Tag Archives: জনপ্রশাসন

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিস্তারিত এখনো জানা যায়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগেই জানা গিয়েছিল।

গত ৮ আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন ইতোমধ্যে গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, “আমাদের প্রতিবেদন গত মাসেই জমা দেওয়ার কথা ছিল, তবে মাঠ পর্যায়ে গিয়ে জনগণের মতামত সংগ্রহ করায় কিছুটা সময় লেগেছে। প্রতিবেদনটিতে ১০০টিরও বেশি সুপারিশ রয়েছে।”

গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়, পরে সদস্য সংখ্যা তিনজন বাড়ানো হয়। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে বলা হলেও, সময়সীমা তিন দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদন জমা দেওয়া হলো।

অন্যদিকে, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে ৩ অক্টোবর প্রধান উপদেষ্টার অনুমোদনে বিচারবিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনও তাদের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে।

সংসদ নির্বাচন: আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২০৫ জন ইউএনওকে নির্বাচন কমিশনের অনুমতিস্বাপেক্ষে বদলি করল সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫৮ জন ইউএনওকে বদলির পৃথক দুটি প্রস্তাব পাঠালে তাতে সম্মতি দেয় ইসি। এর মধ্যে গতকাল বুধবার ১১০ জন ও আজ বৃহস্পতিবার ৪৮ জন ইউএনওকে বদলির তালিকা ইসিতে পাঠায় মন্ত্রণালয়।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। এ নিয়ে এখন পর্যন্ত ২০৫ জন ইউএনওকে বদলি করা হয়েছে।

এদিকে আজ দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে ইসি। আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেয় সংস্থাটি।

এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দেশের সব ইউএনও ও ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় ইসি। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি। সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি।

চলতি মেয়াদে বিসিএস ক্যাডার হয়েছেন ১৬০২৯ জন: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের চলমান তৃতীয় মেয়াদে এ পর্যন্ত বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ২ লাখ ৮টি পদ সৃজনের আদেশ দেওয়া হয়েছে। পদ সৃজনের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন দপ্তর বা সংস্থাসমূহ শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারের তৃতীয় মেয়াদে (২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত) ৩৭তম থেকে ৪২তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য পদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।