Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুয়ারেজ

কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুয়ারেজ

ডেস্ক রিপোর্ট:

উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় আগামী শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন।

গত সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সুয়ারেজ তার অবসরের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তবে জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচটি খেলব।”

তিনি আরও বলেন, “সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসের সঙ্গে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ আমি জীবনের নতুন এক অধ্যায়ে যেতে চাই। আমার বয়স ৩৭ বছর, এবং আমি জানি, পরের বিশ্বকাপে খেলা অনেক কঠিন হবে। তবে এটা আমাকে সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে নয় বা দল থেকে বাদ পড়ার কারণে নয়, বরং নিজের সিদ্ধান্তে অবসর নিতে পারছি। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দিবো।”

গত জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে একটি গোল করেছিলেন সুয়ারেজ। তিনি বলেন, “আমি চেয়েছিলাম আমার সন্তানরা দেখে যে, আমি দেশের হয়ে কিছু বড় অর্জন করেছি। শেষ গোলটি ওদের জন্য আনন্দের ছিল। আমরা ট্রফি জিততে পারিনি, তবে আমার সন্তানেরা আমার গোল দেখে খুশি হয়েছিল।” ঘরের মাঠে খেলে অবসর নিতে চেয়েছিলেন সুয়ারেজ, সেই কারণেই প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বেছে নিয়েছেন।

২০০৭ সালে উরুগুয়ের জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি এখন পর্যন্ত ১৪২টি ম্যাচ খেলেছেন এবং সর্বাধিক ৬৯টি গোলের রেকর্ড তার ঝুলিতে। ক্লাব ফুটবলে বর্তমানে তিনি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলছেন। এর আগে তারা বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন।

ভেজাল মদে সর্বনাশ

দিলীপের ভেজাল মদে সর্বনাশ

দিলীপের ভেজাল মদে সর্বনাশ

স্টাফ রিপোর্টার:

উন্নতমানের কাচের টুকরো বা নকল হীরা বিক্রিতে আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ভেজাল মদে সর্বনাশ হচ্ছে লাখো মানুষের। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য দিলীপের মদ বিক্রির কোম্পানি গুলশানের সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএল।

জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআরের কাস্টমস বন্ড কমিশনারেট সূত্র বলছে, এসটিএল কূটনৈতিকদের ব্যবহারের জন্য আনা বন্ডেডওয়্যার হাউস সুবিধার মদ কালোবাজারে বিক্রি করে বিগত সাত বছরে সরকারের প্রায় ২৮৩ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে। এদিকে দেশে বন্ড সুবিধার মদে ভেজাল দিয়ে কালোবাজারে বিক্রি করায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। ভেজাল ও নিম্নমানের মদ পানে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।

সূত্র বলছে, মদ বিক্রির কোম্পানি সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএলে চট্টগ্রামভিত্তিক বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে পার্টনার ছিলেন এমপি আনার হত্যাকান্ডে আলোচিত সোনা ও হীরা চোরাকারবারির ডনখ্যাত দিলীপ কুমার আগরওয়ালা। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ থেকে বিএনপিপন্থি হয়ে ওঠে দিলীপ কুমার আগরওয়ালা।

এস আলম গ্রপের মালিকানাধীন ৭৫ শতাংশ শেয়ার থাকার পরও, মাত্র ২৫ শতাংশ শেয়ারের মালিক হয়ে দিলীপ রাতের আঁধারে নিজের নিয়ন্ত্রণে নেন পুরো সাবের ট্রেডার্স লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কয়েক শ কোটি টাকার শুল্কমুক্ত সুবিধায় আনা মদের মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে দিলীপের মদের কোম্পানি সাবের ট্রেডার্সে এনবিআরের নজরদারি বাড়ানোর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে চলতি বছরের ২০ জুন রাজধানীর নয়াপল্টনের একটি অফিসকক্ষ থেকে ফরহাদ (২১) ও ইমন (২৩) নামে দুই তরুণের লাশ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। এই দুজন বিষাক্ত মদ পানের কারণে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। এর আগে চলতি বছরের ১১ এপ্রিল নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানের পর অসুস্থ তিন যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকরা হলেন- উপজেলার ভারশো ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)।

সম্প্রতি বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধের (মানস) হিসাব মতে, দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা প্রায় দেড় কোটি। এর মধ্যে ১ কোটি মাদকাসক্ত এবং বাকি ৫০ লাখ মাঝেমধ্যে মাদক সেবন করে। সেই হিসাবে দেশের প্রায় ১৭ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে গড়ে প্রতি ১২ জনে (১১ দশমিক ৬৭) একজন মাদকসেবী। শতাংশের হিসাবে মোট জনংসংখ্যার ৮ দশমিক ৭৫ শতাংশ মাদকসেবী। মাদক বিশেষজ্ঞরা বলছেন, মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করায় বাংলাদেশ মাদকের বড় ঝুঁঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া সহজে পাওয়া যাচ্ছে যেকোনো মাদক। ফলে দিন দিন বাড়ছে মাদকসেবীর সংখ্যা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, সাম্প্রতিক সময়ে নতুন পথে নতুন মাদকের অনুপ্রবেশ আরও বেশি আসক্ত করে তুলছে তরুণ ও যুবকদের। পাশাপাশি পূর্ণবয়স্ক এবং শিশু-কিশোরদের মধ্যেও মাদকাসক্তি আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ থেকে ২০২৩-এর জুলাই পর্যন্ত মাদকাসক্ত হয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসা নিতে গেছে অন্তত ৫০ হাজার মাদকসেবী। আর গত পাঁচ বছরে রিহ্যাবে চিকিৎসা নিতে যাওয়া মাদকাসক্ত নারীর সংখ্যা বেড়েছে পাঁচ গুণ। ১৫ ও তার কম বয়সী মাদকাসক্তের সংখ্যা বেড়েছে তিন গুণ।

মানসের চেয়ারম্যান ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর মতে- মাদক হলো সব অপরাধের জনক। খুন, ধর্ষণ, পারিবারিক কলহ থেকে শুরু করে ছিনতাইয়ের মতো ঘটনার বেশির ভাগ ঘটছে মাদকের কারণে। এনবিআর সূত্র বলছে, বর্তমানে সারা দেশে দেড় শতাধিক লাইসেন্স পাওয়া মদের বার রয়েছে। যার ৮০ শতাংশ রাজধানীতে। এ ছাড়া বন্ড সুবিধায় আসা মদ কূটনৈতিক ব্যক্তিত্বরা (প্রিভিলেজড পারসন) বেশি কেনেন। আমাদের কাছে বিভিন্ন সময়ে তথ্য এসেছে, তারা ওই মদের একটি অংশ বাইরে বিক্রি করে দেন। এ ছাড়া মিথ্যা ঘোষণায় আমদানি, চোরাইপথেও মদ আসে। এসব মদ সরাসরি যায় দিলীপের মদ বিক্রির কোম্পানি সাবের ট্রেডার্স লিমিটেড বা এসটিএলে। এনআর সূত্র জানায়, বন্ড সুবিধায় দেশে ছয় ধরনের মদ বা অ্যালকোহল-জাতীয় পানীয় বাংলাদেশে আসে।

আমদানি করা মদের মধ্যে রয়েছে- বিয়ার, স্পিরিটজাতীয় পানীয়, হুইস্কি, রাম ও টাফিয়া, গিন ও জেনিভা, ভদকা, লিকারস ও করডিয়ালস। এনবিআরের অধীন কাস্টমস বন্ড কমিশনারেট অফিস শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা ছয়টি বারে মদের আমদানি ও সরবরাহ দেখভাল করে। এগুলো হলো- সাবের ট্রেডার্স লিমিটেড, ইস্টার্ন ডিপ্লোম্যাটিক সার্ভিসেস, টস বন্ড, ন্যাশনাল ওয়্যারহাউজ, ঢাকা ওয়্যারহাউজ ও এইচ কবির অ্যান্ড কোম্পানি। এর মধ্যে পাঁচটি গুলশানে এবং একটি মহাখালীতে অবস্থিত। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রিভিলেজড পারসনদের শুল্কমুক্ত সুবিধার সনদ দিয়ে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযোগ রয়েছে, অতীতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধাপ্রাপ্ত বারগুলো বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ এনে বাইরে বিক্রি করে দিত। এতে বারগুলো লাভবান হলেও সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাত। এ খাতে শৃঙ্খলা আনতে ২০১৭ সালে ছয়টি বন্ডেড ওয়্যারহাউজে মদ আমদানি, তা বিক্রির পাস বই সংরক্ষণ; ক্রেতার শুল্কমুক্ত সুবিধার সনদ দেখানো এবং কোন ব্র্যান্ডের কতটুকু বিক্রি হলো তা প্রতি মাসে পাঠানোর বাধ্যবাধকতা আরোপ করে। তবে শুরুর দিকে তা পরিপালন না হলেও সাম্প্রতিক সময়ে নিরবতা ভেঙেছে এনবিআর।

এনবিআরের কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, একজন প্রিভিলেজড পারসন বছরে একটি নির্দিষ্ট পরিমাণ মদ শুল্কমুক্ত সুবিধায় গ্রহণ করতে পারেন। এখন প্রতিটি বিক্রির বিপরীতে পাস বইয়ের কপি ও শুল্কমুক্ত সুবিধার কপি জমা নেওয়া হচ্ছে প্রতি মাসে। ফলে অনিয়ম করে বাড়তি আমদানির সুযোগ কমে গেছে।

৫ ১০ ও ২০ টাকার নোট

৫, ১০ ও ২০ টাকার নোট বদলে যাবে

৫ ১০ ও ২০ টাকার নোট বদলে যাবে

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ এবং ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই শোচনীয়। সরকার শিগগিরই এই নোটগুলো পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, চলতি মাসে অথবা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে। এতে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা ইতোমধ্যে বন্ধ করেছি। বর্তমানে জিডিপির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্ন সহকারে ব্যবহার করার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।

মাদকের টাকার জন্য ঝগড়া

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক এক ঘটনায় এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে খুন করেছেন তার বাবা।

ঘটনাটি ঘটেছে রোববার (১ সেপ্টেম্বর) গভীর রাতে, বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। ঘটনার পরপরই পুলিশ নিহতের বাবা, জয়নাল আবেদীন (৫৫), কে আটক করেছে।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানিয়েছেন, এনায়েত মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে পরিবারে চাপ সৃষ্টি করতেন এবং টাকার জন্য চুরি করতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার বাবা তাকে বিদেশ পাঠান, কিন্তু বিদেশে গিয়েও এনায়েত থামেননি। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্য ঝগড়া শুরু করেন।

ইউপি সদস্য আরও জানান, এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। রোববার রাতে নেশার টাকার জন্য এনায়েত তার বাবার সঙ্গে ঝগড়ায় জড়ান। ঝগড়ার এক পর্যায়ে জয়নাল রড দিয়ে ছেলের মাথায় আঘাত করেন, যা এনায়েতকে গুরুতর আহত করে। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর জয়নালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এনায়েতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৭ লাখের বেশি পরিবার পানিবন্দি

এখনো ৭ লাখের বেশি পরিবার পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৫৩ লাখ মানুষ

এখনো ৭ লাখের বেশি পরিবার পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৫৩ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট:

দেশের ১১টি বন্যাক্রান্ত জেলার মধ্যে সাত জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। এই জেলাগুলো হলো চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজার। এছাড়া মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে এবং কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরেও পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। এখনো প্রায় ৭ লাখ ৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫৩ লাখ ছাড়িয়েছে।

গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দেশের চলমান বন্যা সম্পর্কে সর্বশেষ তথ্য জানানো হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এখনো দেশের বন্যা আক্রান্ত জেলা ১১টি। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার।

এখনো দেশের ৬৮টি উপজেলা বন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা রয়েছে ৫০৪টি বলে জানিয়েছে মন্ত্রণালয়। বন্যায় গতকাল নতুন করে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে, তাদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ছয় জন এবং শিশু ১২ জন।

এদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন ১৪ জন, ফেনীতে ২৩ জন, চট্টগ্রামে ছয় জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন, কক্সবাজারে তিন জন এবং মৌলভীবাজারে একজন। এছাড়া এ সময়ে মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

বন্যায় পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩ হাজার ৮৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৩ লাখ ৫২ হাজার ৯৪২ জন মানুষ এবং ৩৪ হাজার ৫১৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১টি জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা প্রদানের জন্য মোট ৫১০টি মেডিক্যাল টিম চালু রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪ কোটি ৫২ লাখ নগদ টাকা এবং ২০ হাজার ৬৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ৩৫ লাখ টাকা শিশু খাদ্যের জন্য এবং ৩৫ লাখ টাকা গো-খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত মোট ১ লাখ ৫৯ হাজার ৪০০ প্যাকেট শুকনো খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) মাধ্যমে বন্যাকবলিত এলাকায় পাঠানো হয়েছে। ডিডিএম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

বন্যায় আক্রান্ত জেলার প্রশাসকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিক্যাল টিম ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।

এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে ইচ্ছুক আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে পারেন। হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’, ব্যাংক :সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর:০১০৭৩৩৩০০৪০৯৩।

যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে) দিতে চান, প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সহায়তা গ্রহণ করবেন।

যারা ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে) দিতে ইচ্ছুক তাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল (মোবাইল-০১৭১৮-০৬৬৭২৫) বা সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামের (মোবাইল-০১৮১৯২৮১২০৮) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিনা ভোটের চেয়ারম্যানরা

চৌদ্দগ্রামের বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যা দুর্গতদের পাশে না থেকে পালিয়ে গেছে

চৌদ্দগ্রামের বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যা দুর্গতদের পাশে না থেকে পালিয়ে গেছে
স্টাফ রিপোর্টার : 
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আজ থেকে তিন বছর আগে আমাদের প্রিয় সন্তান আবরার ফেসবুক স্ট্যাটাসে বলে গিয়েছিলেন ফারাক্কা এবং তিস্তা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশে বন্যার সৃষ্টি করবে। এরপর শেখ হাসিনার পেটুয়া বাহিনী রাতের আঁধারে আবরারকে পিটিয়ে হত্যা করেছে।
সাম্প্রতিক বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনাসহ তাঁর বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যার্ত মানুষের সেবা না করে পালিয়ে গেছে।
আ’লীগের ইতিহাস নির্যাতনের ইতিহাস, আ’লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। এই চৌদ্দগ্রামের সাবেক এমপি ও আন্তর্জাতিক রাজনৈতিক নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ভাইকে প্রাণের হত্যার চেষ্টা চালিয়েছিল আওয়ামী পেটুয়া বাহিনী। গত ৫ আগস্টের আগে তিনি দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন। আওয়ামী দুঃশাসনের সময় তাকে এলাকায় পর্যন্ত আসতে দেয়নি।
তিনি আরও বলেন, ‘আপনারা শেখ মুজিবকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী দাবি করেন, ওনি মুক্তিযুদ্ধ করেননি। স্বাধীনতার সময় শেখ মুজিব পাকিস্তানি সেনাবাহিনীর হাতে কারাগারে বন্দি ছিলেন। আর শেখ হাসিনা নয় মাস ২৫০ টাকা করে পাকিস্তান থেকে বেতন পেয়ে আরামে জীবন কাটাতো। শেখ পরিবার মুক্তিযুদ্ধ করেন নাই। মুক্তিযুদ্ধ করেছে এদেশের কৃষক, শ্রমিক ও আপামর জনতা’।
বিনা ভোটের চেয়ারম্যানরা
চৌদ্দগ্রামের বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যা দুর্গতদের পাশে না থেকে পালিয়ে গেছে
শাহজাহান চৌধুরী আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র গণবিপ্লবে স্বৈরাচারি শেখ হাসিনা পালিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারে নতুন সরকারকে একটি যৌক্তিক সময় দিতে হবে। এরপরই সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা বিপুল ভোটে আপনাদের নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ। আপনাদের নেতা ডাঃ তাহের অতীতেও মানুষের সেবা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে।
তিনি রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে চট্টগ্রাম মহানগী জামায়াতের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে কুলাসার ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর নজরুল ইসলাম, সেক্রেটারী নুরুল আমিন, সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্যাহ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতা সৈয়দ একরামুল হক হারুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের জামায়াত-শিবির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বন্যা কবলিত নারী-পুরুষ।
কুমিল্লা থেকে অপহৃত

কুমিল্লা থেকে অপহৃত মা ও শিশুকে কক্সবাজারে উদ্ধার

কুমিল্লা থেকে অপহৃত মা ও শিশুকে কক্সবাজারে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা থেকে অপহরণের তিন দিন পর কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকা থেকে অপহৃত মা ও শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে অপহরণের সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতরা হলেন- কুমিল্লা কোতোয়ালি থানার আশোকতলা এলাকার বক্সবাড়ির তানভীরের স্ত্রী আরিফা আক্তার (২৫) এবং তার তিন বছরের শিশু তানিশা ইসলাম আনহা।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে নিখোঁজ হন আরিফা আক্তার ও তার শিশু সন্তান। ভিকটিমের পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ ডায়েরি দায়ের করেন কুমিল্লা সদর দক্ষিণ থানায়।

নিখোঁজের তথ্য পেয়ে র‍্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ৩১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফা আক্তার ও তার শিশুকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফা জানান, অজ্ঞাত অপহরণকারী চক্রের হাতে তিনি অপহৃত হন। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর এই কর্মকর্তা।

অবৈধ ও ভেজাল ডায়মন্ডে

অবৈধ ও ভেজাল ডায়মন্ডে দিলীপের টাকার পাহাড়

স্টাফ রিপোর্টার:

দেশে ডায়মন্ডের খনি নেই, আমদানিও হয় না, তবুও থেমে নেই ডায়মন্ডের বেচাকেনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগরওয়ালা চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের ব্যবসা করছেন গত দেড় দশক ধরে।

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগরওয়ালার ২৮টি শোরুম রয়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। এসব শো-রুমে দিনে বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ কোটি টাকার ডায়মন্ড। কোথা থেকে কীভাবে ডায়মন্ড আসছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয়কর্মীরা।

এনবিআর সূত্র জানায়, ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডায়মন্ড ও ডায়মন্ডের গহনা আমদানি হয়েছে প্রায় ১০০ কোটি টাকার। এর পর দেশে ডায়মন্ডের আমদানি আর হয়নি বললেই চলে। এর বাইরে শিল্প খাতে ব্যবহারের জন্য ২০১৯ ও ২০২০ সালে তিনটি চালান ছাড়া কোনো জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করেনি।

২০২১ সালে অমসৃণ ডায়মন্ড আমদানি করে একমাত্র কাটিং ও পলিশিং কারখানা বেঙ্গল ডায়মন্ড লিমিটেড। কেয়া কসমেটিকস লিমিটেড আমদানি করে ছোট একটি চালান। ২০২২ সালে দুটি প্রতিষ্ঠান ডায়মন্ড আমদানি করে। শিল্পে ব্যবহারের জন্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ আমদানি করে একটি চালান। সাড়ে ৫ হাজার ডলার ঘোষণায় আরেকটি চালান আমদানি করে ঢাকার জুয়েলারি হাউস। অর্থাৎ চার বছরে গড়ে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ড আমদানি হয়েছে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, আমদানি না হলেও দেশে ডায়মন্ডের বাজার দিন দিন বড় হয়েছে। ডায়মন্ডের গহনা বিক্রির শতাধিক দোকান রয়েছে। এ ছাড়াও কিছু কিছু সোনার দোকানেও ডায়মন্ডের গহনা বিক্রি হয়। এসব দোকানে বছরে কত টাকার ডায়মন্ডের গহনা বেচাকেনা হয়, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে।

দেশের ডায়মন্ডের বাজার নিয়ে সমীক্ষা করা একটি প্রতিষ্ঠানের হিসাবে, ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় বছরে ১৮ থেকে ২০ হাজার কোটি টাকার। গড় বাজার হিসাব করা হলে বছরে তা প্রায় ১৫ হাজার কোটি টাকার। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ডায়মন্ড আমদানির সুযোগ নেই।

তাহলে দেশের বাজারে বেচাকেনা হওয়া এত ডায়মন্ড কোথা থেকে কীভাবে আসছে। জাতীয় রাজস্ব বোর্ডের আমদানির তথ্যমতে, গত ২০ বছরে যত ডায়মন্ড আমদানি হয়েছে, তার অধিকাংশই ভারত থেকে। ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের ৬৫ শতাংশের বেশি ডায়মন্ড কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে ডায়মন্ড আসছে, জানান ব্যবসায়ীরা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় কয়েক বছরে কয়েকটি চালান জব্দ করেছেন। ২০২১ সালে সাতক্ষীরা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ১৪৪টি ডায়মন্ডের গহনা জব্দ করে বিজিবি। ২০১৮ সালে ৭০ লাখ টাকার ডায়মন্ডের গহনা জব্দ করা হয়।

অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ড দেশে আনছিলেন দিলীপ কুমার আগরওয়ালা। বন্ড সুবিধা ছাড়া অমসৃণ ডায়মন্ড আমদানিতে কর ৮৯ শতাংশ। মসৃণ ডায়মন্ড আমদানিতে কর ১৫১ শতাংশ। এই শুল্ক কর ফাঁকি দিতেই মূলত ডায়মন্ড অবৈধ পথে আনা হচ্ছে। গত ২০ বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকার নামমাত্র রাজস্ব পেয়েছে।

ডায়মন্ডের বাজারে আরেকটি রহস্যজনক আচরণ হলো দেশের বাজারে দাম। এক ক্যারেট (০.২ গ্রাম) ডায়মন্ডের দাম ৭৯ হাজার টাকা। আর সবচেয়ে কম অর্থাৎ শূন্য দশমিক ১০ ক্যারেট ডায়মন্ডের দাম ৭ হাজার ৯১৪ টাকা। বাংলাদেশে নাকফুলসহ ডায়মন্ডের অলংকার বিক্রি হচ্ছে ১ হাজার টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন, হীরার ক্ষুদ্র টুকরা ব্যবহার করা হলেও এত কম দামে ডায়মন্ডের গহনা পাওয়ার কথা নয়। এগুলো আসলে উন্নতমানের কাচের টুকরা। আমদানি না হলেও বছরে এখন গড়ে ৬ হাজার কোটি টাকার ডায়মন্ডের গহনা বিক্রি হচ্ছে দেশে।

ডায়মন্ডের গহনা তৈরি করতে স্বর্ণ ব্যবহৃত হয়। মূল্যবান এই রত্ন বসানো হয় স্বর্ণের ওপর। স্বর্ণ আমদানির জট খুলেছে আগেই। সোনার অলংকারের দক্ষ কারিগরও রয়েছে দেশে। এখন ডায়মন্ড রপ্তানির বৈশ্বিক এই বড় বাজার ধরা গেলে বিলিয়ন ডলার রপ্তানি আয় আসবে বলে ব্যবসায়ীরা জানান। এ জন্য নীতিসহায়তা বাড়ানোর পাশাপাশি অবৈধ পথে ডায়মন্ড আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, ১০০ গ্রাম পর্যন্ত গহনা আনার সুযোগ নিয়ে ডায়মন্ডের ব্যবসায়ীরা আরও বেশি ওজনের ডায়মন্ডের গহনা নিয়ে আসছে ভারত ও দুবাই থেকে। যদিও ৯০ শতাংশের বেশি ডায়মন্ডের গহনা ভারত থেকে আসছে চোরাই পথে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উচিত এসব কীভাবে আমদানি হচ্ছে, তার কাগজপত্র চেক করা। তাহলেই তো বেরিয়ে আসবে আসল রহস্য।

অজু করতে গিয়ে মা দেখলেন

অজু করতে গিয়ে মা দেখলেন পুকুরে ভাসছে মেয়ের নিথর দেহ

অজু করতে গিয়ে মা দেখলেন পুকুরে ভাসছে মেয়ের নিথর দেহ

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের সমসেরাবাদ এলাকার মাতাব্বর বাড়িতে একটি পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশু, আরিবা জান্নাত, মারা গেছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জান্নাতের মা বিউটি আক্তার পুকুরে অজু করতে গিয়ে তার সন্তানের মরদেহ পানিতে ভাসতে দেখেন।

মৃত জান্নাত আবুল কাশেমের ছোট মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতের চাচা আরিফ হোসেন বলেন, “আছরের নামাজের সময় জান্নাতের মা বিউটি আক্তার এবং চাচী স্বর্ণা আক্তার অজু করতে পুকুরে যান। সেই সময় তারা পুকুরে জান্নাতের মরদেহ ভাসতে দেখেন। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে জান্নাত পুকুরে পড়ে যায় এবং তার মৃত্যু হয়।”

জান্নাতের মরদেহ এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সবই গিলে খাইছে গোমতী

বাপ দাদার ভিটে মাটির কোন চিহ্নই নেই, সবই গিলে খাইছে গোমতী

বাপ দাদার ভিটে মাটির কোন চিহ্নই নেই, সবই গিলে খাইছে গোমতী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ভারতের উজান থেকে আসা পানির স্রোতে গোমতী নদীর তীরবর্তী কুমিল্লার তিতাস উপজেলার গ্রামগুলোতে ধীরে ধীরে নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে অন্তত ৪০টি পরিবারের বসত ভিটা গোমতী নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে আরও অর্ধশত পরিবার। ভাঙন ঠেকানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গোমতী নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। তীরবর্তী বসতীরা বাঁশ, গাছের ডালা ফেলে কিছুটা রক্ষা হলেও এবার গত কয়েকদিনের বন্যার পানির স্রোতে গ্রামের অন্তত ৪০টি ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভয়ে অনেকেই ঘরের আসবাবপত্র সরিয়ে নিয়েছেন। কেউ আবার আস্ত টিনের ঘরই সরিয়ে নিচ্ছেন অন্যত্র।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, দক্ষিণ নারান্দিয়া গ্রামের পশ্চিম পাড়া বিল্লাল মিয়ার ভিটিপাকা ঘরটি কোন রকমে খুলে রক্ষা করলেও ভিটি এবং জমি রক্ষা করতে পারেননি। একই গ্রামের আব্দুস সালাম, আবুল হাসেম, বাদশা মিয়া, সাগর, মান্নান ও মনোয়ারার পরিবারের।

দিনমজুর আবুল হাসেম বলেন, আমার ঘর বাড়ী সব নদী নিয়ে গেছে। এখন মসজিদে কোন রকমে থাকি। ছেলে মেয়েরা অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে। বাপ দাদা ভিটে মাটির কোন চিহ্নই এখন নেই, সবই গিলে খাইছে গোমতী।

একই গ্রামের মিজান মিয়ার স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমাদের তিনটি ঘর কোন রকমে খুলে অন্য জায়গায় নিয়ে রাখছি। কিন্তু ভিটেবাড়িটি রক্ষা করতে পারিনি। পাশের টিনসেট বিল্ডিংয়ে থাকতাম, এখন বিল্ডিং থেকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি, আর বিল্ডিংয়ের আসবাবপত্র, টিনের চালসহ সকল মালামাল খুলে অন্যের বাড়ীতে রাখছি।

আবুল কাসেমের বিল্ডিংয়ের সামনের বসতঘর গাছপালা ও বিদ্যুতের খুঁটি নদীর ভাঙ্গনে নিয়ে গেছে। তিনি বলেন, এখন বালুর বস্তা ফেলে বিল্ডিং রক্ষার চেষ্টা করছি। পশ্চিম নারান্দিয়ার মসজিদ রক্ষার চেষ্টায় গ্রামবাসী মিলে টাকা তুলে বালুর বস্তা দিয়ে রক্ষার চেষ্টা করছেন।

সবই গিলে খাইছে গোমতী
সবই গিলে খাইছে গোমতী

ক্ষতিগ্রস্ত নারান্দিয়া গ্রামের অন্যান্য বাসিন্দারা জানান, দিন দিন বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে অনেক ঘর বিলীন হয়েছে নদীগর্ভে। এখন মানবেতর অবস্থায় আছেন। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারগুলো।

নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, নারান্দিয়া গ্রামের গোমতী নদীর দুই পাড়ের প্রায় ৫০টি পরিবারের বাড়ী নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখনো প্রতিদিনই কোন না কোন পরিবার নিঃস্ব হচ্ছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলায় জমা দিয়েছি।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আর নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান আজকের কুমিল্লাকে বলেন, ভাঙ্গনরোধে এবং নদীর ক্ষতিগ্রস্ত বাধগুলো পুনঃনির্মানের জন্য প্রকল্পের পূর্বশর্ত হিসেবে সমীক্ষা প্রকল্পের একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি পরিকল্পনা কমিশন থেকে পাশ হলে সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নদী ভাঙ্গনরোধে কাজ সম্পাদন করা হবে।