বার্ড (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) এর প্রকল্প পরিচালক (পিডি-উপসচিব) ড. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া শাহীনুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক এবিএম আবুল কালাম, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মো: মমিনুল ইসলাম মজুমদার, মো: আব্দুল মমিন, তফুরা বেগম প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার সহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।