Tag Archives: দাউদকান্দি

দাউদকান্দিতে নৌকা প্রার্থীর গণসংযোগ ও পথসভা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে দাউদকান্দি। প্রতিক বরাদ্দের পর দাউদকান্দির দক্ষিনাঞ্চল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন কুমিল্লা-১ (দাউদকন্দি-তিতাস) আসনের আ’লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার মারুকা ও বিটেস্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে চশই বালুর মাঠে পথসভায় নৌকা প্রতীকের পক্ষে মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠে।

মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহের তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নও কিভাবে করতে হয় সেটা জানে।

স্বাধীনতা যেমন আওয়ামী লীগের কাছে নিরাপদ, উন্নয়নও আওয়ামী লীগের কাছে নিরাপদ। তার প্রমান গত পনেরটি বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলএ প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি আজকে সারা বিশ্বে রাজনীতিবিদদের প্রতিকৃতি হিসেব গণ্য হয়েছেন। এটা আমাদের আওয়ামী লীগ তথা বাংলাদেশের গৌরবের বিষয়।

আমাদের গৌরব ধরে রাখতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আগামী দিনে এই এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গিকার জননেত্রী শেখ হাসিনার। তাই আগামীদিনে দাউদকান্দির দক্ষিনাঞ্চলের প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে।

পথ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল প্রমূখ।

দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমলো পেঁয়াজের দাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত নামতে দেখেই পেঁয়াজের কেজি অন্তত ৮০ টাকা কমিয়েছেন বিক্রেতারা। রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি আগে তারা ১৯০-২০০ টাকায় বিক্রি করছিলেন।

মঙ্গলবার দুপুরে বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয় বলে ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান।

এদিকে মেজিস্ট্রেট আসার খবরে পৌর বাজারের ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি ১১০টাকা দরে।

কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কয়েকজন ক্রেতা জানান, গতকাল এবং আজ সকালেও কেজি প্রতি ২০০ টাকা দরে পেয়াজ বিক্রি হয়েছে। এখন ১১০ টাকা কেজি কিনেছি।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান, পৌরসভার বাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

তিনি বলেন, কোনো সিন্ডিকেটের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দোকানে সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিনুল হাসানকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাউদকান্দি প্রেস ক্লাবের আয়োজনে সদ্য বিদায়ী ইউএনও মো: মহিনুল হাসানকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী ইউএনও মো: মহিনুল হাসান বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার দাউদকান্দি উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক। আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। হাতিয়ার মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব না।
এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমার সারাজীবন মনে থাকবে।

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান।

গণমাধ্যমকর্মীরা বলেন, এর আগের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনলেও বিদায়ী ইউএনওর নামে বা উনার বিরুদ্ধে দাউদকান্দির একটা লোকও কোন কিছু বলতে শুনিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: হানিফ খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান ঢালী, কার্যনির্বাহী সদস্য মো: ওমর ফারুক মিয়াজী, হোসাইন মোহাম্মদ দিদার,
মো: ইব্রাহিম খলিল ও মো: মনির হোসেন।

এছাড়াও লিটন সরকার বাদল, কামরুল হক চৌধুরী, মো: শাহাবুদ্দিন ও সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
মো: মহিনুল হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হন।

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে; আহত ৩০

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শুক্রবার(৮ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় মহাসড়কের রায়পুর দিঘির পাড়ে এ দূর্ঘটনায় ওই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৮৮২৬) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে দুই জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, বাস দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক দূর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৪ জন আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠানো হয় । তবে কেউ মারা গেছে কিনা এখনো জানিনা। বাসটি উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

দাউদকান্দিতে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে পূর্বশত্রুতার জেরে মো: দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল আনুমানিক ৫ টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের একটি গল্লিতে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

আহতের বড় ভাই মো: আক্তার হোসেন জানান, পশ্চিশ বাজারে একটি গলিতে বসে চা খাচ্ছিলেন ছোট ভাই দেলোয়ার হোসেন। ৮-১০ জন এসে তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান,পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

দাউদকান্দিতে ভুয়া দুই ডাক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন সোলায়মান ও কামাল হোসেন । এমন খবরে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে ২০হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ইলিয়টগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, নুন্যতম এমবিএস বিডএস ডিগ্রী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লেখা আইনত অপরাধ। আর এমন অপরাধের অভিযোগে ইলিয়টগঞ্জ বাজারের সোলায়মান ও কামাল হোসেন নামে দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভ্রাম্মমান আদলতের খবর পেয়ে তাদের মতো অন্যরা চেম্বার বন্ধ করে পালিয়ে গেছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান ও থানা পুলিশের একটি দল।

দাউদকান্দিতে কিশোরের লাশ উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সামি মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৎস্য প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সামি মিয়া উপজেলার বিটেস্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সানি মিয় স্থানীয় বরকোটা বাজারের একটি ফার্নিচার দোকানে কাঠমিস্ত্রীর সহকারীর কাজ করতো। বুধবার বিকালে কাজ শেষে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়।

বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করে তার পরিবার । এরপর বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কিশোরের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামি মিয়া নামে কিশোরকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি চলছে।

দাউদকান্দিতে ট্রাক চাপায় দুই মহিলা নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মিনি ট্রাক চাপায় দুই মহিলা নিহত হয়েছেন। বুধবার(৮নভেম্বর) দুপুরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই মহিলা হলো কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আবদুর রহিম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নাসিমা বেগম ও মনোয়ারা বেগম হাত ধরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আবদুর রহিম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। নিহত দুই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় লাশ দুটি তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে ।

দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ রায়হান (৩৮) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৫টায় পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকার একটি গলি থেকে তাকে আটক করা হয়। রায়হান পৌরসভার উত্তর নসরুদ্দি গ্রামের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।

দাউদকান্দি মডেল থানার ওসি মো মোজাম্মেল হক আজকের কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। রায়হানের নামে দাউদকান্দি থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। অস্ত্র আইনে আরো একটি মামলা দিয়ে তাকে আজ (৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।

দাউদকান্দিতে জায়গা নিয়ে মারামারি, আহত ৪

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আঢিপাড়া গ্রামে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে বলে পুলিশ জানায়।

শনিবার সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী রুজিনা বেগম জানান, প্রতিবেশী ফখরুল হাসান, মনির, জুলহাস ও বিল্লালদের সাথে জায়গা নিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে । এনিয়ে আদালতে মামলাও রয়েছে। শুক্রবার(৩নভেম্বর) সন্ধ্যার পর আমাদের বিপক্ষের ২০-২৫জন লোক লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ী ঘরে হামলা ভাংচুর এবং লুটপাট চালায়। এতে আমার চাচী শাশুড়ী রোকেয়া বেগম ও জ্যা ফরিদা বেগম আহত হয় । আমাদের প্রতিবেশীর মাধ্যমে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আমি আহতদের গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয় ষাটোর্ধ ওমর ফারুক বলেন, উভয় পক্ষের মধ্যে জায়গা নিয়ে মারামারির কোন কিছুই আমি জানিনা। পরে আমি দোকানে গেলে জুলহাসসহ কয়েকজন আমাকেও কিল-ঘুষি মারে।

স্থানীয় ইউপি সদস্য নুরনবী মেম্বার জানান, জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে চলা বিরোধ সমাধানের লক্ষে একাধিকবার বৈঠক করেছি। একপক্ষ মানলে আরেক পক্ষ মানেনি। এনিয়ে শুক্রবারের মারামারির ঘটনায় দুইপক্ষের লোকজনই আহত হয়েছে বলে শুনেছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, আঢিপাড়া গ্রামের জায়গা সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় উভয় পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।