All posts by jitu

বিএনপি ফাউল করে ফাইনাল খেলার আগেই পালিয়েছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ফাউল করে ফাইনাল খেলার (৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) আগেই পালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, খেলা শুরু হয়েছে। ৭ তারিখ ফাইনাল। বিএনপি কই? বিএনপি কোথায়? ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়েছে। ফাইনাল খেলার আগেই পালিয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে তারেক রহমানের মতো সন্ত্রাসীকে দেখতে চাই না। আগামী ৭ জানুয়ারি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। উন্নয়নের পক্ষে খেলা হবে। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপি ভুয়া। বিএনপির সব আন্দোলন ভুয়া।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে জেলার নৌকার প্রার্থীরাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেকর্ড গড়ে পিএসজিকে চ্যাম্পিয়ন করলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্সের পেশাদার ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ান-এর চ্যাম্পিয়ন দল এবং দেশটির প্রিমিয়ার নকআউট কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের মধ্যে প্রতি বছরই একটি ম্যাচ হয়ে থাকে। ফ্রান্সের এই সুপার কাপের নাম ‘ট্রফি ডেস চ্যাম্পিয়নস’। গতকাল বুধবার এই শিরোপা জেতে বর্তমান লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এদিন তুলুজকে ২-০ গোলে হারায় পিএসজি। দলটির হয়ে গোল দুইটি করেন ক্যাং লি ও কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেন পিএসজির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার ক্যাং-ইন লি। তৃতীয় মিনিটে পিএসজির প্রথম গোলের পর তুলুজ সেটি শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল ১৮তম মিনিটে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। বাঁ পায়ের দুর্দান্ত শটে এই গোল করেন তিনি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ২২ গোল করেন এমবাপ্পে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় এই ফলাফলেই ম্যাচের নিষ্পত্তি হয়।

জ্বালাও-পোড়াও, মানুষ খুন, বিএনপির একমাত্র গুণ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ। এটা তারা পারে, এছাড়া আর কিছু পারে না।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল নারায়ণগঞ্জের মানুষ।

এর আগে বিকাল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।

ভোট ঘিরে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।

৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে অসহযোগের ডাক দিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে দফায় দফায় ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এবার ভোটের দিন হরতালের ডাক দিলো দলটি।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে নয়াপল্টনে দলের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে চার দফায় পাঁচদিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়াও তারা ২৮ অক্টোবরের পর থেকে ১২ দফায় মোট ২৩ দিন দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে।

আগামী রোববার (৭ জানুয়ারি) সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরদিন সকাল পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাদেরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের শেখ অবুজ (২৫) ও শেখ সবুজ (২৮), শহরের কান্দিপাড়ার পিয়াস (৩০), শিপন মিয়া (২৮), সুলতানপুরের হৃদয় (২৩) ও আওয়াল মিয়া (৪০)।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান জানান, ৩০ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে বেকারীর মালামাল তৈরি করার জন্য পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৬ জন ব্যক্তি ৩টি মোটরসাইকেল যোগে এসে পিকআপটি গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ অপহরণ করে নিয়ে যায়।

পিকআপে থাকা চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে আরো প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব তদন্ত শুরু করে। পরে অভিযানে এই ঘটনায় জড়িত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

কুমিল্লায় পায়ের রগ কেটে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে পায়ের রগ কেটে মো. মাসুম (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে।

উপজেলার নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মাসুম।

নিহতের মা মাসুদা বেগম জানান, গতকাল বুধবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় মাসুম। আসর নামাজের পর বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয়। তারপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না এলে মাসুমের বোন তাকে ফোন করে। তখন অপর প্রান্ত থেকে এ ব্যক্তি তাকে জানায় “আপনার ভাই আগামীকাল বাড়ি আসবে”।

এরপর রাত আনুমানিক ৮টায় মাসুম পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাসপাতালে আছে বলে খবর পান তার মা। তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে ঢাকা নেওয়ার সময় পথে মেঘনা এলাকায় পৌঁছলে মাসুম মারা যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, মাসুম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তাদের ধারণা মাদকের টাকার লেনদেন সংক্রান্ত জেরে এই হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সূত্রে জানতেপারি দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আসামী শুক্কুর আলীর সঙ্গে লেনদেন ছিল। এ ছাড়া আহত অবস্থায় ভিকটিমের একটি ভিডিও ফুটেজ আছে বলে জানতে পেরেছি, যেখানে ভিকটিমকে বলতে দেখা গেছে কারা তাকে মারধর করেছে। ফুটেজ ও সকল সম্ভাব্য দিক যাচাই করে এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

মেয়ের জামাইকে জড়িয়ে ধরে কাঁদলেন সুপারস্টার আমির খান

ডেস্ক রিপোর্ট:

বলিউডের বাকি আর দশজন তারকা সন্তানের থেকে খানিকটা আলাদা ইরা খান। সুপারস্টার আমির খানের মেয়ে হলেও লাইমলাইট থেকে একেবারে দূরে থাকতেন তিনি। ইন্ডাস্ট্রির পার্টিতেও সেভাবে দেখা যেত না এই তারকাকন্যার।

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইরা। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে ফিটনেস কোচ নূপুর শেখরের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে বরের পোশাকের পরিবর্তে স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন নূপুর শেখর। তার এমন পোশাক সবাইকে চমকে দেয়। পরে রহস্য উন্মোচন করেন নূপুর নিজেই। তিনি জানান, ফিটনেস ট্রেনার হিসেবে তার স্বপ্ন ছিল, বিয়ের পোশাকে নয়, জগিংয়ের পোশাকেই বিয়ে সারবেন। তাই টানা ৮ কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন।

অনুষ্ঠানে হাজির হতেই মেয়ের জামাইকে জরিয়ে ধরতে দেখা যায় শ্বশুর আমির খানকে। এসময় অভিনেতার চোখ কান্নায় ছলছল করছিল।

মেয়ের বিয়ের দিন আমির খান এক ধরণের ট্র্যাডিশনাল পোশাক বেছে নিয়েছেন। তাকে একটি গোলাপি পাগড়িসহ সাদা শেরওয়ানি পরতে দেখা গেছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখ বাবার জিম ইনস্ট্রাকটর ও প্রেমিক নূপুর শেখরের সঙ্গে বাগদান পর্ব সারেন ইরা। মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই আবেগতাড়িত হন আমির খান।

সেসময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মত শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, ও আমার ছেলে। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল সে সময় প্রতিটা মুহূর্তে তাকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি। সেটাই আমার কাছে যথেষ্ট।

নিউইয়র্কে মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে স্থানীয় সময় বুধবার একটি মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিউজার্সির পুলিশ ওই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এমনকি কী কারণে ওই ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। নিহত ওই ইমামের নাম হাসান শরীফ বলে নিশ্চিত করা হয়েছে।

হাসান শরীফ ২০০৬ সাল থেকে নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন।

ওই মুখপাত্র বলেন, আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিউয়ার্ক পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেজ এর আগে নিশ্চিত করেন যে, পুলিশের কাছে একটি ফোন কল আসে এবং তারা জানতে পারেন যে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।

পরবর্তীতে কর্মকর্তারা নিশ্চিত করেন যে, হামলার শিকার ব্যক্তি একজন ইমাম এই তাকে মসজিদের বাইরে গুলি চালানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইসরায়েল-হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে একই সঙ্গে ইসলামবিদ্বেষ এবং ইহুদিবিরোধী হামলা বেড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা মসজিদ থেকে ১০ ফুট দূরে পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় ওই ইমামকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তার পেটে ও বাম হাতে গুলি লেগেছে।

ফিফার বর্ষসেরা স্কোয়াডের মনোনয়নে মেসি-রোনালদো

ডেস্ক রিপোর্ট:

ইউরোপের নিজেদের ফুটবল যাত্রা শেষ করেছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দুজনের খেলার ধার যেন আজও কমেনি। ইনজুরিতে আক্রান্ত হলেও মেসি মাঠে নিজের কারিশমা দেখিয়েছেন ইন্টার মায়ামির জার্সিতে। আর সৌদি ক্লাব আল-নাসরে গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনালদো। ২০২৩ সালে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

ইউরোপ ছেড়ে গেলেও তাই ফিফার বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনয়ন পেয়েছেন দুজনই। ২৩ সদস্যের এই স্কোয়াড থেকেই ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশের নাম। তালিকায় মেসি এবং রোনালদো ছাড়াও আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার নামও।

গতকাল বুধবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বর্ষসেরা একাদশের জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার তাদের বছরের সেরা দলকে ভোট দিয়েছেন। আগামী ১৫ তারিখ লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ।

ফিফপ্রোর প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ জনের। ফুটবলারদের ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্লেয়ারদের পারফর্ম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন এমন প্লেয়ারদের মনোনয়ন করা হয়েছে।

২৩ সদস্যের স্কোয়াডে রয়েছে তিন গোলকিপার। সেই সাথে ৬ ডিফেন্ডারের সাথে ৭ মিডফিল্ডার ও ৭ উইংগার। সর্বোচ্চ ১০ জন জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগ থেকে। ৭ জন লা লিগার। ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই দলে এসেছেন ৯ জন। এদের মধ্যে ইলকাই গুন্দোগান অবশ্য বর্তমানে বার্সেলোনায় খেলছেন।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ

গোলকিপার

থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্ডার

রুবেন দিয়াজ, ফন ডাইক, এদার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার

মিডফিল্ডার

জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বের্নার্দো সিলভা, ফেদেরিকো ভালভার্দে

ফরোয়ার্ড

করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র।

‘নৌকার বিজয় ত্বরান্বিত করার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হবে’

ইউসুফ পাটোয়ারী লিংকন , শাহরাস্তি:

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর( অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, হাজীগঞ্জ – শাহরাস্তি উপজেলায় নৌকার বিজয় ত্বরান্বিত করার মাধ্যমে শেখ হাসিনা আবাস ক্ষমতায় অধিষ্ঠিত হবে। শাহরাস্তি – হাজীগঞ্জ একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে আমরা যুগের পর যুগ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আপনারা দলমত নির্বিশেষে আগামী ৭ ই জানুয়ারী নৌকা প্রতিককে বিজয়ী করবেন। আমি বিশ্বাস করি আওয়ামীলীগের লোক, নৌকার লোক কখনো অন্য প্রতিকে ভোট দিতে পারে না।

তিনি শাহরাস্তি -হাজীগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, গত ১৫ বছরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সাড়ে ৪ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রায় ৮’শ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ডাকাতিয়া নদীর উপর ১০টি সেতু, প্রায় সাড়ে ৮’শ ব্রীজ-কালর্ভাট ও প্রায় ৮’শ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। আমি ষষ্ঠবারের মতো নৌকা প্রতীক নিয়ে আবারো আপনাদের কাছে এসেছি। দেশ ও জাতীর উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বাকি কাজ সম্পন্ন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিন।

নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করে দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতীর উন্নয়ন, সমৃদ্ধি অব্যাহত রাখুন। ৩ জানুয়ারী দুপুর ৩ টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নিবাচনী জনসভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরীর পরিচালনায়, বিশাল জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজিল আওয়ামী লীগের সাবেক সহ -সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান বিএসসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশু, এ ছাড়াও জনসভায় ইউনিয়ন আওয়ামিলীগ, পৌর আওয়ামিলীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।