,

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
November 17, 2024
news-image

স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। তবে আমরা স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে। কারণ, কিছু কমিশন কাজ করছে এবং তাদের প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারব কত দ্রুত এই কাজটি করতে সক্ষম হব।”

রোববার (১৭ নভেম্বর) ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের আগ্রহ রয়েছে। তারা জানাতে চেয়েছে, অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহায়তা করতে পারে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানার কিছু নেই। তবে আমরা তাকে ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করছি এবং চাই যে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন।”

ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ঢাকায় কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের কাছে তিনি কোনো বার্তা দেননি।”

বৈঠকে আলোচনার বিষয়ে উপদেষ্টা জানান, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অবৈধ অভিবাসীদের ফেরানোর বিষয়ে তাদের সঙ্গে একটি প্রক্রিয়া রয়েছে। যুক্তরাজ্য বলেছে, তারা যেন তাদের ফেরত নেয়, এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করছি। তবে ইতালি নিয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে। পশ্চিমা দেশগুলো অভিবাসন বিষয়ে যে বার্তা দিচ্ছে, তার সঙ্গে আমাদের একমত না হয়ে উপায় নেই।