Tag Archives: অর্থমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ‘এটা আরও বাড়াতে চাই।’

আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।

তিনি বলেন, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সেসব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি আমরা। বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে ইউরোপিয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমাদের প্রত্যাশা বেড়েছে।

শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী

শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য মমতাজ বেগমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।

এসময় মন্ত্রী সরকারের বেশকিছু পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। তিনি জানায়, মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করা, রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে পণ্য আমদানি নিশ্চিত করা, বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা হচ্ছে। এছাড়া পাঁচ হাজারের ডলারের বেশি প্রবাসী আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাইপ লাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করা হচ্ছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানায়, রুগ্ন শিল্পের সমস্যা সমাধানের জন্য ২০০৯ সালে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ ও ২০১২ সালে ২৭৯টি রুগ্ন গার্মেন্টস এবং ২০১১ ও ২০১৫ সালে ১০০টি রুগ্ন টেক্সটাইল শিল্পের ঋণ বিলুপ্তের সার্কুলার জারি করা হয়েছে।

সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচিতে কৃষি ও পল্লী ঋণ খাতে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ আকারে বিতরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

নাঙ্গলকোটে আ’লীগের কমিটিতে পদ পেলেন সাবেক ৩ বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার:

সম্মেলনের ৪ মাসের মাথায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আ’লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে গঠন করা ৭১ সদস্যবিশিষ্ট  কমিটিতে স্থান পেয়েছেন  উপজেলা বিএনপির সাবেক  ৩ জন নেতা।

এ বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কমিটিতে বিএনপির নেতাদের পদ পাওয়া নিয়ে বেশ সমালোচনা শুরু হয়।

৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফকে সভাপতি এবং কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. আববু বক্কর ছিদ্দিক ওরফে আবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল্লাহ মজুমদারকে ৩ নম্বর সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান মজুমদারকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান মজুমদারকে কার্যকরী সদস্য করা হয়েছে।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দাবি, ওই তিনজন বিএনপি ছাড়ার পর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন। এ জন্য তাদের পদ দেওয়া হয়েছে।

বিএনপির সাবেক তিন নেতার কমিটিতে পদ পাওয়ার প্রসঙ্গে নতুন সভাপতি আবু ইউসুফ বলেন, ওই তিনজন ২০০৯ সালের পর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরপর থেকে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এজন্য নতুন কমিটিতে তাদের রেখেছে দলের নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেদিন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ১১ ডিসেম্বর ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। ওই কমিটিতে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালুকে সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি অনুমোদনের পর দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অবস্থার মধ্যে গত ২৬ মার্চ ওই কমিটি বাতিল করা হয়।

আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি হওয়ায় ওই কমিটি বাতিল করা হয় বলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়। একই দিন ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন ও কার্যকরী সদস্য পদে ৩৫ জন আছেন।

এদিকে, নতুন কমিটিতে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলোর নেতাদের কার্যকরী সদস্য পদে রাখা হয়েছে।

এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি যথাক্রমে মো. রফিকুল হোসেন, সামছুদ্দিন কালু ও মোস্তাফিজুর রহমান, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অবদুল করিম মজুমদারকে সদস্য রাখা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “আমি ছাত্রলীগের রাজনীতি করে আজকের এই স্থানে এসেছি। রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার মামলা-হামলার শিকার হয়েছি। দলের সব পর্যায়ের নেতাদের নতুন কমিটিতে রাখা হয়েছে। আশা করছি সকলকে নিয়ে আগামীর নাঙ্গলকোট আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হবে।”

চিকিৎসার জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী লোটাস কামাল

 

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসার ফলোআপের জন্য বুধবার বিকেলে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইদিন তার দুই মেয়ে ও স্ত্রীও গেছেন বলে জানা গেছে। তার দুই মেয়ে লন্ডনেই থাকেন। কিন্তু করোনার বিস্তারের আগে দেশে এসে আটকা পড়েন। তাই আজকে তারাও গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রীর পিএস ড. মো. ফেরদৌস আলম বুধবার রাত ৯টার দিকে  বলেন, ‘স্যার চিকিৎসার ফলোআপে বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।’

সপরিবারে গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তার মেয়েরা সেখানেই থাকেন। কিন্তু করোনার আগে দেশে এসে আটকে যান। তাই তারাও আজকে গেছেন। তবে স্যার স্যারের মতো গেছেন। আর তার মেয়েরা নিজেদের মতো গেছেন।’

এদিকে অর্থমন্ত্রীর স্ত্রীও তাদের সঙ্গে গেছেন বলে জানা গেছে। সূত্র জানায়, বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। এখন বাজেট শেষ হওয়ায় তিনি লন্ডনে গেছেন।

সূত্র আরও জানায়, করোনাভাইরাসের কারণে নিয়মানুযায়ী অর্থমন্ত্রী লন্ডনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর পূর্ব নির্ধারিত হাসপাতালে তিনি চোখের ফলোআপ চিকিৎসা করাবেন।

এদিকে  মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর সংসদে উপস্থিত সবাই টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান।

এই বাজেট বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১২তম বাজেট। নতুন বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় তিন লাখ ৭৮ হাজার কোটি টাকা। ঘাটতি এক লাখ ৯০ হাজার কোটি টাকা। জিডিপির আকার ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।