Tag Archives: উদ্ধার

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মিশুক চালকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মো. পরান মিয়া নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৭ মে নগরীর টিক্কারচর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ওই মিশুক চালককে।

পরদিন তার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ভোলা মিয়া নামের একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। নিহত পরান মিয়ার (৪০) টিক্কারচর এলাকার বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয়রা জানান, গত ১৭ মে টিক্কারচর এলাকার মিশুক চালক পরান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার ভোলা মিয়া। একদিন পর বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। পরে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাকে ডেকে নেয়ার পর থেকে ভোলা মিয়া পালাতক রয়েছেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, শুক্রবার সকালে একটি অজ্ঞাত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় হাড়াতলী সিএনজি পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরান মিয়ার স্ত্রী মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

ফেনীতে বাগানবাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দুই নারী আটক

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়ার একটি বাগানবাড়ি থেকে ব্যবসায়ী করিম উল্যাহ ওরফে কালা মিয়ার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

করিম উল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত করিম উল্যাহ পৌরসভা ৬ নম্বার ওয়ার্ডের (বাঁশপাড়া) বাসিন্দা। তিনি হাজী রাজা মিয়ার ছেলে।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারি দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নম্বারে একাধিকার ফোন করেন তিনি।

ফোন না ধরায় তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান। দোকান খোলা থাকলেও কালামিয়া দোকানে ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন আনোয়ার।

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার লাশ তাদের বাড়ির পাশে গাছ বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিলনা বলে দাবি তার। তিনি এ হত্যার সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গাছ বাগানে কালামিয়ার মরদেহ পড়ে থাকতে তারা দেখেন। ধারণা করা হচ্ছে কালা মিয়ার অন্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। মনে হচ্ছে এটি হত্যা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের কাজ চলছে। রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ ১টি দেশীয় এলজি, ২টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কালা মিয়া ছৈয়াল বাড়ির মো.সুমন (৩৮) একই ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের মো.সৈয়দ আলম (২৯), লক্ষীপুরের চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ কলোনীর মো.বেলাল হোসেন (৪০) চট্রগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মোহাম্মদ নুর গোষ্ঠী নতুন বাড়ির সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গত ১৬ মে ভোর রাতের দিকে বেগমগঞ্জের লাকুড়িয়া কান্দি গ্রামের সিরাজ মিয়ার বাড়ির রুহুল আমিন মিয়ার টিনশেড বিল্ডিং ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ঘরের লোকজনদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে থাকা ১৮ লাখ ৭৬ হাজার ২০০ টাকার মালামাল লুণ্ঠণ করে নিয়ে যায়। এ দুর্র্ধষ ডাকাতির ঘটনায় দায়েরকৃত এজাহারের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযানে নামে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ফেনী-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের দক্ষিণ পাশে সরুগো পুল নামক স্থানে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন। ওই সময় চৌমুহনীর দিকে ২টি সিএনজি দ্রুত গতিতে আসতে দেখলে পুলিশ সিএনজি দুটি থামার জন্য সংকেত দেয়। থামানোর সংকেত দেওয়ার পরেও সিএনজটি ঘটনাস্থল থেকে চৌমুহনীর দিকে চলে যায়। পিছনের সিএনজির ড্রাইভারও সংকেত না মেনে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সিএনজির পিছনে ধাওয়া করে। এ সময় সিএনজিতে থাকা ৪ জন আসামি কৌশলে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করে সিএনজিতে ড্রাইভার হিসেবে থাকা ১নং আসামি সুমনকে সিএনজিসহ আটক করে। পরে গ্রেপ্তার আসামির তথ্যমতে চৌমুহনী রেল স্টেশন ও চৌমুহনী ফলপট্রি থেকে অপর আসামিদের গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ডাকাতেরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।

গ্রেপ্তার আসামিরা পেশাদার ডাকাত। তারা বিভিন্ন সময় নোয়াখালী জেলার বিভিন্ন থানাসহ এর আশপাশের জেলা ও থানা সমূহে ডাকাতি করে বেড়ায়।

চৌদ্দগ্রামে সবজি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সজবি বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ট্রাক চালক মো: উজ্জ্বল (৪০) নিহত হয়েছে। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে। এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন (২৫) আহত হয়েছে। আহত জয়নাল আবেদীন একই এলাকার মো: জহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২১ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, সোমবার রাত দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকার মোহাম্মদ আলী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২১৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক মো: উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘সোমবার দিবাগত রাত দশটায় মহাসড়কের নানকরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাক চালক উজ্জ্বল নিহত হয়। এ ঘটনায় ট্রাক হেলপার জয়নাল আবেদীন আহত হয়। সংবাদ পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

চৌদ্দগ্রামে জমিতে মাটি কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামের একহন মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন।

তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল- লনিশ্বর মাঠে এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা। এসময় আহত হয়েছেন আরেক শ্রমিক একই এলাকার মজিবুর রহমান।

আহত মজিবুর রহমান জানান, লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের কৃষি জমিতে সকাল থেকে মাটি কাটার কাজ করছিলাম আমরা ১০/১২ জন শ্রমিক। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়। আমাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মজিবুর রহমান নামের আরেক জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যান চালক সহ আরো দুই ব্যক্তি পালিয়ে গেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মে) ভোর রাত ৪টায় চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা এলাকার ইশানচন্দ্রনগর দীঘির উত্তরপাড়ে কাশেম স্টোর এর সামনে নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-ট-১২-১৪৮৮) থামানোর সংকেত দিলে গাড়ীটি থামিয়ে কাভার্ডভ্যান চালকসহ আরো দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি দ্রুত গাড়ী থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ঘোলপাশা এলাকার ইশানচন্দ্রনগর দীঘির উত্তর পাশে বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

এ সময় কাভার্ডভ্যান চালক সহ আরো দুইজন পালিয়ে গেছে। এ সংক্রান্তে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৮৩৮) জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মহাসড়কের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত এগারটায় চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাথায় মতিন মাইকের সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে দাঁড়ানোর সংকেত দিলে পুলিশকে দেখে পাইভেটকার চালক গাড়ী থামিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে থানার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এর পেছনের ঢালার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করে পুলিশ। শুক্রবার সকালে থানায় এ সংক্রান্তে মাদক আইনে মামলা (মামলা নং-১০/১০.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মারা যান।

শফিকুল ইসলাম উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

সে ঢাকার টংগীতে বিস্কুট ও রুটির বেকারির ব্যবসা করতেন।

হাসপাতাল ও নিহতে পরিবার সূত্রে জানা যায়, শফিউল গত চারদিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে নবীনগর আসেন। গত রাতে শোবার কক্ষে বিদ্যুতিক লাইট লাগাতে গিয়ে অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা বিনা ময়নাতদন্তে লাশ বাড়িতে নিয়ে যান।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার ৬দিন পর যুবকের মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় মো: কামরুজ্জামান রিয়াদ (২৯ ) নামে এক যুবক।

সড়ক দুর্ঘটনার ৬দিন পর শনিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুরবণ করে রিয়াদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত রিয়াদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার আবু রশিদ এর ছেলে।

ব্যক্তি জীবনে রিয়াদ বিবাহিত। মাত্র তিনমাস পূর্বেই সে বড় ভাইয়ের শালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোববার বিকালে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই রিপন বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলযোগে আত্মীয় এর বাড়ীতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান রিয়াদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদের আপন বড় ভাই শামসুর রহমান রিপনও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসা প্রদান করেন।

আশঙ্কাজনক অবস্থায় ওইদিন সন্ধ্যায় রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসকরা নীবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর শনিবার রাত সাড়ে বারটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রোববার সকাল এগারটায় মরহুমের নিজবাড়ীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বেড়াতে এসে শুক্রবার বিকালে বাবার বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত মুনা আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নে সোনাপুর গ্রামের মো: আবুল কালামের মেয়ে ও একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাসান এর স্ত্রী।

হাবিবা আক্তার নামে নিহতের নয় মাস বয়সী এক কন্যা সন্তান রযেছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ রাশেদ।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের সময় একমাত্র কন্যা সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূ মুনা আক্তার। বেড়ানো শেষে শুক্রবার (১৯ এপ্রিল) বিকালেই স্বামীর বাড়ীতে যাওয়ার কথা ছিলো। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে স্বামীর বাড়িতে যাওয়ার লক্ষ্যে ব্যাগেজ গোছাচ্ছিলেন গৃহবধূ মুনা। পরিবারের লোকজনের অগোচরে মুনার বাবার বাড়ীর বসতঘরের দরজার সাথে থাকা বৈদ্যুৎ তার লিক হয়ে দরজায় বিদ্যুৎ সরবরাহ হয়। একপর্যায়ে মুনা ওই দরজা স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার রাত এগারটায় স্বামীর বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের আকষ্মিক মৃত্যুতে অবুঝ শিশু হাবিবার অপলক চাহনীতে যেন হাহাকার ফুটে উঠেছে।

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।