All posts by jitu

এবার টি-টোয়েন্টি ক্রিকেটে বিদায়ের ক্ষণ জানালেন ডেভিড ওয়ার্নার

ডেস্ক রিপোর্ট:

আগেই বলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকাপের ফাইনালটাই অস্ট্রেলিয়ার হয়ে তার শেষ ওয়ানডে ম্যাচ। অজি ক্রিকেটের নির্ভরতার প্রতীক ওয়ার্নার এরপর বিদায় বলে দিয়েছেন ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টকেও। চলতি বছরই শেষ হয়েছে সেই অধ্যায়। মারকুটে ব্যাটার হিসেবে সারাবিশ্বেই খ্যাতি আছে ওয়ার্নারের। অজিদের হয়ে এখন খেলছেন শুধুমাত্র ওই টি-টোয়েন্টি ফরম্যাট।

ব্যাট হাতে ওয়ার্নার এখনও ফুরিয়ে যাননি সেটার প্রমাণ মিলল ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজে। গতকাল (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার হেরে যাওয়া ম্যাচেও খেললেন ৮১ রানের ঝকঝকে এক ইনিংস। এমনকি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

তবে ওয়ার্নার জানালেন, দেশের মাটিতে এটাই ছিল শেষ। এরপর আর কখনোই অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে তাকে আর টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না। এর পেছনে কারণও আছে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যে অস্ট্রেলিয়ার জার্সি পাকাপাকিভাবে তুলে রাখবেন তিনিও। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের শেষ সিরিজেও তিনি হয়েছেন সিরিজসেরা। তখনই জানালেন নিজের অবসর পরিকল্পনার কথাটা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নারের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? উত্তরে বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’ ৩৭ বছরের ওয়ার্নার যে নতুন দিনের জন্য জায়গা ছেড়ে দিতে চান সেটা স্পষ্ট।

আরেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট জানতে চেয়েছিলেন এটাই কি তবে নিজ দেশে ওয়ার্নারের শেষ ম্যাচ? উত্তরে ওয়ার্নার জানালেন, অবশ্যই। নিজের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করলেন এরপরেই, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।’ বিশ্বকাপের আগে ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার জার্সিতে তাই আরেকবার দেখার সুযোগ আছে কেবল কিউইদের বিপক্ষে সিরিজে।

ওয়ার্নার আগেই ওয়ানডে আর টেস্টে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই বিদায়েও রেখেছেন ফেরার আভাস। নিজেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রয়োজন হলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ফিরে আসবেন তিনি।

কারাগারে যারা বন্দি তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বিএনপিকে গুম-নিখোঁজের তালিকা দিতে বলেন তিনি।

কারাগারে মৃত্যুর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। কারাগারে যারা বন্দি তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির নেতৃত্বে বিরোধীদল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কারাগারে মৃত্যুর খবর আমরা জানি। এ সংখ্যা ১৪/১৫ জন। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপির এমন দাবি কীভাবে করে? কথায় কথায় তারা গুম-খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের ওপর অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘গুম-খুন এইসব যে তথ্য-উপাত্ত ছাড়া মিথ্যাচার তারা করছে, তাহলে সত্যটা কী তারা বলুক। কাদের কাদের গুম-খুন করা হয়েছে? প্রমাণ কী? তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে, এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।’

আওয়ামী লীগ আমলে গুম-খুন নিয়ে আন্তর্জাতিক তদন্ত করা হবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম-খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম-হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?’

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারও অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লায় হয়ে গেল বিড়াল প্রেমীদের মিলন মেলা- ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ফেইজবুক গ্রুপ বিড়াল সমাচার, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিড়াল প্রেমীদের মিলন মেলা- ২০২৪।

মঙ্গলবার দিনব্যাপী নগরীর একটি পার্টি সেন্টারে মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।

বিড়াল সমাচার, কুমিল্লার এডমিন জাবেদ কাউছার রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রানী চিকিৎসক মারুফ হাসান ইমরান, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট সামিয়া আফরীন ঐশি, ভেট আসিফ, দিপা রাজন।

বিড়াল সমাচার, কুমিল্লার মডারেটর শিহাব মাহমুদের পরিচালনায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪ জনকে ৪ টি পার্সিয়ান বিড়াল ছানা উপহার দেয়া হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন নিজাম উদ্দিন কায়সার

শাহ ইমরান:

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচন-২০২৪ উপলক্ষে মনোনয়ন পএ জমা দিয়েছেন নিজাম উদ্দিন কায়সার।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির হোসেন,কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বাচ্চু, মাহবুবুর রহমান দুলাল, আতাউর রহমান ছুটি,আব্দুর রহমান,আব্দুল জলিল,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল কাইয়ুম,জেলা বিএনপির সদস্য ডাক্তার নজরুল ইসলাম শাহীন, এডভোকেট হামিদুল হক ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৪ দিন পর নববধূকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় বিয়ের ৪ দিনের পর নববধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার দুপুর ১টা থেকে ২ টার মধ্যে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় স্বামী আব্দুল হামিদ হত্যা কান্ডের ঘটনা ঘটান। এ ঘটনা টের পেয়ে বড় ভাই আব্দুল হানিফ এগিয়ে গেলে তাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় হামিদ।

খবর পেয়ে ঘটনাস্থলে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

এলাকাবাসী ও নববধূর স্বজন সূত্রে জানা গেছে, হীরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার প্রবাসী পুত্র আব্দুল হামিদের সাথে ৭/৮ মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের মৃত আব্দুর রাজ্জামের মেয়ে তাছলিমা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয়। গত শুক্রবার দুই পরিবারের অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে আব্দুল হামিদ। এরমধ্যে একবার তাছলিামকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে আসে। মঙ্গলবার দুপুরে হঠাৎ আশে পাশের লোকজন হৈ চৈ শুনে হামিদের বাড়িতে এসে দেখে হামিদ কলা কেটে স্ত্রীকে হত্যা করেছে।

এদিকে খবর পেয়ে নিহতের ভাই আব্দুল কুদ্দুছ ঘটনাস্থরে এসে বার বার মুর্ছা যাচ্ছিলেন আর বোনের নাম নিয়ে বিলাপ করছিলেন। তিনি বলেন, ৭/৮ মাস আসে বিদেশে থাকা অবস্থায় হামিদের সাথে বোনের বিয়ে হয়। গত শুক্রবার অনুষ্ঠান করে বোনকে স্বামীর বাড়িতে পাঠাই। এসময়ের মধ্যে কোন ঝামেলা হয়েছে কিনা বলতে পারিনা। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

স্থানীয় কয়েজন জানায়, হামিদ ৬ বছর বিদেশ ছিল। ১৫/২০ দিন আগে দেশে ফিরে আসে। সে কারও সাথে মিশতো না। সামাজিক মাধ্যমেও একটিভ ছিল না।

হীরাপুর গ্রামের বাসিন্দা মোঃ হেলাল মিয়া বলেন, দুপুরের নামাজ পড়ে হৈ চৈ শুনে দৌড়ে গিয়ে দেখি হামিদ তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনাস্থলে আসা আখাউড়া থানার সাব ইন্সপেক্টর নিজাম উদ্দিন বলেন, সোয়া ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বিছানায় গলা কাটা রক্তাক্ত অবস্থায় নববধূ পড়ে আছে। খাটের চারপাশে তখনও ঝুলছে বিয়ের রাতের ফুলের মালা।

রেকর্ড রানের ম্যাচে মঈনের হ্যাটট্রিক, কুমিল্লার বড় জয়

স্পোর্টস ডেস্ক:

উইল জ্যাকসের ঝড়ো সেঞ্চুরির পর মঈন আলীর হ্যাটট্রিক। ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রেকর্ড সংগ্রহ। এতকিছুর দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা কুমিল্লা জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে বিপিএল ইতিহাসে রেকর্ড সংগ্রহ পায়। চলতি আসরের ২৯তম ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান করে কুমিল্লা। রংপুর রাইডার্সের রেকর্ডে ভাগ বসায় কুমিল্লা। ২০১৯ আসরে চিটার্গ ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

তিন দিন আগে মিরপুরে মৌসুমের প্রথম দলীয় দুইশ রান করে রংপুর রাইডার্স। এই চট্টগ্রামের বিপক্ষেই সেই ম্যাচে দুশর দেখা পায়। তারও একদিন আগে অবশ্য দুর্দান্ত ঢাকার বিপক্ষে মৌসুমের প্রথম সেঞ্চুরি করেছিলেন কুমিল্লার তাওহীদ হৃদয়। এবার দ্বিতীয় সেঞ্চুরি করলেন ইংল্যান্ড তারকা জ্যাকস।

২৪০ রানের বিশাল লক্ষ্যে খেলতে নামে শুরুটা ভালো করে চট্টগ্রামও। ৭.৩ ওভারে ৮০ রান তোলেন জশ ব্রাউন ও তানজিদ হাসান। অবশেষে এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। তিনি ২৪ বলে ৪১ রান করা তানজিদকে জ্যাকসের ক্যাচে ফেরান। তানজিদ ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। এরপর ব্রাউনও দ্রুত ফিরে যান। রিশাদ হোসেনের বলে আউট হওয়া ব্রাউন ২৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ করেন।

এরপর সৈকত আলী ছাড়া আর কোনো ব্যাটারই চট্টগ্রামের হয়ে দাঁড়াতে পারেননি। মঈনের শিকার সৈকত মাত্র ১১ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৩৬ করেন। মঈন শেষ ওভারে শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে আউট করে হ্যাটট্রিকর পূরণ করেন।

কুমিল্লার বোলারদের মধ্যে মঈন ও রিশাদ ৪টি করে উইকেট ভাগ করেন নেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন লিটন দাস ও জ্যাকস। তারা ৭.৫ ওভারে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন। শহীদুল ইসলামের বলে আউট হওয়ার আগে অধিনায়ক লিটন ৬০ রান করেন। তিনি মাত্র ৩১ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান।

মাঝে তাওহীদ হৃদয় ও ব্রুক গাস্টকে দ্রুত হারায় কুমিল্লা। তবে চতুর্থ উইকেট জুটিতে মঈন আলীর সঙ্গে ফের জুটি গড়েন জ্যাকস। তারা ৫৩ বলে ১২৮ রানের পার্টনারশিপ গড়ে অপরজিত থাকেন। ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করা জ্যাকস শেষ পর্যন্ত ৫৩ বলে ৫টি চার ও ১০টি ছক্কায় ১০৮ রানের হার না মানা ইনিংস খেলেন। আর মঈন ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের বোলার শহীদুল ইসলাম ২টি উইকেট দখল করেন।

চলতি অর্থ বছরের ৬ মাসে ৫৯০০ কোটি টাকার ওষুধ রপ্তানি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে এবং চলতি বছরও ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করছে। দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ভাগ ওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টিরও বেশী দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করার নিমিত্ত উৎপাদনকারীদের সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়। ২০২৪ সালের জানুয়ারি মাস হতে দেশে উৎপাদিত ওষুধের Active Pharmaceutical Ingredient রপ্তানির জন্য ১০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল Ingredients and Appliance সহ) রপ্তানির জন্য ৮ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হবে বলে ফিনান্সিয়াল সার্কুলার জারি করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছরে দেশে উৎপাদিত ঔষধের Active Pharmaceutical Ingredient রপ্তানির জন্য ২০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল Ingredients and Appliance) রপ্তানির জন্য ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইউনিটে সিট বাড়ানোর কোনো সিদ্ধান্ত নাই।

তথ্য উপাত্ত ছাড়া গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের  

ডেস্ক রিপোর্ট:

ধানমন্ডিস্থ আওয়ামী সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশ বাঁচাও আন্দোলনের নামে বিএনপি দেশকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি গুম ও খুন নিয়ে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার করছে। দেশ বাঁচাও আন্দোলনের নামে তারা দেশটাকে ধ্বংস করতে, মানুষকে মেরে ফেলতে চায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন, তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। জেলে বন্দী অবস্থায় মৃত্যু হবে না, সে কথা তারা বলে কী করে?’

তিনি বলেন, ‘জেলে যারা মারা গেছে তাদের নিজেদের নেতাকর্মী দাবি করে বিএনপি। কারা কারা মারা গেছে সেই তালিকা প্রকাশ করুক তারা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ।

ফুল-ফাগুনের গান

এ কে সরকার শাওন:

চার দিগন্তে বন বনান্তে
জনপদে পড়েছে সাড়া;
পাত ঝরা শীতের শেষে
উৎসবে মেতেছে ধরা!

ফাল্গুধারায় হলুদ ছোঁয়ায়
সুর-লহরীর মূর্ছনায়;
বনে-মৌবনে অঙ্গনে-কাননে
ফুলেরা ডাকে ইশারায়।

হে অভিমানী প্রেয়সী সজনী
কেন মলিন মুখে বসে?
গা ঝাড়া দিয়ে জলদি এসো
হলদে ফুলের শীষে।

আর নয় রোদন এসেছে লগন
নয় অভিসার সঙ্গোপনে;
আবারো দু’জনে মিলবো ক্ষণে
এসো কবি’র কুঞ্জবনে।

আমি পড়বো পীত পাঞ্জাবী
সফেদ ধবল ইজার!
সুজানগরের আতরের ঘ্রাণে
মৌ মৌ করবে ধার।

বাসন্তী রংয়ের জগলু শাড়ীতে
তেজী লাল পাড়;
সবুজের লোকজ নকশায় ফুটবে
তোমার বসন্তের বাহার।

নানান গাদাঁ ফুলের চাঁদা
স্বহস্তে দিবো হেসে।
রক্তগাঁদার মালা পড়াবো
রাজগাঁদা গুজবো কেশে।

কানে শোভিত তাঁরাজবা
তুমি হাসলে দুলবে।
মিনুটা গাঁদার হাতের রাখি
নীরব স্বাক্ষী রইবে!

কোমল সবুজ ঘাসের গালিচায়
আমরা বসবো পাশাপাশি।
ফুলেরা রবে নীরব অনুভবে
উল্লাসে নাচবে বীথি!

ঠমকে গমকে হাসবে তুমি
মুখ যেন পূর্ণশশী।
সেই হাসির আলোকচ্ছটায়
ভুবন উঠবে উদ্ভাসি!

আমার পাঞ্জাবীর এলো বোতাম
ভালোবেসে দিবে সেঁটে!
নানান কথার ফুলঝুরিতে
তোমার হাতটি ধরবো এঁটে।

অকপটে সব মনের কথা
ফাল্গুনে বলবো তোমায়;
শাড়ীর আঁচল এলো কুন্তল
উড়াবে দক্ষিণা বায়।

মৌন হয়ে কান পেতে শুনবো
ফুল-ফাল্গুনের গান।
মন হারাবে প্রান জুড়াবে
ফাল্গুন হবে অফুরান।

হোক না বয়স ষাট-আশি
ফাল্গুন রেখো মনে।
আমি থাকি বা না-ই থাকি
মন হবে চনমনে।

কবিতাঃ ফুল-ফাগুনের গান
কাব্যগ্রন্থঃ প্রান্তিক-প্রান্তরে
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।

বড় রাজনৈতিক দল ভোটে না এলে নির্বাচন অশুদ্ধ হবে না: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বড় বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন অশুদ্ধ হবে না। নির্বাচন অবৈধ হবে না কিন্তু নির্বাচনের যে সর্বজনীনতা সেটা খর্ব হতে পারে, গ্রহণযোগ্যতা খর্ব হতে পারে, নির্বাচনের যে ন্যায্যতা সেটাও খর্ব হতে পারে কিন্তু লিগ্যালিটি নিয়ে হয়তো প্রশ্ন হবে না।

রাজধানীর জাতীয় নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, লিগ্যালিটির সঙ্গে লেজিটিমেটির যে সম্পর্ক আছে সেটাকে টোটালি উড়িয়ে দেওয়া যায় না। আমরা যদি এর মধ্যে সঠিক সমন্বয়টা ঘটাতে পারি, তাহলে সেটা আরও সুন্দর হয়ে ওঠে।

হাবিবুল আউয়াল বলেন, বিশিষ্টজনরা; যারা স্থানীয়ভাবে জনপ্রিয়—দল না; যেখানে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই স্থানে যারা জনগণকে সত্যিকারের ভালোবাসেন, জনগণের সঙ্গে পরিচিতি আছে, তারা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করুক। তিনি যে দলেই হোক, তারা অংশগ্রহণ করুক এবং জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি তারা যেন পরিপূর্ণ করতে পারে নির্বাচিত হওয়ার পর।

নির্বাচনে ভোটার উপস্থিতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমার যে অভিজ্ঞতা, আমারটা ভুল হতে পারে—সেখানে আমি সব সময় লক্ষ করেছি, উপস্থিতি অনেক বেশি হয়। স্থানীয় সরকার নির্বাচনে মানুষের সঙ্গে মানুষের বা ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে সম্পৃক্ততা, সেটা অনেক বেশি নিবিড় ও গভীর।

তিনি বলেন, যার কারণে যিনি প্রার্থী, তার সঙ্গে নৈকট্য অনেক বেশি থাকে। ফলে ভোটাররা অনেক বেশি আগ্রহী হয়ে থাকেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য। জাতীয় সংসদ নির্বাচনে যখন সব দল অংশগ্রহণ করে এবং প্রার্থীরা ব্যাপকভাবে নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, তখন উপস্থিতিটা আরও বেশি হয়।