Tag Archives: কুমিল্লা জেলা

কুমিল্লার দাউদকান্দিতে উন্নয়ন প্রকল্পের নাম ফলক ভাংচুর

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে রাতের আঁধারে উন্নয়ন প্রকল্পের নামে স্থাপনকৃত সড়কের নাম ফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের সুন্দুলপুর-গয়েশপুর সড়ক হইতে ধনগাজী সরকার বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই সড়কের নাম ফলকে এঘটনা ঘটে।এ নিয়ে এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১নং সুন্দুলপুর মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দুলপুর-গয়েশপুর সড়ক হতে ধনগাজী সরকার বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই এর কাজ শুক্রবার শেষ হয় । ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি- ৩ প্রকল্পের মাধ্যমে এ কাজে ব্যয় হয় ৩ লাখ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদ কাজটি ২০২০-২১অর্থ বছরে বাস্তবায়ন করে। কাজ শুরুর সময় রাস্তার পাশে স্থাপনকৃত ভিত্তিপ্রস্তরের নাম ফলকটি শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে কে বা কারা ভেঙে ফেলে।

পথচারীদের মাধ্যমে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান ওই প্রকল্পের সভাপতি ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলো বেগম। তিনি বলেন, রাতে কে বা কারা ভিত্তিপ্রস্তরের ওই নাম ফলক গুড়িয়ে দেয়। পথচারীর মাধ্যমে রাতে খবর পাই। তাৎক্ষণিক চেয়ারম্যান ও এলাকার লোকজনকে বিষয়টি জানিয়েছি।

চেয়ারম্যান মাসুদ আলম বলেন, উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে কেউ এই কাজটি করতে পারে। যারাই করেছে এটি খুবই নিন্দনীয় কাজ।

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নেই অনেক ত্যাগী নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্টঃ

গত বছরের ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের দীর্ঘ এক বছর অপেক্ষার পর গত মঙ্গলবার অনুমোদন হয় ৭৫ সদস্যবিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি।

দলের ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার প্রভাব খাটিয়ে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদ তাদের উপজেলার নেতাকর্মীদের দিয়েছেন। এ ছাড়া কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করার অভিযোগ রয়েছে।

গত মঙ্গলবার ঘোষিত ওই কমিটির পদ সংখ্যা ৩৯টি আর সদস্য পদ ৩৬টি। অনুমোদিত ওই কমিটি পর্যালোচনা করে দেখা যায়, মোট ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন ২৩ নেতা। এর মধ্যে সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের নিজ উপজেলা দেবিদ্বার থেকে পদ পেয়েছেন সর্বোচ্চ ১৪ জন। ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও চারজন। আর সভাপতি মু. রুহুল আমিনের নিজ উপজেলা মুরাদনগরে পদ পেয়েছেন নয়জন। এ ছাড়া ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও নয়জন। এদিকে কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক সদর কেন্দ্র চান্দিনা উপজেলায় হলেও এই উপজেলায় ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে পদ পেয়েছেন মাত্র তিনজন। এ ছাড়া ৩৯টি পদের একটিও জোটেনি জেলার হোমনা উপজেলায়। সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই উপজেলার বেশিরভাগ নেতা পদ পাওয়ায় বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন অন্যান্য উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত জেলা কমিটির দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার বলেন, ১৮ বছর দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম, চার বছর ছিলাম ভারপ্রাপ্ত। অথচ এই পূর্ণাঙ্গ কমিটিতে আমার ঠাঁই হয়নি। যারা জেলা কমিটির সভাপতি-সম্পাদক হয়েছেন, তারা থানা কমিটিরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেননি। পূর্ণাঙ্গ কমিটিতে টাকার বিনিময়ে অযোগ্য লোকদের রাখা হয়েছে। অনেক ছাত্রলীগ-যুবলীগের ছেলে পদ পেলেও বাদ পড়েছেন দলের সিনিয়র ত্যাগী নেতারা।

হোমনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও গত জেলা কমিটির কোষাধ্যক্ষ শাহ

আলম খন্দকার বলেন, অসংখ্য ত্যাগী নেতাকর্মী কমিটিতে নেই। আমাদের হোমনা জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হলেও এখানে এমপিসহ মাত্র পাঁচজনকে সদস্য রাখা হয়েছে।

বর্তমান কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু বলেন, পুরো কমিটিতে বৈষম্য করা হয়েছে। নতুন কমিটিতে এমন অনেকে আছেন যারা ইউনিয়ন বা থানা কমিটিতেও নেই। গত কমিটিতে যারা জেলা কমিটিতে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই এবারের কমিটিতে নেই।

এসব অভিযোগ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ প্রসঙ্গে সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার বলেন, যারা কমিটিতে এসেছে তাদের সবার বিষয়ে গোয়েন্দা সংস্থা খোঁজখবর নিয়েছে, তদন্ত করেছে। এখানে বিতর্কিত কেউ নেই। আর সভাপতি-সাধারণ সম্পাদক যেই এলাকার, সেই এলাকার বেশি লোক কমিটিতে থাকে- এটাই স্বাভাবিক। কারণ রাজনীতি করতে লোক লাগে। এটা কোন অন্যায় নয়।
সূত্র:সমকাল

দেবিদ্বারে সকল প্রয়াত শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীর আয়োজনে শনিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক আলী আহাম্মেদ -২ স্যারসহ সকল প্রয়াত শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মঞ্জুর আলী স্যারের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম শামীম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও দেবিদ্বার সরকারি কলেজ এর সাবেক প্রফেসর মো. আবু হানিফ।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারি প্রধান শিক্ষক আবদুস সবুর, সিনিয়র সহকারি শিক্ষক জামাল মোহাম্মদ কবির, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রাক্তন ছাত্র শাহাদাৎ হোসেন স্বপন, মো. সফিকুল ইসলাম সরকার, মো. তমিজ উদ্দিন, মো. বাবুল হোসেন রাজু (ভিপি বাবুল), মো. ময়নাল হোসেন (ভিপি ময়নাল), ডা. আসাদুজ্জামান রতন, মো. আমির হোসেন আমু, মো. মশিউর রহমান সুমন, মোঃ ইকবাল হোসেন রুবেল, মরহুম আলী আহাম্মেদ স্যারের পরিবারের পক্ষে মো. মোস্তাক আহাম্মেদ সহ আরো অনেক প্রাক্তন ছাত্রবৃন্দ প্রমুখ। পরে দেবিদ্বার সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মো. ছিদ্দিকুর রহমান দোয়া মোনাজাত করেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রী হাসিনের আত্মহত্যার নেপথ্যে কি, প্রেম নাকি অন্য কিছু ?

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় গত মঙ্গলবার দুপুরে গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রী জান্নাতুল হাসিন।

হতাশাগ্রস্ত হয়েই মৃত্যুর পথ বেছে নেন ২৩ বছর বয়সী জান্নাতুল হাসিন। প্রাথমিকভাবে এমনটিই জানিয়েছে পুলিশ ও তার পরিবার। তবে এর পেছনে প্রেম সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার রাতেই কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন হাসিনের বাবা ইদ্রিস মেহেদী। বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।

বুধবার রাতে হাসিনের বাবা বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে আমার মেয়ে আত্মহত্যা করেছে। মানুষের দোষ দিয়ে কী লাভ হবে! সে কোনো কারণে হতাশাগ্রস্ত ছিল। তবে কী কারণে হতাশার মধ্যে ছিল সেটা আমি জানি না।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি হতাশা থেকে আত্মহত্যাই করেছে। আর প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে- এমন তথ্যও এসেছে। তবে পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখছি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকায় বোনের বাসা থেকে কুমিল্লা নগরীর বাসায় আসেন জান্নাতুল হাসিন। এরপর থেকেই মন খারাপ ছিল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্যাম্পু আনার কথা বলে হাসিন বাসা থেকে বের হন। পরে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে সে।

মোটরসাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় দুই বন্ধু নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।

দুই বন্ধু শুক্রবার রাতে ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মেদ পাটোয়ারীর ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পাশ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন।

জানা গেছে, শুক্রবার রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রীজের নিচ থেকে ২ জনের মরদেহ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এব্যাপারে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো: আহসান হাবিব বলেন, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে শনিবার সকালে এয়াছিন ও রুবেল নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় জাকির হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের কাশিমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মাধাইয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর-গোবিন্দপুর গ্রামের মৃত মোকশত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি মহিচাইল থেকে মাধাইয়া আসছিল আর কাভার্ডভ্যানটি মহিচাইলের দিকে যাচ্ছিল। কাশিমপুর এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় এক যুবক অটোরিকশা চালকের মরদেহ দেখে পুলিশ খবর দেন। আমরা মহিচাইল বাজার এলাকা থেকে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান ও চালককে আটক করেছি। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটে ‘অপহৃত’ কিশোরকে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার, গ্রেফতার স্বামী-স্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেট থেকে ‘অপহৃত’ এক কিশোরকে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় ইয়াছিন আরাফাত মান্না (১৭) নামের ওই কিশোরকে উদ্ধার করে সিলেটের জালালাবাদ থানা পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

ইয়াছিন আরাফাত মুন্না সিলেটের জৈন্তাপুর উপজেলার গৌরি শংকর গ্রামের তৈমুছ আলীর ছেলে। তার মোটরসাইকেল বেশি দামে বিক্রি করার প্রলোভন দেখিয়ে তাকে কুমিল্লা নিয়ে আটকে রাখা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রামের পেয়ার আহমদের ছেলে ইমরান হোসেন (২৭) ও তার স্ত্রী লাকি বেগম (২৪)। কাজের জন্য ইমরান সিলেটে থাকতেন।

পুলিশ জানিয়েছে, ইয়াছিন আরাফাত মুন্নার সিলেট-হ-১২-২৯৮০ নম্বরের একটি মোটরসাইকেল ছিল। পরিবারের কাউকে না জানিয়ে মোটরসাইকেল বিক্রি করতে চায় সে। গত ২৬ নভেম্বর বেশি দামে মোটরসাইকেল বিক্রির প্রলোভন দেখিয়ে মুন্নাকে ‘অপহরণ করে’ কুমিল্লায় নিয়ে যান ইমরান হোসেন। সেখানে তার মোটরসাইকেল ১২ হাজার টাকায় বিক্রি করে দেন ইমরান। এতে ক্ষুব্ধ হয় মুন্না। সে নিজের মোটরসাইকেল বিক্রির টাকা চাইলে ইমরান তার স্ত্রী লাকিকে সাথে নিয়ে লাকসাম বাজারের পশ্চিমে একটি দোতলা ভবনের কক্ষে তাকে আটকে রাখেন। পরে আরো টাকা দাবি করেন তারা।

সিলেট নগরীর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শাহিন মিয়া জানান, এ ঘটনায় মুন্নার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুন্নার অবস্থান শনাক্ত করে। পরে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় ৩ কেজি গাঁজাসহ মো.সাকিল খান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মহাসড়কের পালকি সিনেমা হলের সামনে থেকে চান্দিনা থানা উপ-পরিদর্শক (এস আই) মো.গিয়াস উদ্দিনের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো.সাকিল খান ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের আবদুল মান্নান খানের ছেলে।

এ ব্যাপারে চান্দিনা থানা উপ-পরিদর্শক (এস আই) মো.গিয়াস উদ্দিন জানান, চান্দিনা পালকি সিনেমা হলের সামনে মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলো সাকিল খান। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গতিরোধ করে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করি। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওমানে বুড়িচংয়ের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবী অর্থের জন্য হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ওমান পুলিশ। প্রায় ৮ বছর যাবত ওমানে একটি কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করে সে।

নিহত যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের ফরিদ মিয়ার ছেলে দুলাল (৩৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল গত ৮ বছরেও বাংলাদেশে আসেনি।দেশের বাড়ির লোকজনের পারিবারিক অবস্থা সচ্ছল থাকার কারণে কেবল ঈদের সময় বাড়িতে কিছু টাকা পাঠাত।আর রোজগারের সব টাকাই সেখানে জমা করতো। নতুন বছরের জানুয়ারি মাসেই একেবারে দেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল।কিন্তু দেশে আর ফেরা হলোনা তার।

গত ৮ নভেম্বর ওমানের ইবরাতে তার কক্ষের বাইরে একটি জানালার পাইপে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো এবং মাটিতে দুই পা স্পর্শ করা অবস্থায় দুলালের মৃতদেহ উদ্ধার করে ওমান পুলিশ। ছবিতে দেখা গেছে, দুলাল যেন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার এক পায়ে জুতা রয়েছে, আরেকটি জুতা একটু সামনে উল্টে পড়ে আছে। দুলালের এ ছবি কেউ দেখলে কোনভাবেই বিশ্বাস করবে না, এটা আত্মহত্যা! যেমনি বিশ্বাস করছেন না, তার পরিবার। তাদের দাবী তার দীর্ঘদিনের উপার্জিত ও সঞ্চিত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দুলালকে কেউ হত্যা করে সহজেই তার কক্ষের পাশে সাধারণভাবে ঝুলিয়ে রেখেছে। দুলালের বাবা-মা, ভাইসহ পরিবারের সবাই দুলালের মৃত্যর সঠিক কারণ উদঘাটনের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।

নিহত দুলালের পরিবার জানায়, ২০১২ সালের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যায়। সেখানে আল মোবারক নামের একটি কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করতো। কোম্পানীটি ওমানের সালালা শহরে অবস্থিত। তবে কোম্পানীর শ্রমিকরা থাকতো ইবরা নামের অন্য একটি শহরে। সেখানে একটি কক্ষে দুলালসহ ৮জন বাঙালি বসবাস করতো। কাজের প্রয়োজনে কোম্পানী তাদের পুরো ওমানের বিভিন্ন শহরে পাঠাতো।

সাম্প্রতিক সময়ে করোনার প্রভাবে তারা ৮ জন অনেকটা আইসোলেশনের মতোই কক্ষে থাকতো। দুলালের সহকর্মী কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি এলাকার আবুল কালাম মোবাইল ফোনে জানায়, প্রতিদিনের মতো গত ৮ নভেম্বর ওমানের স্থানীয় সময় দুপুর ১টায় সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুু সময় পরে পাশের কক্ষের এক নাইজেরিয়ান শ্রমিকের চিৎকারে সবাই বাইরে গিয়ে দেখে দুলালের লাশ কক্ষের বাইরের জানালার পাইপের সাথে গামছা দিয়ে ঝুলানো। তবে তার দুই পা মাটিতে লাগানো ছিল।

ঘটনাটি কোম্পানীর লোক মারফত পুলিশ খবর পেয়ে ৫/১০মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে এবং লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ দুলালের কক্ষের বাকী ৭ জন বাংলাদেশী ও পাশের একটি কক্ষের ৪ পাকিস্তানি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে। একই সময় প্রথম দেখা নাইজেরিয়ান ও কোম্পানীর একজন সুপারভাইজারকে থানায় নিয়ে গিয়ে আঙ্গুলের ছাপ,স্বাক্ষর ও আকামা জব্দ রেখে ছেড়ে দেয়। দুলালের সাথে কারো কোন ঝগড়া, লেনদেন বা শত্রুতাও ছিলনা বলে ফোনে জানায় দুলালের সহকর্র্মী আবুল কালাম।

নিহত দুলালের বড় ভাই আওয়াল হোসেন জানান, ঘটনার পর সে দুলালের কোম্পানীর মালিকের সাথে মোবাইলে কথা বলেছেন। ওই মালিক জানিয়েছেন,পুলিশ তাকে (কোম্পানীর মালিক) জানিয়েছে দুলাল আত্মহত্যা করেছে। তবে কেন সে আত্মহত্যা করেছে সেটা সে জানেন না। মালিক আরো বলেছেন,যত দ্রুত সম্ভব দুলালের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন।

দুলালের বড় ভাই আওয়ালসহ তার বাবা ফরিদ মিয়ার দাবী, অর্থের লোভেই দুলালকে কেউ হত্যা করতে পারে। যেভাবে লাশের পা মাটিতে লেগে আছে তাতে একটি মানুষ ফাঁসিতে না ঝুলে মরতে পারেনা। কেউ তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে।

নিহত দুলালের পরিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ওমানের বাংলাদেশী দুতাবাসের সহযোগিতায় সুষ্ঠু তদন্তপূর্বক দুলালের মৃত্যু রহস্য উদঘাটনের দাবী এবং দ্রুত দুলালের লাশ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

চান্দিনায় যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে চান্দিনা উপজেলা যুবলীগের উদ্যোগে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়। এতে চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু।

সভায় চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।