Tag Archives: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

বাবাকে ফিরিয়ে দেন, তিনি কোনো দোষ করেনি: দেবিদ্বারে নিহত রিকশাচালকের সন্তানদের আহাজারি

 

ডেস্ক রিপোর্টঃ

মায়ের কোলে বসে এদিক সেদিক তাকিয়ে যেনো বাবার ফেরার অপেক্ষা করছে দুই বছরের শিশু কন্যা রিয়ামনি। সে জানে না বাবা আর কখনোই ফিরবেন না। বাবার লাশের পাশে বসে বার বার মূর্ছা যাচ্ছিল আরেক কন্যা কিশোরী রেখা আক্তার। সঙ্গে ছিল স্ত্রী নাজমা বেগম। ছোট্ট রিয়ার বাবা হতদরিদ্র রিকশাচালক জীবন মিয়াকে পিঠিয়ে আহত করার প্রায় তিন মাস পর তার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় নিজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জীবন মিয়া। এর আগে গত ১৭ ডিসেম্বর কুমিল্লা মেডিকেল হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনা হয়। পুলিশ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জীবন মিয়ার রিয়া মনি ও রেখা আক্তার ছাড়াও আরও এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

বাবা হত্যার বিচার চেয়ে রেখা আক্তার বলে, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমার বাবা কোনো দোষ করেনি। তারা আমার বাবাকে কেন মারলো?

স্ত্রী নাজমা বেগম বলেন, আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। এ হত্যার বিচার চাই।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের অটোরিকশা চালক জীবন মিয়া পান্নারপুল বাসস্ট্যান্ডে বাখরাবাদ এলাকার এক যাত্রীর কাছে ১৫০ টাকা রিজার্ভ ভাড়া চান। এর আগে সিএনজি চালক আনোয়ার ওই যাত্রীর কাছে রিজার্ভ ভাড়া চান ৪০০ টাকা। এ নিয়ে দুজনের হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে জীবন মিয়া রাতে মরিচাকান্দা নিজের বাড়ি ফেরার পথে তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে ডান পা ভেঙ্গে ফেলা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পরই আনোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, অবিলম্বে হামলাকারী আনোয়ারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা দীর্ঘদিন ধরে পান্নারপুল স্ট্যান্ড এলাকায় ত্রাসের রাজত্ব করে আসছে। যখন তখন মানুষকে মারধর করে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। সিএনজি স্ট্যান্ডের ইজারা আনলেও অটোরিকশা, ট্রাক থেকেও চাঁদা তোলে। চাঁদা না দিলে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করে চাবি আটকে রাখে। খাল দখল, জায়গা দখল, স্ট্যান্ডে চাঁদাবাজীসহ এমন কোনো অপকর্ম নেই যে তারা করে না।

এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার জানান, অটোরিকশা চালক জীবন মিয়াকে মারধরের ঘটনায় আগে একটি মামলা দায়ের হয়েছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতে ৩০২ ধারা সংযুক্ত করার আবেদন করা হবে।

দেবিদ্বারে  আ’লীগ কর্মীকে পিটিয়ে আহত: ২ লাখ টাকা ছিনতাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সাদ্দাম বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা আওয়ামীলীগ কর্মী সাইফুল ইসলাম। সাইফুলকে আহত করে তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় সাদ্দাম বাহিনী।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এই হামলার ঘটনা ঘটে।

আহত মো: সাইফুল ইসলাম উপজেলার পদ্মকোট গ্রামের মৃত. তাজুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রৌশন আলী মাস্টারের একনিষ্ঠ কর্মী।

আহত সাইফুলের আত্মীয় স্বজন জানান, সাইফুল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রাস্তায় বের হলে সাদ্দাম হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা করে মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে ছাত্রাবাসের সামনে এনে গাড়ি থেকে নামিয়ে মারধর করে হত্যা করার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার সাথে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

হামলাকারীরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, পুরান বাজারের দুলাল মিয়ার ছেলে জহির, ইউসুফপুর গ্রামের মোসলেমের ছেলে সজীব, ইকরা নগরীর সাইদ হোসেন, মাস্টার বাড়ির নাজিম, ওমানীর বাড়ির পাশের মাসুম ও তার ছোট ভাই স্বাধীনসহ আরও অনেকে।

 

কুমিল্লায় শীতে শিশু রোগী বাড়ছে, প্রকট হচ্ছে হাসপাতালে শয্যা সংকট

ডেস্ক রিপোর্ট:

শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এখন শিশু ও নবজাতক রোগীর চাপ বেড়েছে দ্বিগুণের বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভর্তি রোগীর প্রায় ১৫ শতাংশই শীতজনিত রোগে আক্রান্ত।

কুমেক হাসপাতালে সরেজমিন দেখা যায়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি শিশু ও নবজাতক রোগী শয্যাসংখ্যার দ্বিগুণ। এখানে গত সাত দিনের ব্যবধানে চার শতাধিক রোগী ভর্তি হয়েছে। যেখানে শিশু ও নবজাতক দুই ওয়ার্ডে শয্যাসংখ্যা মাত্র ৭৪টি। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে গত সপ্তাহে পাঁচ নবজাতকের মৃত্যু হয়েছে। আরও শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া শিশুর অবস্থার অবনতি হলে আইসিইউ সাপোর্ট না পেয়ে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কিংবা বেসরকারি হাসপাতালে ছুটছেন।

হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনচার্জ রোশনারা বেগম বলেন, ‘গত একমাসে এই ওয়ার্ডে নয় নবজাতক রোগীর মৃত্যু হয়েছে। তবে শীতে তাদের মৃত্যু হয়নি। নিউমোনিয়া, অপরিপক্ব ও কম ওজনের নবজাতক এবং জন্মের সময় মস্তিষ্কে আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, মেডিক্যাল কলেজের নবজাতক ওয়ার্ডে ইনকিউবেটরসহ শয্যাসংখ্যা ২৪, তবে বৃহস্পতিবার এই ওয়ার্ডে নবজাতক রোগী ভর্তি ছিল ৪০। নির্ধারিত বেডের চেয়ে প্রায় দ্বিগুণ। একই অবস্থা শিশু ওয়ার্ডেও। ১২টি পেয়িংসহ শিশু ওয়ার্ডের শয্যাসংখ্যা ৫০টি। এইদিন নবজাতক ওয়ার্ডের মতো শিশু ওয়ার্ডেও শিশু রোগী ভর্তি ছিল নির্ধারিত বেডের দ্বিগুণ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতক রোগী নিয়ে আসা মো. রোবেল জানান, গত ৩ ডিসেম্বর নবজাতকটি জন্ম নেয়। সুস্থ হয়ে জন্ম নিলেও একদিন পরই বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় সে। আজ আট-নয় দিন হাসপাতালে ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে নবজাতকটিকে। চিকিৎসকরা বলছেন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

বরুড়া থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা এক শিশুর স্বজন মোহাম্মদ আলী জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে তাদের শিশু রোগীটি। দুই দিন ভর্তি ছিল হাসপাতালের শিশু ওয়ার্ডে। শিশুটির সুস্থতার লক্ষণ না দেখে তারা কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

রোগীর তুলনায় শয্যাসংখ্যা সংকটের বিষয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, নবজাতক ওয়ার্ডে ২৪ এবং শিশু ওয়ার্ডে ৫০টি শয্যা রয়েছে। শিশু ও নবজাতক রোগীদের জন্য এই ৭৪টি বেড পর্যাপ্ত নয়। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের বড় একটি অংশে কোভিড-১৯ ওয়ার্ড ঘোষণা করায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। যার কারণে ইচ্ছা থাকলেও বেড বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। এমনিতে ৫০০ বেডের এই হাসপাতালে প্রতিদিনই ৯শ থেকে এক হাজার রোগী ভর্তি থাকেন।

সূত্র: বা.ট্রি.।

কুমিল্লায় অজ্ঞাত বাস চাপায় বরুড়ার যুবক নিহত

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার আদর্শ সদরে অজ্ঞাত বাস চাপায় রাশেদ মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলার শাসনগাছা-আলেখারচর (বিশ্বরোড) সড়কে উপজেলার নোয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের সামনে এ ঘটনা ঘটে।

রাশেদ মুন্সি জেলার বরুড়া উপজেলার বেলভুজ গ্রামের আবুল হাসেমের ছেলে।

খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শুক্রবার সন্ধ্যায় সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানজির হোসেন বলেন, ওই যুবক ব্যক্তিগত কাজে বাড়ি থেকে কুমিল্লা শহরে যাচ্ছিল। অজ্ঞাতনামা কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। আমরা চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। অনেকে বলছেন তাকে একটি বাস চাপা দিয়েছে। তবে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

রহস্যজনকভাবে বন্ধ কুমেকের পিসিআর ল্যাব, বলা হচ্ছে ল্যাবে ভাইরাস

স্টাফ রিপোর্টারঃ

ভাইরাস ছড়িয়ে পড়ার ঘোষণা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে গত ৬ দিন ধরে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা বন্ধ রয়েছে।

ওই ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রাখার ফলে জেলা সিভিল সার্জন কার্যালয় কোনো পরীক্ষার ফল পাচ্ছে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের ল্যাব থেকে বিদেশগামী কিছু নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এ অবস্থায় করোনার উপসর্গ থাকা নমুনা দেয়া ব্যক্তি ও তাদের স্বজনরা ভোগান্তিতে রয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ করোনা শনাক্তের পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ নভেম্বর থেকে ল্যাবে সমস্যা দেখা দেয়। ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে আমরা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন ঢাকা থেকে লোকজন এসে এটি ঠিক করার পর ল্যাব চালু সম্ভব। তবে কবে নাগাদ ল্যাব চালু হবে এব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, গত ৩০ নভেম্বর থেকে আমরা করোনার কোনো নমুনা পরীক্ষার ফলাফল পাচ্ছি না। ল্যাবে সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা চট্টগ্রাম ও নোয়াখালীতে প্রবাসীদের কিছু নমুনা পাঠিয়েছিলাম। সেখান থেকে কিছু পরীক্ষার ফল এসেছে।

কুমেক সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ১৭ এপ্রিল মেশিন আনা হয়। ২৬ এপ্রিল ল্যাব স্থাপনের কাজ শেষ হয়। ২৯ এপ্রিল থেকে একটি পিসিআর যন্ত্রে নমুনা পরীক্ষা শুরু হয়। পরে আরও একটি যন্ত্র যুক্ত করা হয়। এরপর থেকে দুটি যন্ত্র দিয়ে নমুনা পরীক্ষা চলতে থাকে।

এদিকে করোনার উপসর্গ থাকা নমুনা দেয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অনেকেই দাবী করেন-কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য সঠিক নয়।নগরীর দুটি বেসরকারি ল্যাবে করোনার পরীক্ষার সুযোগ করে দিতে কুমেকের ল্যাব রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রী হাসিনের আত্মহত্যার নেপথ্যে কি, প্রেম নাকি অন্য কিছু ?

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় গত মঙ্গলবার দুপুরে গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রী জান্নাতুল হাসিন।

হতাশাগ্রস্ত হয়েই মৃত্যুর পথ বেছে নেন ২৩ বছর বয়সী জান্নাতুল হাসিন। প্রাথমিকভাবে এমনটিই জানিয়েছে পুলিশ ও তার পরিবার। তবে এর পেছনে প্রেম সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার রাতেই কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন হাসিনের বাবা ইদ্রিস মেহেদী। বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।

বুধবার রাতে হাসিনের বাবা বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে আমার মেয়ে আত্মহত্যা করেছে। মানুষের দোষ দিয়ে কী লাভ হবে! সে কোনো কারণে হতাশাগ্রস্ত ছিল। তবে কী কারণে হতাশার মধ্যে ছিল সেটা আমি জানি না।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি হতাশা থেকে আত্মহত্যাই করেছে। আর প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে- এমন তথ্যও এসেছে। তবে পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখছি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকায় বোনের বাসা থেকে কুমিল্লা নগরীর বাসায় আসেন জান্নাতুল হাসিন। এরপর থেকেই মন খারাপ ছিল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্যাম্পু আনার কথা বলে হাসিন বাসা থেকে বের হন। পরে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে সে।

কুমিল্লা শহরে নতুন করোনা শনাক্ত ২০ জনের, চান্দিনায় ৩ জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) আজকের রিপোর্টে নতুন কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৩১ জনেই আছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা শহরে ২০জন, চান্দিনায় ৩ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৩ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে  ৪৩  হাজার  ১৫ জনের। এর মধ্যে ৮  হাজার ৩৩৫  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২৩১ জন এবং সুস্থ হয়েছে ৭  হাজার  ৪২৮ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর দেয়া হবে না করোনা তথ্য

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ-উপসর্গ নিয়ে মৃত্যুসহ এ বিষয়ে আর দেয়া হবে না কোনো তথ্য। জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (১৯ আগস্ট) রাতে কুমেক হাসপাতালের কোভিড ইউনিটের চিকিৎসক ইশতিয়াক জামান চৌধুরী এক ইমেইল বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, ‘কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আর কোনো খবর কোনো ধরনের মিডিয়ায় দেয়া হবে না। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোভিড সংক্রান্ত কোনো খবর জানতে হলে জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেল।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, মূলত তথ্য বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় সময় দেখা যায় আমাদের তথ্য এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মিলে না। কারণ এখানে উসর্গ নিয়ে মারা যাওয়া অনেকের নমুনা পজেটিভ আসে। সেটি আবার দু’দিন পর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়। ফলে করোনা পজিটিভ এবং উপসর্গে মারা যাওয়া নিয়ে একই ব্যক্তির তথ্য দু’জায়গায় আসে। এ নিয়ে বিভ্রান্তি হয়। সেটি এড়াতেই এ সিদ্ধান্ত হয়েছে।’

করোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়কে ফোকাল পয়েন্ট করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র মতে মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সিনিয়র সচিব জিয়াউল আহসানের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনেই আরও ১০ মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ২ জন এবং কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার ব্রাহ্মনপাড়ার সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার ফাতেমা (৬০), লাকসামের নুরুল আমিন (৬০), সদরের রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের সহিদুল (৫০)।

এনিয়ে ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬১। যার মধ্যে ৩১৩ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা।

সোমবার (১০ আগষ্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লার বরুড়ায় তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫), লালমাইয়ের মাসুদা (৮০) এবং আইসিইউতে লাকসামের লাল মিয়া (৬৫) ও সদর দক্ষিনের আবদুল করিম (৭০)।

এই হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩০ জন, সুস্থ্য হয়েছে ৮ জন এবং মোট ভর্তি আছে ১৩৮ জন। তার মধ্যে আইসিউতে ভর্তি আছে ৯ জন মহিলাসহ ১৮ জন।