Tag Archives: উপদেষ্টা

মমতা ব্যানার্জীর বক্তব্য

মমতা ব্যানার্জীর বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: উপদেষ্টা তৌহিদ হোসেন

মমতা ব্যানার্জীর বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: উপদেষ্টা তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে আহ্বান জানিয়েছেন, তা তার জন্য ‘সঠিক পদক্ষেপ নয়’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মমতার বক্তব্য নিয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে বলেন, মমতা ব্যানার্জীর বক্তব্যকে তিনি ‘মমতা ব্যানার্জী ধরনের বক্তব্য’ হিসেবেই দেখেন। তিনি বলেন, “উনি কেন এই বক্তব্য দিলেন, সেটা আমি বুঝতে পারছি না।”

তৌহিদ হোসেন বলেন, “ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচিত। তার বাসায় আমার যাতায়াত ছিল। আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি (বক্তব্যটি) হয়তো তাকে সহায়তা করবে। এটি আমার মত।”

চলতি মাসে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হওয়ার কথা ছিল, সেটি হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এফওসি হওয়ার কথা। আমি মনে করি হবে। দুপক্ষই সেটি দেখবে।”

ভবিষ্যতে আর কেউ টাকা পাচার

ভবিষ্যতে আর কেউ টাকা পাচার করতে পারবে না: উপদেষ্টা সালেহউদ্দিন

ভবিষ্যতে আর কেউ টাকা পাচার করতে পারবে না: উপদেষ্টা সালেহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগের সরকারের অনিয়ম ও দুর্নীতির প্রভাব ২-৪ মাসে দূর করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে কেউ যাতে টাকা পাচার করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতিতে এখন কিছুটা স্থিতিশীলতা ফিরে আসছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাচ্ছে। বিদেশি সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, আগের সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে সরকার তা সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ রহমান এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট:

ছাত্রদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সড়ক বন্ধ করে আন্দোলনের পরিবর্তে একটি নির্দিষ্ট স্থানে আন্দোলন করাই ভালো। তার প্রশ্ন, কেন সবকিছুর জন্য আন্দোলন করতে হবে?

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে  স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও আলাপ-আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। আমরা ছাত্রদের অনুরোধ করছি যেন তারা রাস্তায় না নামে। তাদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।”

এদিকে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হাওড়ের বাঁধ ভেঙে ফসলের ক্ষতি যেন না হয়, সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে। তবে, হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা সম্ভব নয়। প্রকল্প বাস্তবায়নের নীতিমালা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এখনও হাওড়ে অনেক পানি রয়েছে, তাই দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।”

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা

ব্যটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ব্যাটারি চালিত অটোরিকশা সম্পর্কিত উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, “ভুয়া ও মিথ্যা মামলা সত্য, যারা এসব করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হন, এজন্য প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, আর কেউ যদি এর অবনতির চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে দমন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে, কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। এর পাশাপাশি শিক্ষার্থীরাও আগের মতো থাকবে।”

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে: পররাষ্ট্র উপদেষ্টা

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। তবে আমরা স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে। কারণ, কিছু কমিশন কাজ করছে এবং তাদের প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারব কত দ্রুত এই কাজটি করতে সক্ষম হব।”

রোববার (১৭ নভেম্বর) ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের আগ্রহ রয়েছে। তারা জানাতে চেয়েছে, অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহায়তা করতে পারে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানার কিছু নেই। তবে আমরা তাকে ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করছি এবং চাই যে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন।”

ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ঢাকায় কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের কাছে তিনি কোনো বার্তা দেননি।”

বৈঠকে আলোচনার বিষয়ে উপদেষ্টা জানান, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অবৈধ অভিবাসীদের ফেরানোর বিষয়ে তাদের সঙ্গে একটি প্রক্রিয়া রয়েছে। যুক্তরাজ্য বলেছে, তারা যেন তাদের ফেরত নেয়, এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করছি। তবে ইতালি নিয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে। পশ্চিমা দেশগুলো অভিবাসন বিষয়ে যে বার্তা দিচ্ছে, তার সঙ্গে আমাদের একমত না হয়ে উপায় নেই।

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: উপদেষ্টা

সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয় এবং এমন কর্মকাণ্ডকে সমর্থন করে না। শিল্পকলায় ঘটে যাওয়া এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনকে প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের আগে কোথায় সংস্কার করা প্রয়োজন, তা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মাইনাস টু ফর্মুলা প্রসঙ্গে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। বিএনপি নির্বাচন চায়, এটা তাদের যৌক্তিক দাবি এবং সরকারও নির্বাচন চায়। তবে সরকার প্রথমে সংস্কার করতে চায় এবং পাশাপাশি নির্বাচনের ওপরও গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, নভেম্বর থেকে সেন্টমার্টিনে সাধারণত পর্যটকেরা যাতায়াত শুরু করে। তবে এবার কড়াকড়ির কারণে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসা জমে উঠছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য ও অপতথ্যের কারণে সেন্টমার্টিন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার থেকে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

পরিবেশ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেন্টমার্টিনের ৪১ শতাংশ প্রবাল ক্ষয়প্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক কিছু জার্নালে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে প্রবাল ক্ষয় হয়ে সেন্টমার্টিন সম্পূর্ণ ডুবে যাবে, তখন পরবর্তী প্রজন্ম সেন্টমার্টিন দেখতে পাবে না। বিশ্বের অনেক দেশ এই ধরনের কোরাল দ্বীপের পরিবেশ ফিরিয়ে আনতে কয়েক মাস পর্যটন বন্ধ রাখে। আমরা তো তা করছি না; আমরা একটি মধ্যম অবস্থানে আছি। কারণ সেন্টমার্টিনের বাসিন্দারা সেখানকার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। তাই নভেম্বর মাসে পর্যটকেরা দিনে গিয়ে দিনে ফিরে আসবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা রাতে থাকতে পারবে। আর ফেব্রুয়ারি মাসে পর্যটন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ডের

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই হবে: উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন যে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে। প্রায় ১৫ বছর আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তোলে।

এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জন বিডিআর সদস্য এখনও মুক্তি পাননি।

প্রায় দেড় দশক আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে এবং তা দ্রুতই সম্পন্ন করা হবে।”

বিজিবি সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চোরাচালান রোধে কঠোর নজরদারি রাখতে হবে।”

অপরাধের জন্য শাস্তি পাবে ব্যক্তি

অপরাধের জন্য শাস্তি পাবে ব্যক্তি, প্রতিষ্ঠান নয়: উপদেষ্টা আসিফ

অপরাধের জন্য শাস্তি পাবে ব্যক্তি, প্রতিষ্ঠান নয়: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

অপরাধের জন্য শাস্তি পাবে ব্যক্তি, প্রতিষ্ঠান নয়। কর্মীদের কোনো ভয় নেই বলে আশ্বস্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে সরকার বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে প্রতিষ্ঠান সচল রাখতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। ব্যক্তিগত অপরাধের জন্য শুধু ব্যক্তি দায়ী থাকবে, তাই কর্মীদের চিন্তার কোনো কারণ নেই।

বড় প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “আমরা কর্পোরেটদের হাতে বন্দি নই। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত। মাঠ প্রশাসনকে সক্রিয় করা ছিল বড় চ্যালেঞ্জ, যার জন্য দক্ষ কর্মকর্তাদের মাঠে পাঠানো হচ্ছে যেন তারা জনকল্যাণে কাজ করতে পারে।”

বাণিজ্য মন্ত্রণালয়কে টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার সুপারিশ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “ভোক্তা অধিকার আইন আরও শক্তিশালী করতে সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে।”

মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “এক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন ধরনের পণ্য আমদানির সময়ও মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। তাই সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হবে।

৫ ১০ ও ২০ টাকার নোট

৫, ১০ ও ২০ টাকার নোট বদলে যাবে

৫ ১০ ও ২০ টাকার নোট বদলে যাবে

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ এবং ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই শোচনীয়। সরকার শিগগিরই এই নোটগুলো পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, চলতি মাসে অথবা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে। এতে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা ইতোমধ্যে বন্ধ করেছি। বর্তমানে জিডিপির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্ন সহকারে ব্যবহার করার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।

রিমান্ড শেষে কারাগারে জো বাইডেনের ভুয়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় ৮ দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।

এদিন হাসান সারওয়ার্দীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর।

অপরদিকে তার জামিন চেয়ে আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে এহসানুক হক সমাজী বলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি এই মামলায় পরিস্থিতির শিকার। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। তার পক্ষে তিনটি আবেদন দিয়েছি। একটি জামিনের একটি ডিভিশনের এবং একটি চিকিৎসার জন্য। যেই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা জামিনযোগ্য। আইনে তাই বলা আছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই। তার জামিন দিলে তিনি পলাতক হবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হবেন। ন্যায়বিচারের স্বার্থে তাকে জামিন দেবেন। এটা তার অধিকার।

এর আগে গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতারের পর গত ৩০ অক্টোবর মিয়ান আরেফিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর পূর্ব ঘোষিত মহাসমাবেশ উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কাকরাই মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত পুলিশেরর সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এতে পুলিশের ৪১ সদস্য আহত ও এক সদস্য নিহত হন। একপর্যায়ে বেলা ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন।

এজাহারে বলা হয়, বিএনপির ওই কর্মকাণ্ডের পর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আসামি মিয়ান আরেফি, হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মীসহ কিছু সংবাদ মাধ্যমের উপস্থিতিতে আসামি মিয়ান আরেফি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় প্রদান করেন। বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেছেন বলে বক্তব্য দেন তিনি। সেখানে আসামি মিয়ান আরেফি তার বক্তব্যে দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দিনে ১০ থেকে ১৫ বার যোগাযোগ হয় এবং মার্কিন সরকারের সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এই আসামি আরও দাবি করেন যে, তিনি মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকেও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

এজাহারে অভিযোগ করা হয়, হাসান সারওয়ার্দী এবং ইশরাক হোসেন তাকে (মিয়ান আরেফি) মিথ্যা বক্তব্য দিতে সহযোগিতা করেন এবং তার বক্তব্য সমর্থন করে বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উসকানি দেন। মিয়ান আরেফি অন্যান্য আসামিদের সহায়তায় সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে সারা দেশে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেন।