মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জামিন নেওয়া সাবেক বিচারপতি মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০২৪
news-image

সিলেটে জামিন নেওয়া সাবেক বিচারপতি মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

সিলেটের একটি আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‍্যাবের হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি জানান, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁওয়ের পুরান বিমানবন্দরে র‍্যাবের হেলিকপ্টার অবতরণ করে। এরপর তাকে ঢাকা মহানগর পুলিশে সোপর্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, বিচারপতি মানিককে ঢাকায় আনা হয়েছে এবং থানার একটি টিম তাকে এস্কর্ট করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ইসরাইল হাওলাদার বলেন, “যদিও তিনি সিলেটের মামলায় জামিন পেয়েছেন, ঢাকায় তার নামে আরো চার-পাঁচটি মামলা রয়েছে। বলা যায়, তিনি কারাগার বদল করেছেন। ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি এবং তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।”

এর আগে, সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন।