Tag Archives: তিতাস উপজেলা

তিতাসে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সাপ্তাহিক হাটে মানুষের ভিড়

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে কঠোর লকডাউনের মধ্যেও সাপ্তাহিক হাটে মানুষের ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি বা দূরত্ব মেনে ক্রেতাদের চলাচল ও কেনাকাটা করতে দেখা যায়নি।

বুধবার (৭ জুলাই) দুপুরে লকডাউন ও প্রশাসনকে উপেক্ষা করে উপজেলার বাতাকান্দি বাজারে সাপ্তাহিক হাট বসে। এতে মানুষের ব্যাপক উপস্থিতিতে ভণ্ডুল হয়ে গেছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। মনে হয়েছে স্বাভাবিক সময়ের মতোই বাজারের বেঁচাকেনা করছে। এছাড়াও রাস্তাগুলোতে আগের চেয়ে বেড়েছে সিএনজি ও অটোরিকশার সংখ্যা। রাস্তাঘাটে মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মত।

সরেজমিন বাতাকান্দি বাজারে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব।ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো স্বাস্থ্য উপকরণ। যে যার মতো করে দ্রুত বাজার করার চেষ্টা করছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা কোনো নির্দেশনা মানছে না। প্রশাসনের উপস্থিতি কম থাকার কারণে ব্যবসায়ীরা লকডাউনকে উপেক্ষা করছে।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়েছে আজ যেনো সাপ্তাহিক বাজার না বসে এবং সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদের নেতৃত্বে একটি পুলিশের টিম টহলে ছিলো। এখন আবার অভিযানে যাচ্ছি।

তিতাসে ৩ সন্তানের জননীকে নির্যাতন ও জোরপূর্বক তালাক দিতে অভিযোগ স্বামীর বিরুদ্ধে

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন মাছিমপুর গ্রামের আবুল হাশেমের মেয়ে ৩ সন্তানের জননী সালমা আক্তারকে (২৮) শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ জোরপূর্বক তালাক দিতে চাপসৃষ্টির অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী লোকমান খান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মোঃ আবুল হাশেমের মেয়ের সাথে একই গ্রাামের মোশাররফ হোসেন শুক্কুরের ছেলে লোকমান খানের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় ১৫ বছর পূর্বে, বিয়ের পরে সুন্দর ভাবেই চলছিলো তাদের দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। বড় মেয়ে সাদিয়া (১৪) মেজো ছেলে ইয়াছিন খান (৬) ও ছোট ছেলে ইয়ামিন খান (৪)। হঠাৎ এক বছর পূর্বে প্রবাসী লোকমান প্রথম স্ত্রীকে না জানিয়ে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে। এবং বিয়ের তিন মাস পরেই তাকে সৌদিআরবে নিয়ে যায় স্বামী লোকমান। তরপর থেকে প্রথম স্ত্রী সালমার ও সন্তানদের জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা।পাষন্ড স্বামীর নির্দেশে সালমার উপর চলে শারীরিক ও পাশবিক নির্যাতন এবং দিচ্ছে না কোন খরচপাতি। মানুষের কাছে হাত পেতে ছেলে মেয়ের খাবার যোগার করছেন নির্যাতিত নারী সালমা।

এ বিষয়ে সালমা আক্তার বলেন, আমার স্বামী আমাকে না জানিয়ে গত এক বছর আগে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে সৌদিআরবে নিয়ে যায়। তারপর থেকে আমার স্বামী আমাকে ও আমার ছেলে মেয়েদের কোন খোঁজখবর নিচ্ছে না এবং সংসার চালাতে টাকা পয়সা দিচ্ছে না। এছাড়াও আমার স্বামীর নির্দেশে আমার শশুর-শাশুরী ও দেবররা আমাকে মারপিট সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এবং এলাকার কিছু লোককে টাকা দিয়ে আমাকে জোরপূর্বক তালাক নিতে চাচ্ছে। আমি মরে গেলোও তালাক দিবো না, আমি এক স্বামীর পরিচয়ে বাঁচতে চাই।

এদিকে সালমার শশুর মোশাররফ হোসেন শুক্কর এর কাছে জানতে চাইলে, তিনি লোকমানের দ্বিতীয় বিয়ে কথা স্বীকার করে বলেন, লোকমানের স্ত্রীর সাথে আমাদের কোন বিরোধ নাই, আমিও চাই সংসারটি টিকে থাকোক। কিন্তু লোকমান যদি তার প্রথম স্ত্রীকে না রাখে আমাদের কিছু করার নাই।

এসময় সালমার বাড়িতে সাংবাদিকদের উপস্থিতি দেখে একাধিক নারী এসে জানান, সালমার তিনটি বাচ্চা আছে, আল্লাহ বাচিয়ে রাখলে বড় মেয়ে দুই এক বছরের মধ্যেই বিয়ে দিতে হবে। এই মুহুর্তে লোকমান তিনটি ছেলে মেয়ে রেখে সালমাকে ছেরে দিতে চায়। আমরা এর সঠিক বিচার চাই।

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান তিতাস উপজেলার গোপালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহত আব্দুর রহমান একটি ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ পদে চাকুরী করতো। মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে শহিদ নগর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

খোকাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নারান্দিয়া ইউনিয়নবাসী

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়ন থেকে আরিফুজ্জামান খোকাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ওই ইউনিয়নবাসী।

তিনিই হচ্ছেন আওয়ামী লীগের হেভিওয়েট পদপ্রার্থী এমন গুঞ্জনই এখন সাধারণ জণগনের মুখে মুখে। এমন লক্ষকে সামনে রেখেই আরিফুজ্জামান খোকা প্রচার প্রচারণা করে যাচ্ছেন। উক্ত প্রচার প্রচারণায় অংশ গ্রহণও করছেন অত্র ইউনিয়নের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

তিনি বর্তমানে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

সংবাদ সংগ্রহকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা-কর্মীরা জানিয়েছেন, এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে আরিফুজ্জামান খোকা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিকল্প কোন প্রার্থী নাই।

তিতাস প্রেসক্লাবে এসে ইউপি সদস্যের প্রতিবাদ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লা তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. শাহ-আলম এর নামে তারই এলাকার একটি মহল মিথ্যা অপপ্রচার করায় আজ বুধবার দুপুরে তিতাস প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে প্রতিবাদ জানান।

এসময় তিনি সাংবাদিকদের নিকট বলেন, গ্রামের একটি ইরিগেশন প্রজেক্ট ও একটি মাছের প্রজেক্ট নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এঘটনায় তমিজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। তারই জের ধরে প্রতি পক্ষের বিএনপি নেতা মনু মেম্বারগং আমাকে জরিয়ে নানাহ রকম মন্তব্য ও অপপ্রচার করে আসছে বলে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন এঘটনার সাথে তিনি কোন প্রকার জরিত নেই বলেও দাবী করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও হোমনা- তিতাসের এমপি সেলিমা আহমদ মেরী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের সু-দৃষ্টি কামনাসহ সুষ্ট তদন্তের মাধ্যমে সুবিচার প্রার্থনা করেন।

এদিকে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মনু মিয়া বলেন শাহ আলম মেম্বারই তমিজ উদ্দিনকে পরামর্শ দিয়ে মিথ্যা মামলা করিয়েছে বিষয়টা গ্রামের সবাই জানে।

কুমিল্লার তিতা‌সে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাসে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১১টা থে‌কে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌ম।

এসময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধা‌রিত স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে ব্যবসা প‌রিচা‌লনা করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে উপজেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর সাইদুল ইসলাম, বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি ও এসআই আ: ক‌রি‌মের নেতৃ‌ত্বে তিতাস থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চান্দিনায় জীবিকা নির্বাহে পঙ্গু শাহজালাল পেল অটোরিক্সা

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের অটোরিক্সা চালক শাহজালাল। ২ ভাই ও ১ বোনের সংসারে শাহজালাল সকলের বড়। ২০০৪ সালে বিয়ে করে দাম্পত্য জীবন শুরে করেন তিনি। দাম্পত্য জীবনে ৪ কন্যা সন্তানের জনক শাজালাল।

সংসারের ঘানি টানতে ভোর থেকে রাত অবধি ভাড়ায় অটোরিক্সা চালিয়ে সংসার চালতো তার। নিজ বাড়িতেই হোচট খেয়ে পড়ে সুন্দর সাজানো জীবন অগোছালো হয়ে পরে তার। মাত্র এক বছরের ব্যবধানে প্রাণঘাতি ক্যান্সার থেকে রক্ষা করতে ডাক্তার তার একটি পা কেটে ফেলে। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন শাহজালাল। স্ত্রী, ৪ কন্যা সন্তানকে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।

হঠাৎ দেবদূত হয়ে যেন অসহায় পঙ্গু শাহজালালের পাশে দাঁড়ান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে ১০১ সদস্যের টিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মূলমন্ত্র ‘সেবা-শান্তি-প্রগতি’কে মনে লালন করে পঙ্গু শাহজালাল এর চিকিৎসা ব্যয় বহন থেকে শুরু করে জীবিকা নির্বাহের আলোর দিশারী উঠেন ওই টিম। পরবর্তীতে তার জীবিকা নির্বাহ করার জন্য দেওয়া হয়েছে একটি ইজি বাইক (অটোরিক্সা)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বাগুর আব্দুল মাজিদ মার্কেট এলাকায় আর্ত মানবতার সেবায় অসহায় পঙ্গু রিক্সা চালকের মাঝে ইজি বাইক বিতরণ অনুষ্ঠানে শাহজালালের হাতে চাবি তুলে দেন নেতৃবৃন্দ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১০১ সদস্যের টিম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সালেহ্ মোহাম্মদ টুটুল।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোসলেহ্ উদ্দীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য এড. জাহিদুল আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সদস্য আবদুর রহমান মানিক সরকার, শাহদাত হোসেন মিঠু, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক এমএ. সাত্তার, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আব্দুল মান্নান মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোদ্দাম হোসেন, গোলাম আব্বাস গনি, শাহজাহান খন্দকার, নজরুল ইসলাম, ছাত্র নেতা যাদব রায় প্রমুখ।

তিতাসে জাতীয় পার্টির বিভাগীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভা

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টিও সভাপতি ও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোসাঃ নাজমা আক্তার এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শারমিন, প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার লোটন, মৌলভী মো. ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও তিতাস উপজেলা যুবসংহতির আহ্বায়ক মো. শেখ ফরিদ মুন্সি প্রমূখ। এসময় বক্তারা মরহুম পল্লী বন্ধু হোসাইন মো. এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো তুলে ধরেণ এবং সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন।

কুমিল্লার তিতাসে পাকা রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসন!

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার তিতাস উপজেলায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে পাকা সড়ক ধ্বসে পড়েছে।

গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর হইতে চান্দনাগেরচর সড়কের মাঝামাঝি মাওলা মিয়ার বাড়ির পূর্ব পাশে প্রায় ৩০ ফুট অংশ ধ্বসে পড়ে। এতে সিএনজি-অটোরিক্সাসহ যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে শিবপুর, চান্দনাগেরচর, ইউসুফপুর, গোপালপুর ও বাঘাইরামপুর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপি-শিবপুর ও ইউসুফপুর এলাকায় অপরিকল্পিতভাবে কালভার্ট বিহীন সড়ক নির্মাণ করায় কড়িকান্দি মৌজার প্রায় ৩০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও জমির পানি না নামায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েন।

স্থানীয় কৃষক আমীর হোসেন ও মজিবুর রহমান বলেন, সড়কটি কাটা হয়নি, পানি নিষ্কাশনের জন্য হোল করে পাইপ দেওয়ার সময় ধ্বসে পড়েছে। তবে আমরা সমস্যা নিরসনে জমির মালিকদের নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক করেছি। পরে চেয়ারম্যানকে আমাদের সমস্যার কথা জানাই এবং পানি সরানোর জন্য সড়কের নিচ দিয়ে পাইপ বসানোর অনুমতি চাই। চেয়ারম্যানের অনুমতি নিয়ে জমির মালিকরা টাকা তুলে সড়কের মাওলা মিয়ার বাড়ির পূর্ব পাশে পাইপ বসাতে গেলে সড়কটি ধসে পড়ে।

এ বিষয়ে মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার ফোনে জানান, এলাকার কৃষকরা জমিতে আটকে থাকা পানি সরানোর বিষয়টি আমাকে জানিয়েছে। তারা পাইপ কিনার জন্য কিছু টাকাও নিয়েছে। পাইপ বসানোর সময় দূর্ঘটনাবসত সড়কটি ধসে পড়েছে। অতি দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, বিষয়টি আমি শুনেছি। জলাবদ্ধতা নিয়ে কৃষকরা আমাকে বা কৃষি অফিসকে জানাতে পারতো। স্থানীয় চেয়ারম্যানও বিষয়টি আমাকে জানায়নি। সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

তিতাসে ফুটবল টুর্নামেন্টে হেরে মহিলা মেম্বার ও তার ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায়  প্রতিপক্ষরা ফয়সাল ও তার মা, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জোছনাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলা মাঠ সংলগ্ন মসজিদের পাশে।

জানা যায়, বিকালে উপজেলা সদর ইউনিয়নের বন্দরামপুর ৪নং ওয়ার্ড বনাম কলাকান্দি ২নং ওয়ার্ডের মধ্যে গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্টে (সেমিফাইনালে) কলাকান্দি ২নং ওয়ার্ড, বন্দরামপুর ৪ নং ওয়ার্ডের কাছে পরাজিত হয়। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে কলাকান্দির খেলোয়াড় ও দর্শকরা মিলে বন্দরামপুরের খেলোয়াড়দের উপড় অর্তকিত হামলা চালায়।

সেই হামলায় ফয়সাল(১৮) ও তার মা মহিলা মেম্বার জোছনা আহত হয়। ফয়সালকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।