Tag Archives: চাঁদপুর

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ী থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ২ জন যুবককে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

উক্ত অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান ওরফে জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়ার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ের জন্য চাপ দেয়ায় গোপালগঞ্জের গৃহবধূকে চাঁদপুরে এনে হত্যা

বিয়ের জন্য চাপ দেয়ায় গোপালগঞ্জের গৃহবধূকে চাঁদপুরে এনে হত্যা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে চাঞ্চল্যকর গোপালগঞ্জের গৃহবধূ শীলা খানম হত্যার ২ আসামীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ। আটককৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর মৈশাদী গ্রামের মজুমদার বাড়ির আজিজ মজুমদারের ছেলে রাজিব মজুমদার (২১) ও আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত স্বপন খানের ছেলে কামরুল হাসান হৃদয় (২২)।

বিয়ের জন্য চাপ দেয়ায় গোপালগঞ্জের গৃহবধূকে চাঁদপুরে এনে হত্যা

পিবিআই পুলিশ সুপার জানান, আসামী রাজিব মজুমদার গোপালগঞ্জের একটি কসমেটিকস দোকানে চাকরি করতেন। একই মার্কেটে আরেকটি কসমেটিকস দোকানে শীলা খানমও চাকরি করতেন। সেই সুবাদে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আট মাস সম্পর্কের মাঝে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি মার্কেটের সকলের মাঝে জানাজানি হলে একপর্যায়ে তাদেরকে বের করে দেয়া হয়। পরে শীলা খানম রাজিবকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তারা দুজনে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সামনে থেকে গাড়িতে করে ঢাকায় এসে চাঁদপুরগামী ময়ুর লঞ্চযোগে রাত ১টায় চাঁদপুর এসে পৌঁছায়। এর মধ্যে লঞ্চের কেবিনে তাদের মাঝে দৈহিক সম্পর্ক হয়েছে।

পরে সিএনজি নিয়ে রাজিবের গ্রামের বাড়ি মৈশাদীতে এসে তার বন্ধু রফিককে ফোন করে এনে পুরো ঘটনাটি খুলে বলে শীলা খানমকে হত্যা করার বিষয়টি জানালে রফিক তাদের আরেক বন্ধু হৃদয়কে আনতে বলেন। পরে হৃদয় এলে তারা তিনজনে মিলে আদুরখান স্কুলের পাশে একটি জঙ্গলে শীলা খানমকে শ্বাসরোধ করে হত্যা করে পলাশ পাটওয়ারীর বাগানের ঝোঁপেড় মধ্যে ফেলে রেখে চলে যায় যে যার বাড়িতে। পরদিন সকালে হত্যাকারীরা তিনজন একত্রিত হয়ে রাজিব ও হৃদয় সারাদিন বাবুরহাট এলাকায় ঘুরাঘুরি করে রাতে হৃদয়ের নানার বাড়ি আশিকাটি ইউনিয়নের দাসদী পাঠান বাড়ি থেকে রাত সাড়ে ১১টায় তাদেরকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর পিবিআই এর পুলিশ পরিদর্শক আতিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

গৃহবধূ শীলা খানম হত্যাকন্ডে তার স্বামী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। শীলা খানমের দাম্পত্য জীবনে একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। এবং রাজিব মজুমদারও বিবাহিত ছিলেন।

এ দিকে গত ৮ সেপ্টেম্বর সকালে উত্তর মৈশাদীর পলাশ পাটওয়ারীর বাগানে স্থানীয় এক ব্যাক্তি দূর থেকে শীলা খানমের ব্যাগ দেখতে পেয়ে কাছে গিয়ে তার লাশ দেখতে পান এবং আশপাশের মানুষদের বিষয়টি জানালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও পিবিআই পুলিশ ঘটনাস্থলে আসেন। শীলা খানম (২৮) গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের করপাড়া গ্রামের মুনসুর খানের মেয়ে।

চাঁদপুরে সমাবেশে যাওয়ার পথে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে আসার পথে প্রতিপক্ষের গুলিতে মোবারক হোসেন বাবু (৪৮) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শনিবার (১৭ জুন) বিকেল ৩টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুসা নামে একজনকে আটক করেছে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ ইমরান ব্যাপারী, জহির ও ইমনকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত জহির (৩২) ও বিলকিছকে (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা বাহাদুরপুর থেকে রওয়ানা হই। এসময় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানের কর্মী-সমর্থকরা আমাদের ওপর বর্ষণ শুরু করে। এতে আমার ভাই বাবুসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

চাঁদপুর সদরে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে নিহত ১

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর সদর উপজেলায় নব-নির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে ইলেকট্র্রিশিয়ান নিহত হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার মনিহার গ্রামের একটি ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত দেলোয়ার একই উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মনিহার গ্রামের আবুল বাশারের তিন তলা নব-নির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ওই কাজ করতে গিয়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান হাসিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, মৃত্যুর ঘটনা এখন জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে আমার কাছে কোন অভিযোগ আসেনি। তারা ঘটনার বিষয়ে আমাকে কিছু জানায়নি।

চাঁদপুরে ৩৯ কেজি গাঁজাসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে ৩৯ কেজি গাঁজাসহ ইলিয়াস রহমান সজল (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শনিবার (১০ জুন) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট এলাকা থেকে মাইক্রোবাসসহ ওই যুবককে আটক করা হয়।

ইলিয়াস রহমান সজল বরিশালের বাকেরগঞ্জ থানার দুধলমৌ গ্রামের সালাম খানের ছেলে।

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁদপুরের দিকে একটি মাইক্রোবাস আসছে এমন গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়। এরইমধ্যে সন্দেহভাজন একটি মাইক্রোবাস বাবুরহাট এলাকায় আসা মাত্র তা চ্যালেঞ্জ এবং আটক করে তল্লাশি চালানো হয়; পাওয়া যায় কয়েকটি প্যাকেটে মোড়ানো ৩৯ কেজি গাঁজা।

তিনি আরও জানান, বিপুল পরিমাণ এই গাঁজার চালানসহ আটক যুবকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না; তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান এমদাদুল ইসলাম মিঠুন।

চাঁদপুরে ৩০ মণ পাঙাশের পোনা জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও লালপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) পাঙাশ মাছের পোনা ও তিনটি মাছ ধরার ফাঁদ (চাঁই) জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে আনন্দবাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙাশের পোনা ও ৩টি পাঙাশ মাছের পোনা ধরার ফাঁদ (চাই) জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাঙাশের পোনা ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে নৌকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা পাঙাশের পোনা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং চাঁইগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

কুমিল্লায় পিস্তলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ১ লিটার ইস্কফ সিরাপসহ ২ জনকে আটক করেছে ১০ বিজিবি সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১২টায় সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহাপুর” নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়।

আটকরা হলেন, নারায়নগঞ্জের মোমেন খানের ছেলে মোঃ ফারুক গনী ও চাঁদপুরের কচুয়ার মোঃ আবুল বাশারের ছেলে মোঃ ফয়েজ (২৬)।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মাহাবুবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরের বাঘড়া বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় বাজারের মিজানের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে কেউ বলতে পারেনি এদিকে প্রখর রোদ ও তাপে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী অন্যান্য আরও ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৩ কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কালু পাটোয়ারী, মতিন পাটোয়ারী, সজীবসহ বেশ কয়েকজন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল মজুদ করেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী ২০, ২৫ থেকে ৩০ লাখ টাকার পর্যন্ত মালামাল ঢাকা থেকে নিয়ে এসেছেন। আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় অনেক ব্যবসায়ীকে আহাজারি করতে দেখা গেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে এ যাত্রায় রক্ষা পেল, স্থানীয় বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী। চাঁদপুর ও ফায়ার সার্ভিস ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টা চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস পৌঁছার পরে আর কোনো দোকানে আগুন ছড়িয়ে পড়েনি। এতে বাজারের অন্যান্য প্রায় দুই শতাধিক দোকান রক্ষা পায়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো ব্যবসায়ী বা ফায়ার সার্ভিসের কোনো সদস্য গুরুতর আহত হননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

দারিদ্রতার হার কমাতে চাঁদপুরে অসহায় নারীদেরকে প্রভাতের সেলাই মেশিন বিতরণ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে। এ সকল বিষয় মাথায় রেখে চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে গত দুই বছর আগে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ প্রভাত চাঁদপুর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুইজন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তির পরিবারের খাবার পানি নিশ্চিতকল্পে গভীর নলকূপ স্থাপন ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এদের মধ্যে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের খুকি বেগমকে সেলাই মেশিন, একই এলাকার অস্বচ্ছল প্রতিবন্ধী মিন্টু হাজীকে টিউবওয়েল, মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ গ্রামের জয়তুন বেগমকে সেলাই মেশিন ও সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের রিনা বেগমকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। সেই সাথে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়েছে।

প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স মহামায়া অফিস ইনচার্জ কাউছার হাজী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ জুয়েল হাজী। কার্যকরী সদস্য সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এমরান পাটওয়ারী, সদস্য ফারুক পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করে আসছে উক্ত সংগঠনটি।

সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

ওমরাহ পালন শেষে কর্মস্থল ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. লিটন মিয়া (৩০)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহত লিটন মিয়ার বাড়িতে বইছে শোকের মাতম।

নিহত মো. লিটন মিয়া উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের চাঁন মিয়া সরকারের একমাত্র পুত্র। জীবিকার সন্ধানে ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লিটন মিয়া। লিটন মিয়া সৌদি আরবে দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহত লিটন মিয়ার বাবা চাঁন মিয়া সরকার জানান, জায়গা জমি বিক্রি করে ৬ বছর আগে সৌদি আরবে পাঠাই আমার সন্তানকে। এ বছর ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা নিহত হয়। গত শনিবার তার এক বন্ধু ফোন করে এ খবর জানিয়েছেন। এ শোক আমি সইবো কিভাবে। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী লিটন।

নিহত লিটন মিয়ার মা নিলুফা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, গত শনিবার ইফতারের আগমুহূর্তে লিটনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে সে কথা আমার বিশ্বাস হয়নি। কিছুদিন আগেও ভিডিও কলে সে বলেছিল ঈদে সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠাবে। কিন্তু তার আগেই আল্লাহ তাকে না ফেরার দেশে নিয়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

লিটন মিয়ার ছোট ভগিনীপতি আল-আমীন জানান, নিহত লিটন মিয়ার মরদেহ একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।