All posts by jitu

৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ২২৯ সহকারী থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারের তালিকা থেকে ২২৯ জন সহকারী থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জা জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৪০তম বিসিএসের নন-ক্যাডারদের মধ্য থেকে ২২৯ জনকে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে এবং একজনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়ে আজ আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২৬ ডিসেম্বর ইসি সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে বলেও জানান তিনি।

নির্বাচনের ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক পাঠাবে জাপান

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ কথা জানান।

বৈঠকে সিইসি ছাড়াও ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্য কর্মকর্তারাও অংশ নেন বলে জানা গেছে।

জাপানের রাষ্ট্রদূত জানান, জাপান থেকে ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক আসবেন। আর তাদের সঙ্গে ঢাকার জাপান দূতাবাসের ১৩ কর্মকর্তা থাকবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আজই প্রতীক বরাদ্দ হয়ে গেছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

ক্রিকেট দল কিনলেন অমিতাভ বচ্চন

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে আরও একটি নতুন ক্রিকেট লিগ চালু হতে চলেছে। আগামী ২ থেকে ৯ মার্চ চলবে এ লিগ। ছয়টি দল নিয়ে ম্যাচগুলো টি-১০ ফরম্যাটে হবে। তবে ক্রিকেট ম্যাচ হলেও খেলা হবে টেনিস বলে। নতুন এ লিগের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)।

আইপিএলের মতোই ফ্রাঞ্চাইজি লিগ হতে চলেছে এটি। প্রতিটি দলেরই একজন করে খ্যাতনামা মালিক থাকবেন। প্রতিটি দলের হাতে ক্রিকেটারদের কেনার জন্য এক কোটি টাকা করে থাকবে। আগামী ২৪ ফেব্রুয়ারি এ নিলাম হবে।

মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগরের দল থাকবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার রাখা হবে। এ লিগের কমিশনার হিসেবে রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন মুম্বাই দল কিনেছেন। সোমবার অমিতাভ নিজেই এ খবর জানিয়েছেন ক্রিকেটপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে- ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উচ্ছ্বসিত ৮১ বছরের অভিনেতা। অমিতাভ নিজের ব্লগে লিখেছেন- ‘একটা নতুন দিন এবং একটা নতুন উদ্যোগ। মুম্বাইয়ের মতো বিশেষ একটি দলের মালিক হিসেবে থাকতে পারাটা আমার কাছে সম্মানের। একটা দারুণ স্বপ্নময় ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা তুলে আনাই আমাদের প্রাধান্য।’

তিনি আরও লিখেছেন- ‘যারা রাস্তায় বা বাড়িতে ক্রিকেট খেলে, এটা তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ। নিজেদের দক্ষতা সবার সামনে তুলে ধরতে পারবে। একটা পেশাদার প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের লাখ লাখ মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবে।’

আগামী বছর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা আইএসপিএল। আগামী ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মুম্বাইয়ে হবে প্রথম বছরের প্রতিযোগিতা। মোট ১৯টি ম্যাচ হবে প্রতিযোগিতায়।

১৩ দিনের জন্য ভোটের মাঠে থাকছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনে সশস্ত্র বাহিনীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার নিমিত্ত নির্বাচন কমিশন সম্ভব সব আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্ত ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি নির্বাচনী এলাকায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সহ) সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কয়েকদিন আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির ওপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট আকারের একটি করে অগ্রবর্তী টিম পাঠানো যেতে পারে।

আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ইনস্ট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ার-এর ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনী পরিচালিত হবে। মোতায়েন করা সশস্ত্র বাহিনী নির্বাচন কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় নিম্নরূপ সহায়তা করবে।

যেভাবে কাজ করবে সেনাবাহিনী

ইসির চিঠিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে। রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে উপজেলা/থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকাভিত্তিক ডেপ্লোয়মেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে। ভোটগ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ এবং মোতায়েনের সময়কালসহ বিস্তারিত পরিকল্পনা ইসিকে অবহিত করতে হবে। এছাড়া বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে চাহিদামতো আইনানুগ কার্যক্রম সম্পাদন করতে হবে। এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

লক্ষ্যই হলো নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা : সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের লক্ষ্যই হলো নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দেশ আমাদের নির্বাচন নিয়ে খোঁজখবর নিচ্ছে; বিশেষ করে ডোনার কান্ট্রিগুলো। সেটাকে আপনারা চাপ বলেন, দৌড়ঝাঁপ বলেন; সেজন্য সরকার বারবার বলেছে নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। আমরাও বলছি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সেখানে কেউ যদি প্রতিহত করতে চায় সেটা তাদের রাজনৈতিক কৌশল। আমাদের লক্ষ্য— নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

তিনি বলেন, এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দল (বিএনপি) অংশগ্রহণ করছে না। আপনারা জানেন আমরা প্রথম থেকেই তাদের নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছিলাম। তারা অংশগ্রহণ করলে নির্বাচনটা আরো বেশি ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি হতো। তবে না নিলে কী হবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না।

বিএনপিসহ তাদের জোট নির্বাচনে অংশ না নিলে বাইরের বিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।

সিইসি বলেন, জাপান আমাদের নির্বাচনকে খুব গুরুত্ব দিচ্ছে। এজন্য তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাচ্ছে। আমরা তাদের ধন্যবাদ দিয়েছি। তারা আমাদের নির্বাচনের বিস্তারিত জানতে চেয়েছেন। সর্বশেষ প্রস্তুতির অবস্থা তাদের জানিয়েছি।

নির্বাচনী সরঞ্জাম কম-বেশি হলে দ্রুত জানানোর নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনের কাজে ব্যবহৃত নির্বাচনী সরঞ্জাম জেলায় পৌঁছানোর পর তা পরীক্ষা করে কম বা বেশি হলে বা অন্য কোন অসংগতি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে জানানোর নির্বাচন কমিশন।

সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নির্বাচনে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকারের ফরম, প্যাকেট, ম্যানুয়েল, নির্দেশিকা, পোস্টার, লিফলেটসহ যাবতীয় মুদ্রণ সামগ্রী এবং নির্বাচনী দ্রব্যাদি (স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্ট্যাপলার পিন) নির্বাচন ভবনের গোডাউন হতে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সকল নির্বাচনী সামগ্রী জেলায় পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো দ্রব্যাদি ঘাটতি বা অতিরিক্ত পাওয়া গেলে বা অন্য কোনো অসংগতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) বা সহকারী সচিব (ক্রয় ও মুদ্রণ)-কে অবহিত করতে হবে।

আরও বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচনর অফিসার/জেলা নির্বাচন অফিসার কার্যকর ব্যবস্থা নেবেন।

কে এই ‘জামাল-কদু’ গানের মডেল

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল’ সিনেমায় আলাদাভাবে সকলের নজর কেড়েছে ‘জামাল-কদু’ গানটি। ছবিতে ববি দেওলের আগমনী গান হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহৃত হয় ইরানের এই গান।

ববির সঙ্গে ভাইরাল এই গানে অংশ নেওয়া এক তরুণীতে মাতোয়ারা নেটপাড়া। ভিন্ন ভাষার গানটি বিমোহিত করেছে সব শ্রেনীর দর্শক-শ্রোতাদের। কিন্তু কে এই সুন্দরী মডেল?

জানা গেছে, গানের এই মেয়েটি ইরানি মডেল এবং নৃত্যশিল্পী তানাজ দাউদি। তনি নামেও পরিচিত তিনি। ‘জামাল-কদু’ ভাইরাল হওয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন এই মডেল।

তানাজ ভারতে কাজ করেন। জামাল কুদুতে উপস্থিত হওয়ার আগে, তিনি বলিউডের বিভিন্ন গান এবং স্টেজ শো কাজ করেছেন। নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে তাকে দেখা গেছে। তবে বেশিরভাগ জায়গায় তার উপস্থিতি ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল। জামাল কুদু গানেই প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি।

গানটিতে সংক্ষিপ্ত উপস্থিতিই তানাজের জীবন বদলে দিয়েছে। ভারতে তার খ্যাতি যেভাবে আকাশচুম্বী হয়েছে তাতে অনেকে নতুন জাতীয় ক্রাশ বলেও অভিহিত করেছে। ছবিটি মুক্তির আগে তানাজের প্রায় দশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল। মাত্র দুই সপ্তাহে সংখ্যাটি বেড়ে আড়াই লাখ পেরিয়ে গেছে, আর সেটি ক্রমাগত বেড়েই চলেছে।

শুধু তানাজেরই নয়, এই সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে খোলামেলা দৃশ্যে পর্দায় ঝড় তুলেছেন তিনি।

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না শাম্মী আহমেদ ও শামীম হক

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক এবং বরিশাল-৪ আসনে দলটির প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। উভয়ের রিট খারিজ করে সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাঈদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। প্রতিদ্বন্দী প্রার্থী এ কে আজাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানজীবুল আলম।

এর আগে ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এ প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেয় ইসি। আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হক হলনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে প্রার্থিতা বাতিল চান স্বতন্ত্র প্রার্থী। পরে আওয়ামী লীগের এই প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হওয়ায় আপিলে তার মনোনয়ন বাতিল করে ইসি।

অপরদিকে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের পক্ষে এদিন আদালতে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের। আপিল আবেদন শুনানি করে এমন রায় দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন শাম্মী আহমেদ।

এর আগে শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইসিতে। শুনানি শেষে শাম্মীর প্রার্থিতা বাতিল হলেও বহাল থাকে পঙ্কজ দেবনাথের।

শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের।

নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর পর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আর পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছিলেন শাম্মী আহমেদ।

আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলের সভাপতি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্রাক নিয়ে ৭ জনের বিরুদ্ধে লড়বেন মাহিয়া মাহি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সোমবার সকালে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এতে আলোচিত চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।

এদিকে শাহীর ছয়টি আসনের ২২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন তিনি। এর বিরুদ্ধে আপিল করে ছয় প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে আছেন আট জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ, বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহা. শামসুদ্দিন।