All posts by jitu

প্রার্থিতা ফিরে পেতে পাঁচ দিনে ইসিতে ৫৬১ প্রার্থীর আপিল

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচদিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন ৫৬১ প্রার্থী।

শনিবার (৯ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে এ আপিল আবেদন করেন তারা।

ইসি কর্মকর্তারা বলেন, প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং আজ ১৩০ জন আপিল করেছেন। পাঁচদিনে মোট ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এরমধ্যে বেশ কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনও করা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

নোয়াখালীতে ভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন মা-মেয়ে

নোয়াখালী প্রতিনিধি:

বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে নোয়াখালীর জেলা ও বেগমগঞ্জ উপজেলা পর্যায়ে ভিন্ন ক্যাটাগরীতে একসাথে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন মা ও মেয়ে।

শনিবার (৯ ডিসেম্বর) “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় “সফল জননী” নারী ক্যাটাগরী”তে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে মা – বিবি মরিয়ম এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে তারই বড় মেয়ে ও পুলিশের এডিশনাল এসপি আকলিমা আক্তার এই সম্মাননা পেয়েছেন।

মা-বিবি মরিয়ম উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করলেও তার মেয়ে আকলিমা আক্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির মিনুসমাতে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বরত থাকায় তারই বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ছেলে শাদমান সাকিব মায়ের পক্ষে এই গৌরবমন্ডিত সম্মাননা গ্রহণ করেন।

“সফল জননী” বিবি মরিয়মের চার সন্তানের মধ্যে বড় মেয়ে ৩৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডার, ছোট ছেলে ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার, বড় ছেলে প্রথম শ্রেণীর অনার্স-মাস্টার্স সম্পন্ন করে এখন সফল ব্যবসায়ী, ছোট মেয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমান উচ্চ শিক্ষায় আমেরিকায় অধ্যয়নরত রয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুর রবের বিধবা কন্যা বিবি মরিয়ম, তার চার সন্তানকে প্রতিষ্ঠিত করে আজ সফল জননী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অন্যদিকে “সাফল্য অর্জনকারী নারী” হিসাবে তারই বড় মেয়ে ও পুলিশের এডিশনাল এসপি আকলিমা আক্তার কলেজের গণ্ডি পেরনের আগেই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুরবাড়ি একান্নবর্তী পরিবার ও স্বামী সন্তানদের দায়-দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন এবং পরে বিবিএ-এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রথম শ্রেণীতে এমবিএ-ও ডিগ্রী অর্জন করেন।

৩৪ তম বিসিএসে গেজেটেড মুক্তিযোদ্ধার নাতনী হিসেবে “মুক্তিযোদ্ধা কোটা” পাওয়ার চেষ্টা না করে সবার সাথে প্রতিযোগিতা করে মেধার ভিত্তিতে তিনি ‘পুলিশ ক্যাডারের’ জন্য সুপারিশ প্রাপ্ত হয়ে পুলিশে যোগদান করেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে “মাষ্টার্স অব পুলিশ সাইন্সে” কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে তৃতীয় মাস্টার ডিগ্রী অর্জন করেন।

আট বছর বাংলাদেশ পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার বিক্ষুব্ধ দেশ মালির মিনুসমায় বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের প্লাটুন কমান্ডার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ অবস্থিত নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে (এষড়নধষ ঝবপঁৎরঃু, ঈড়হভষরপঃ গধহধমবসবহঃ ্ ঈুনবৎ ঈৎরসব) বিষয়ে অধ্যয়নের জন্য আকলিম আক্তারকে আমন্ত্রণ জানিয়ে অফার লেটার প্রেরণ করা হয়। জাতিসংঘের মিশনে শেষে তিনি সেখানে ভর্তি হবেন বলে জানান।

শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে আকলিম আক্তারের দীর্ঘ সংগ্রামী জীবনের অসামান্য সাফল্যে, সমাজের বিভিন্ন বাধা-বিপত্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া মেয়েদের আত্মবিশ্বাস সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে বলে অনেকেই মনে করছে।

বেগম রোকেয়া দিবস ২০০৩ উপলক্ষে দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্র জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ
পরিচালক কামরুল নাহারের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নোয়াখালী জেলার পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টায় বেগমগঞ্জ উপজেলা অফিসে, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত উপজেলার পাঁচজন জয়িতার মাঝেও সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাঁকো থেকে পড়ে এক তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নিহত কামরুল ইসলাম ওরফে আকবর (২২) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধ্যান চেয়ে মাইকিং করে। শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকের নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের স্বজনেরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত তরুণ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়।

জরিমানা গুনলেন বরুড়ার জাতীয় পার্টির প্রার্থী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইরফান বিন তোরাব আলী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই সড়কের ওপর প্রতীক সম্বলিত তোরণ নির্মাণ করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। খবর পেয়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই তোরণটি ভেঙে ফেলা হয়। জরিমানা করা হয় ওই প্রার্থীর।

নির্বাচন কমিশন আইন ২০০৮ অনুযায়ী প্রার্থী যিনি চূড়ান্তভাবে মনোনয়ন দাখিল করার পরে যোগ্য প্রার্থী হওয়ার পরে প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাচনি প্রচারণার জন্য উপযুক্ত হবেন প্রার্থী।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইরফান বিন তোরাব আলী বরুড়া পৌরসভার নয়নতলায় অবস্থিত উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সড়কের ওপর ওই গেইট নির্মাণ করেছেন।

সড়কের ওপর বাঁশ দিয়ে নির্মিত ওই গেইটের চারপাশে সাদা সামিয়ানায় মোড়ানো। সামিয়ানার উপর দুপাশের দুই দিক এবং উপরের পাশে উভয় দিকে মোট ৬টি রঙিন ব্যানার লাগানো। যার প্রতিটিতেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যানদের ছবিসহ দলীয় প্রতীক লাঙ্গল দেওয়া। প্রতিটি ব্যানারে লেখা আছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীকে লাঙ্গল মার্কায় ভোট দিন। যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।

ঘটনার বিষয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইরফান বিন তোরাব আলী বলেন, আমার কর্মী সমর্থকরা এ কাজটি করে থাকতে পারে। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এমন কিছু করে থাকলে আমাকে দেখান, আমি নির্দেশ দেব তা সরিয়ে ফেলতে।

এদিকে সাংবাদিকদের মাধ্যমে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন। এসময় ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। মোবাইল কোর্টে ঘটনার সত্যতা পেয়ে লোকজন দিয়ে প্রতীক সম্বলিত তোরণটি ভেঙে ফেলা হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নু- এমং মারমা মং বলেন, খবর পাওয়ার সাথে সাথেই এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই প্রার্থীকে শোকজ করা হবে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান বলেন বলেন, প্রতীক বরাদ্দে আগে এসব প্রচার প্রচারণা আচরণবিধি লঙ্ঘন।

নৈশ প্রহরীকে হত্যা করে ৩ কোটি টাকার স্বর্ণ লুট: থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকান লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু নাথ বাদী হয়ে এ ঘটনায় খুনসহ ডাকাতি আইনে মামলা দায়ের করেন। এর আগে, একই দিন ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

নিহত নৈশ প্রহরীর মো. শহিদ উল্যাহ (৫০) একই উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানা যায় শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে দিকে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র ডাকাত দল পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে হানা দেয়। তারা বাজারের পশ্চিম অংশে মা-মণি জুয়েলার্সের লোহার ফটক কেটে ডাকাতি শুরু করে। এক পর্যায়ে তারা সঙ্গে করে নিয়ে আসা গ্যাস ওয়েল্ডিং যন্ত্র দিয়ে দোকানের লকার কেটে স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় বাজারের নৈশপ্রহরী মো. শহিদ উল্যাহ বাধা দিলে ডাকাতেরা তাকে মাথায় আঘাত দিয়ে হত্যা করে। এরপর ডাকাতেরা একই বাজারের নূর জুয়েলার্সেরও লোহার ফটক কেটে সেখান থেকে স্বর্ণালঙ্কার লুট করে। একই সময় বাজার দিয়ে পণ্য কেনার জন্য যাওয়ার সময় শরিফ ক্লথ স্টোরের মালিককে মারধর করে সঙ্গে থাকা টাকা লুট করে নিয়ে যায়।

মা-মণি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, ডাকাতেরা তার জুয়েলারি দোকানের লকার কেটে প্রায় ২৫০ ভরি সোনা, ১৫০ ভরি রুপা ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। একই সময় তারা দোকানের ভেতরের অন্য জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। নূর জুয়েলার্সের মালিক নূর আলম জানান, ডাকাতেরা তার দোকান থেকে প্রায় ৭ ভরি সোনা, ২৫০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় ১০-১৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার:

শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশসান ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য ‌র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্নাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য ‌র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় জয়িতা অন্বেষন শীর্ষ কার্যক্রমের আওতায় পাঁচ ক্যাটাগরীতে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয় এবং অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ফাতেমা তোজ জোহরা।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মীর হোসেন মীঠু, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটাক্টর মোঃ মোস্তফা কামাল, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক এম হাবিবুর রহমান, অফিস সহকারী আব্দুস ছাত্তার, প্রশিক্ষক হালিমা আক্তার ও রফিকুল ইসলাম । এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন

অষ্টম শ্রেণি পাস বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিক

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান মোহা: আতাউর রহমান ভূইয়া ওরফে মানিক আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তিনি মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। হলফনামায় শিক্ষাগত

যোগ্যতার স্থানে তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস লিখেছেন।

নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কার্যালয়ে প্রার্থী কর্তৃক পূরণ করে নোটারি পাবলিকের মাধ্যমে জমা দেওয়া হলফনামা সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

অপরদিকে, একই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম হলফনামায় শিক্ষাগত যোগ্যতার স্থানে তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লিখেছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ৮জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন।

পাঁচজন প্রার্থীর মনোনয়ন পত্র যৌক্তিক কারণে বাতিল ঘোষণা করেন। আগামী ১৮ ডিসেম্বর নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিন প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করে সেই দিন থেকে প্রচারণা চালাবেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহা: আতাউর রহমান ভূইয়া ওরফে মানিক বলেন, হলফনামায় শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে।

 

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাটে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকায় আরও তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাপরাশিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি করছে না বলে খবর পান ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। পরবর্তীতে অভিযানে গিয়ে ১০০ টাকা ক্রয়ের পেঁয়াজ ১৫০ টাকা বিক্রি করার অপরাধে মিতালি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে আরও ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কবিরহাট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির জন্য বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকারের ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

দুর্নীতি দমন কমিশনে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রকারীরা ছিল এবং এখনো আছে। এই ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছিল।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুদক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে পদ্মা সেতু দুর্নীতির মামলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।

রাষ্ট্রপ্রতি বলেন, দেশকে নানাভাবে বিব্রত করার চেষ্টাকে ন্যায়ের সঙ্গে আইনের মাধ্যমে আমরা প্রতিহত করেছি। দুদকের সবাইকে আমি সাধুবাদ জানাই। সত্য কথা বলতে গেলে সবাই একমত হয় না। দু-একজন দ্বিমত করার চেষ্টা করেই। সেই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সেদিন আমি ধরতে পারি। তখন আমি এজাহার বদল করতে বলি।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দুদকে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে। আমি (বর্তমান) চেয়ারম্যানকে একসময়ে এসব ব্যাপারে বলবও, কারা তখন আমাদের বিচলিত বা বিব্রত করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে বলে সরকারের উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলো নিয়ে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। এটা সরকারের সাফল্য, সরকারের কর্মকর্তাদের সাফল্য। দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স রয়েছে। এটি বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

মো. সাহাবুদ্দিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যথাযথভাবে কার্যকর করা গেলে উন্নয়নের অগ্রযাত্রা আরও গতি পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আসুন উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করি। বর্তমান বাস্তবতায় দুদকের সামনে বহুমুখী চ্যালেঞ্জ বিদ্যমান। এ কারণে দুদককে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণে গতানুগতিক প্রক্রিয়ায় মামলা মোকাদ্দমা না করে সার্ভিল্যান্স, ইনভেস্টিগেশন এবং মামলা পরিচালনা ও রেকর্ড ব্যবস্থাপনায় আধুনিকীকরণের ব্যবস্থা করতে হবে।

দুদককে নিজস্ব আলাদা প্রসিকিউশন ইউনিট করার তাগিদ জানিয়ে তিনি বলেন, এটি হলে আদালতে দুদকে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। কমিশনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দীন আবদুল্লাহ বলেন, অভাবে নয় লোভের কারণে মানুষ দুর্নীতি করে। একসময়ে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা হতো। দুর্নীতি করে কেউ পার পাবে না, এটি প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে সরকারের অন্যান্য সংস্থার মতোই দুদক কাজ করে যাচ্ছে।

ফের অস্থির পেঁয়াজের বাজার, কেজি ২৪০

ডেস্ক রিপোর্ট:

ফের অস্থির পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।

রাতের ব্যবধানে দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ টাকা। কেউ কেউ ২২০ টাকাও দাম হাঁকছেন।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুর, ধূপখোলা মাঠ বাজার, শ্যামবাজার, রায়সাহেব বাজার, নয়াবাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। নিজেদের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। এই নির্দেশনা গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, গতকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কেজিপ্রতি ১২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে উঠেছে ২৪০ টাকা। আর ১০৫-১১০ টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাদের এখন দিতে হচ্ছে ২০০ টাকা।

খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকাররা দেশি পেঁয়াজ ছাড়ছেই না। শ্যামবাজারেও ভোরে যে দাম ছিল, সকাল ৯টায় তা মণপ্রতি ৮০০-১০০০ টাকা বেড়ে গেছে। বিকেল নাগাদ বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলেও জানান তারা।

সূত্রাপুর বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী বলরাম সাহা বলেন, গত কয়েক দিন ধরেই বাজারে পেঁয়াজের দাম বাড়তি। পাইকারি বাজারে আমাদের কেনাই বেশি পড়ছে। যে কারণে খুচরা বাজারে এর প্রভাবে পড়েছে। ভোরে শ্যামবাজার থেকে বহু কষ্টে এলসির (ভারতীয়) দুই মণ পেঁয়াজ এনেছি। আমি পাইকারিতে কিনেছি ৭ হাজার ৪০০ টাকা মণ দরে। আনতে খরচ পড়ছে ৪০০-৪৫০ টাকা। এখন ২০০ টাকা কেজি না বেচলে তো লস।

পাইকারি ব্যবসায়ী স্মৃতি বাণিজ্যালয়ের ম্যানেজার মিজানুর রহমান বলেন, শ্যামবাজারে পাইকারিতে দেশি পেঁয়াজের মণ এখন ৮ হাজার ৮০০ টাকা। যা প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ২২০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের মণ ৭ হাজার ৬০০ টাকা। আর প্রতিকেজির দাম পড়ে ১৯০ টাকা। মূলত ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় এ দাম বেড়েছে। গতকাল সকালেও আমরা প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ১১০ টাকা বিক্রি করেছি। আজকে সকালে সেটা ২২০ টাকা বিক্রি করছি৷ তবে মুড়িকাটা পেঁয়াজ বাজারে সম্পূর্ণরূপে উঠলে কমতে পারে দাম। আর ফেব্রুয়ারিতে নতুন পেঁয়াজের চাষ শুরু হলে ইতিবাচক প্রভাব পড়বে বাজারে।

এ বিষয়ে শ্যামবাজারের মেসার্স রাজিব বাণিজ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী প্রদেশ পোদ্দার বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমছে৷ ফলে পাল্লা দিয়ে বেড়ে চলছে দাম। কিন্তু উৎপাদন স্বাভাবিক থাকার পরও হঠাৎ কেন পেঁয়াজের বাজারে এই অস্থিরতা! জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ভারত সরকারের বেঁধে দেওয়া রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার মূল্যেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। কিন্তু ইতোমধ্যেই ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। তাদের এমন সিদ্ধান্তের কারণে দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানান তিনি।

সূত্রাপুরে বাজার করতে আসা হারুন শেখ বলেন, বাজারে দেশি পেঁয়াজ ২৪০ টাকা কেজির নিচে নেই। আর ভারতের পেঁয়াজ ২০০ টাকা কেজি। দুদিন আগেও দেশি পেঁয়াজ কিনলাম ১২০ টাকা করে। রাতের মধ্যেই বেড়ে গেল ১২০ টাকা। এটা কেমন কথা দেশি পেঁয়াজের কেজি ২৫০ টাকা চাওয়া হয়েছে। এভাবে হলে আমরা কীভাবে চলবো!

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ড. গোলাম রহমান বলেন, ভোগ্যপণ্যের অস্বাভাবিক দামে নিদারুণ কষ্টে পরিবার নিয়ে সময় কাটছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। বাড়তি মুনাফা হাতিয়ে নিতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে কিনা–সেটি খুঁজে বের করতে বাজার তদারকির বিকল্প নেই। দুর্ভাগ্য, এখনও মাঠ পর্যায়ে কাউকে দেখা যাচ্ছে না।

এবিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি নিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। চলতি মাসে বাজারে মুড়িকাটা পেঁয়াজ উঠলে দাম কমবে। এছাড়া ফেব্রুয়ারিতেই নতুন পেঁয়াজের মৌসুম শুরু হবে। তিনি বলেন, ‘কারসাজি চক্র’ সব সময়ই সুযোগ খোঁজে পণ্যের দাম বাড়ানোর। তবে আমরা বাজারে পেঁয়াজ নিয়ে কারসাজি বন্ধে অভিযান জোরদার করব।

বিরূপ আবহাওয়ায় ফলন ভালো না হওয়ায় ভারত নিজেদের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। তবে কোনো দেশের সরকারের অনুরোধে ভারতের কেন্দ্রীয় সরকার রপ্তানির সুযোগ দিতে পারবে বলে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) আদেশে জানানো হয়েছে।

এছাড়া, এরই মধ্যে যারা পেঁয়াজ আমদানির এলসি চালু করেছেন, তাদের মধ্যে যারা আদেশ জারির আগেই পণ্য জাহাজিকরণ শুরু করেছেন, তারা এর আওতামুক্ত থাকবেন। এছাড়া শিপিং বিল দপ্তরে জমা দিলে এবং সংশ্লিষ্ট জাহাজ বন্দরে ভিড়লে বন্দর কর্তৃপক্ষ এ ধরনের চালান অনুমোদন করতে পারবে।

বর্তমানে ভারতের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ রুপির মধ্যে বিক্রি হচ্ছে। কিন্তু রপ্তানি বন্ধের সংবাদে বাংলাদেশে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ২৪০ থেকে ২৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজের দাম ২০০ টাকায় উঠে গেছে। যা একদিন আগেও যথাক্রমে দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, আর আমদানিকৃত পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।

গত কিছুদিন ধরেই দেশের পেঁয়াজের বাজার অস্থির। গত ১৪ সেপ্টেম্বর বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি দেশি পেঁয়াজের খুচরা দর সর্বোচ্চ ৬৫ টাকায় নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এ দরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়নি। পরে সরকার পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দিয়েছে। এরপরও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসেনি।

সূত্র: বাংলানিউজ২৪