All posts by jitu

নোয়াখালীতে ঋণের চাপে চিরকুট লিখে আ.লীগ সভাপতির আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে গলায় ফাঁস দিয়ে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর সোয়া ‌১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন মজুমদার (৬৫) উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়ির মৃত ছলিম উদ্দিন মজুমদারের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।

কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেক হোসেন বলেন, ঋণের চাপে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। চিরকুটে তিনি ঋণের বিষয়টি উল্লেখ করে গেছেন।

কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বেলাল ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মূলত তার পিছনে তার পরিবারে হাল ধরার মত আর কেউ ছিলনা। তার আয়-রোজগারে সংসার চলত। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, কামাল মজুমদার পেশায় একজন কৃষক ছিলেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল বলে জানান স্থানীয়রা। সোমবার দিবাগত গভীর রাতে তিনি পরিবারের সদস্যদের অগোচরে ঘরের সামনে কাঁঠাল গাছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের সময় তার স্বজনদের কাছে ছয় পৃষ্টার একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তার মৃত্যুর কারণ হিসেবে ঋণের চাপ ও অভাব অনটনকে দায়ী করা হয়েছে। তবে চিরকুট নিহত কৃষকের হাতের লেখা কিনা তা খতিয়ে দেখা হবে। আজকে তার এক লক্ষ টাকার ওপরে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল।

এসআই জাকির হোসেন আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

নোয়াখালীতে সড়কে চাঁদাবাজি: নগদ টাকাসহ গ্রেপ্তার ৩৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৩৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ এসময় চাঁদা আদায়ের নগদ ৯৮হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠিসোঁটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল সোমবার দুপুরের দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তারা নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরের এবং বেগমগঞ্জের চৌমুহনী, চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি,সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি অটোরিকশা থেকে চাঁদাবাজি করে। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নেয়। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ও আভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকত। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাংচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, চক্রটি জেলার বিভিন্ন এলাকার মহসড়ক থেকে প্রতি রাতে পণ্যবাহী গাড়ি,সিএনজি, অটোরিকশা চালকদের থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা ও সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় শিক্ষার্থী কাশপিয়ার মৃত্যু নিয়ে রহস্য বাড়ছে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাশপিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান তিন আসামি এখনো ধরাছোয়াঁর বাইরে। তবে মামলার ৪ নম্বর আসামি মো: রাহিম(২২) গ্রেফতার হয়েছে।

কাশপিয়ার মৃত্যু আত্মহত্যা হিসেবে মামলা হলেও এই মৃত্যুকে ঘিরে প্রতিনিয়ত রহস্য বাড়ছে। নিহতের পরিবারের অনেকেই বলছেন এটা পরিকল্পিত হত্যা, আত্মহত্যা নয়। বাড়িতে একা পেয়ে কাশপিয়াকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতকরা। আর ঘাতকরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় এ রহস্য আরো ঘনীভূত হচ্ছে। আসামিদের প্রায় এলাকায় দেখা গেলেও রাজনৈতিক কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

নিহত বারিহা সিদ্দিকা কাশপিয়া (১২) কুমিল্লা সদরের আমতলী পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলী বাড়ির বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ১৯ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে নির্জন বাড়িতে কাশপিয়ার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের মা ছায়েমা আক্তার শান্তা । মামলার প্রধান চার আসামি হলেন সদরের আমতলী এলাকার মোবারক হোসেনের ছেলে সজিব হোসেন (২৪),শাহ আলমের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২),ময়নাল হোসেনের ছেলে রকিব হোসেন (২২) এবং আবুল কাশেমের ছেলে মো: রাহিম(২২)।

থানায় দায়ের করা মামলায় নিহতের মা শান্তা জানায়, আমার বড় মেয়ে বারিহা সিদ্দিকা কাশপিয়া গত ৮/৯ মাস ধরে ফেসবুকের মাধ্যমে প্রতিবেশী মোবারক হোসেনের ছেলে সজীব হোসেনের সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। পরে ভিডিও কলে কথা বলার সময় সজীব আমার মেয়ের আপত্তিকর কিছু ছবি স্ক্রিণশট নিয়ে রেখে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। আমি এ বিষয়ে জানতে পেরে ছেলের মারে কাছে বিচার দেই এবং ছেলেকে আমার মেয়ের সাথে কথা বলতে বারণ করি। পরে সজীব আমার ভাসুরের ছেলে রাসেলের কাছে এসব আপত্তিকর ছবি পাঠায় । রাসেল এসব দেথে সজীবকে বাড়াবাড়ি করতে নিষেধ করে। পরে সামাজিকভাবে বসে সমাধানের চেষ্টা করি। কিন্তু তারা সামাজিক সিদ্ধান্ত না মেনে গত ১৯ জুন বিকেল ৪ টায় সজীব, রাব্বি, রকিব ও রাহিমের নেতৃত্বে আরো ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে আমার মেয়ে ও ভাসুরের ছেলেকে খোঁজ করতে। তারা বাড়িতে এসে আমার মেয়ের নামে অশ্লীল কথাবার্তা বলে যায়। আশেপাশের সবার সামনে আমার মেয়েকে অপমান করে । পরে বিকেল সাড়ে ৪ টায় আমার মেয়ে কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাই। এর আগে ২ জুন কাশপিয়ার মা শান্তা নিরাপত্তা চেয়ে এই আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছিলেন।

পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও নিহতের পরিবারের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, সজীব, রাব্বিরা যখন বাড়িতে হামলা করতে আসে তখন কাশপিয়া তার কক্ষে একা ছিল। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর কাশপিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে মরদেহের কিছু চিত্র রহস্যের জন্ম দিয়েছে। যেমন, আত্মহত্যা করলে হাত মুষ্টিবদ্ধ থাকবে।মলদ্বারে মল থাকবে। কিন্তু কাশপিয়ার হাত মুষ্টিবদ্ধ ছিলনা। মলদ্বারে মল ছিল না। নিহতের পরিবারের দাবি তার কক্ষে একা পেয়ে কাশপিয়াকে হ্ত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে যায়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফিরোজ হোসেন জানান, আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করতেছি। আশা করি দ্রুতই অন্য আসামিরা গ্রেফতার হবে। আর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বলতে পারবো এটা হত্যা নাকি আত্মহত্যা।

শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী: দেবিদ্বারে রোশন আলী

 

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আলোচনা সভা করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ।

 

রোববার সকালে পৌর সদরের মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় এ আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

 

প্রধান অতিথির বক্তব্য রোশন আলী বলেন, বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িত আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পরতে পরতে এই দলটির যে অবদান, তা অবিস্মরণীয়। যে কারণে শত বাধা-বিপত্তি আর ষড়যন্ত্র মাড়িয়ে বাংলাদেশের সব সফলতার গল্পে অবদান আছে আওয়ামী লীগের। এখনও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি বিশ্বাস করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। তিনি সকল ষড়যন্ত্র পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি হাজী মোঃ আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে এবং দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ভিপি বাবুল হোসেন রাজু, দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা মোর্সেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্সেদা ও সাংগঠনিক সম্পাদক নিলুফা বেগম প্রমুখ।

‘পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষার অপপ্রয়াস থেকেই এ ধরনের বিবৃতি’

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতির সমালোচনা করেছে গণ অধিকার পরিষদ। দলটি বলছে, পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষা করার অপপ্রয়াস থেকেই এ ধরনের বিবৃতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে। সম্প্রতি গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

রোববার গণ অধিকার পরিষদের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের দুর্নীতিবাজ, অসৎ, ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের পক্ষে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

তারা দুর্নীতি, ক্ষমতার অব্যবহার করে অবৈধ সম্পত্তির মালিক হওয়াসহ নানাবিধ অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে সঠিক তদন্ত ও বিচার দাবি করেনি। বরং রাজনৈতিক রং মাখিয়ে গণমাধ্যমসহ যারা পুলিশ সদস্যদের দুর্নীতি, ক্ষমতার অব্যবহার নিয়ে সোচ্চার, তাদের নিয়ে বিষোদ্‌গার করে বিবৃতি দিয়েছে। যা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করতে পারে না। এটি সংবিধান ও নৈতিকতা পরিপন্থী।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের জনসেবায় পুলিশ সদস্যদের ইতিবাচক ভূমিকা রয়েছে। গুটিকয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দুর্নীতি ও অপকর্মের দায় পুরো বাহিনীর ওপর আসতে পারে না। কিন্তু পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রকারান্তরে অসৎ, দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের পক্ষে। পুলিশ বাহিনীসহ সব পর্যায়ের দুর্নীতিবাজ, অসৎ কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

‘দুর্নীতি উৎসাহিত হবে’, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক:

 

সাংবাদিকদের নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনটি বলেছে, সম্প্রতি পুলিশের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর কোনো কোনো মহল ও সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, দেশের কয়েকজন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হয়েছে বলে তাঁরা মনে করেন না। সাংবাদিকেরা সব সময় দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে থাকেন।

ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সব তথ্যই গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাংবাদিকদের বড় কাজটি হচ্ছে বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করা। সাংবাদিকেরা অনুসন্ধান করে তথ্য–উপাত্ত বের করে থাকেন এবং পেশাদারির সঙ্গে তা প্রকাশ করেন।

ইতিমধ্যে কিছু তথ্যভিত্তিক খবর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এসব সংবাদ কারও বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে যাঁদের নামে সাংবাদ প্রকাশিত হয়েছে, তাঁদের কাজ হচ্ছে প্রকাশিত তথ্যগুলো সঠিক কি না, তা প্রমাণ করা। কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি তাঁর ব্যক্তিগত বিষয়। এ নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদমাধ্যমকে দোষারোপ করা শোভন কাজ নয়; বরং এর মধ্যে দিয়ে ব্যক্তিগত দুর্নীতি উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে পারস্পরিক দোষারোপ করা যৌক্তিক নয়।

দেশের স্বার্থে সাংবাদিক-পুলিশ দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আগামী দিনেও একই সঙ্গে কাজ করবেন সাংবাদিক ও পুলিশ।
বাধাবিপত্তির মুখেও সাংবাদিক সমাজ তাঁদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয়—এমন বক্তব্য প্রদান থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানায় ডিআরইউ। তারা বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার বাংলাদেশের সংবিধানেই স্বীকৃত।

‘বিএনপি অপশক্তির তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেত’

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে আওয়ামী লীগের ৭৫ বছরের দীপ্ত পথচলায় দেশ আরও এগিয়ে যেত।

রোববার দুপুরে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত আওয়ামী লীগ সরকারের অধীনেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং সব সেক্টর কমান্ডার ও জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আজ নিম্নআয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয়, ধান ও শাক-সবজি উৎপাদনে তৃতীয় স্থানসহ ১৪টি কৃষিপণ্য উৎপাদনে দেশ আজ বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম।

পররাষ্ট্রমন্ত্রী আক্ষেপ করে বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আওয়ামী লীগকে এখনো দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তির মোকাবিলা করতে হয়। বিএনপি যদি এসব অপশক্তির তোষণ না করত, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেত।

ইতিহাসের দিকে তাকিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর ১৯৫৬ সালে পাকিস্তানে সরকার গঠন করে। পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হওয়ার পরই পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় এবং ১৯৫২ সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা হলেও ১৯৫৬ সালেই রাষ্ট্রভাষা হিসেবে কার্যকর হয়, কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনও সেই সময় চালু হয়।

প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফর অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ হয়েছে এবং শীঘ্রই প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

আরেক প্রশ্নের জবাবে হজপালনে সৌদি আরব সফরে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।

এ সময় সাংবাদিকরা এনবিআর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে এনবিআর সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।

দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে দলীয় পতাকা উত্তোলন, আনন্দর‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগরে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন।

উপজেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালালের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।

এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।

দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

ডেস্ক রিপোর্ট:

দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের নেতাকর্মীদের তিনি বলেন, এ সংগঠনকে সুসংগঠিত করতে হবে। আর জনগণের আস্থা অর্জন করতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয়, দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়…। হ্যাঁ, মৃত্যু হলে তো কিছু করার নেই। মৃত্যুর ওপর তো কারও হাত নেই। যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। মানুষের জন্য কাজ করে যাবো।

রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক, সেটাই চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ২০৪১, ২১০০, অনেক বয়স হয়েছে, হয়ত ততদিন থাকবো না। কিন্তু আজকে যারা নবীন, তারাই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে। আমরা তাদের জন্য স্মার্ট বাংলাদেশ গঠন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই হোক অঙ্গীকার।

আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বারবার আঘাত করেও আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যায়নি। আওয়ামী লীগ বারবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কারণ, আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। আমাদের শক্তি তৃণমূলের কর্মীরা, সৈনিকরা। তারা কখনো মাথা নত করে না।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, বিভিন্ন সময় নেতারা অনেকে ভুল করেছেন। আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছেন। যেসব নেতা ভুল করেছেন, তারা বুঝে নাই আকাশের তারার মতো তারাও জ্বলে উঠেছিল আওয়ামী লীগের আলোতেই। চলে যাওয়ায় হারিয়ে গেছে। হ্যাঁ, অনেকে ফিরেও এসেছে, আমরা গ্রহণ করেছি। আবার অনেকে এখনো সরকার পতনের আন্দোলন করে।

শেখ হাসিনা বলেন, মাতৃভাষায় কথা বলার অধিকার, ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা, মার্তৃভাষা সংরক্ষণে প্রকল্প গ্রহণ, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের স্বীকৃতি আদায় কিন্তু আওয়ামী লীগই এনে দিয়েছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থেকেছে। আজকে বাংলাদেশের যত অর্জন, সেগুলো আওয়ামী লীগই করেছে। কিন্তু বারবার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, জনগণের অধিকার আদায়ের সংগঠন।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন শেখ হাসিনা ও উপস্থিত নেতাকর্মীরা।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন পাইনি

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন পাইনি। তবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। যে আইনি ব্যবস্থায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, একই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ পাঠানো সম্ভব নয়।

রোববার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আমি যতটুকু তথ্য পেয়েছি আজ সকালে খালেদা জিয়ার হার্টের প্রেস মেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন বলে ২০২০ সাল থেকে তার সাজা স্থগিত রেখে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া তার পছন্দমতো হাসপাতালে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন।

যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনুদ্দিনের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনুদ্দিনকে নিয়ে ব্রিটেনের আদালত যে রায় দিয়েছেন, তা পক্ষপাতমূলক ও একপেশে। এই রায়ে সঠিক তথ্য পুরোটা আসেনি।