Tag Archives: বাংলাদেশ

ভারতের কাছ থেকে

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে। রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আজ সোমবার কুষ্টিয়ার বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদটি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ওই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। জমিটি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর পাশের চল্লিশপাড়া এলাকায় অবস্থিত। পদ্মার ভাঙনের কারণে প্রায় তিন কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস পিলার এলোমেলো হয়ে যায়।

বিজিবি জানায়, জমিটি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ারদের জরিপ অনুযায়ী, ভারতের ভেতরে প্রায় ২০০ একর বাংলাদেশি জমি এবং বাংলাদেশের ভেতরে প্রায় ৪০ একর ভারতীয় জমি চিহ্নিত করা হয়েছিল।

গতকাল বিএসএফের আমন্ত্রণে মহিষকুন্ডির জামালপুর সীমান্ত পিলারের কাছাকাছি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। জমি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকপাচার রোধে গুরুত্বারোপ করা হয়।

নতুন ইতিহাস

নতুন ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

নতুন ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পরও চার দিনের মধ্যে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

টেস্টের চতুর্থ দিনে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দারুণ সূচনা করেছিলেন। তাদের ৫৮ রানের জুটি ভাঙার পর দলের দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

জাকির ৩৯ বলে ৪০ রান করেন, আর সাদমান করেন ৫১ বলে ২৪ রান। শান্ত ৮২ বলে ৩৮ রান এবং মুমিনুল ৭১ বল খেলে ৩৪ রান করেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে চার উইকেট হারানোর পর দলের ইনিংসকে সামলে নেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় এবং দ্বিতীয় ইনিংসে ১৭২ রান সংগ্রহ করে সব উইকেট হারায়। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬২ রান করে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে দৃঢ়তার সাথে খেলে সহজেই পাকিস্তানকে পরাজয়ের মুখে ঠেলে দেয়।

এর আগে দেশের বাইরে বাংলাদেশ একবারই টেস্ট সিরিজ জিতেছিল, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দুইবার এবং জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে।

২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। এটি ছিল তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজে একমাত্র ধবলধোলাই।

একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না: বিজিবির নবনিযুক্ত ডিজি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি এসব কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল সীমান্ত পরিদর্শনে যাবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্য বাহিনীর ২৬৪ জন এসেছেন। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে; তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। আটজন ছিল গুরুতর আহত, তাদের মধ্যে চারজনকে কক্সবাজার ও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তাদের ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবি ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি৷ আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ অবস্থার আশু সমাধানের চেষ্টা করছি।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আজ সকালে ৬৫ জন রোহিঙ্গা নৌকায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার কার্যক্রম চলমান। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে আমরা ঢুকতে দেবো না।

মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না।

মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। একজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মিয়ানমারের সংঘাতের সঙ্গে সেন্টমার্টিন বা বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক কোনো সম্পর্ক আছে, সেটা আমি মনে করছি না। এই সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের ৫৪টির মতো এথনিক কমিউনিটি আছে। এই এথনিক কমিউনিটিগুলো ইতোমধ্যে বিভিন্ন জায়গা দখলে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ সংঘাত। আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আমাদের দলের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এখন মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। সময় তিনদিন। কেউ চাইলে ফরমটি পূরণ করে সঙ্গে সঙ্গে জমা দিতে পারবেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন এর ভেতরেই দিন ঘোষণা করবে। তারপর আমরা আমাদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থিতা চূড়ান্ত করব।

উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। পৌরসভা নির্বাচনও আছে। এসব নির্বাচনে প্রতীক থাকছে কি থাকছে না এই ব্যাপারে আমাদের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামতও গ্রহণ করা হবে। এটা মৌলিক একটি সিদ্ধান্ত। তাই এই ব্যাপারে সবার মতামত নিয়ে আমাদের নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

মিয়ানমারের ২২৯ সীমান্তরক্ষী প্রবেশ করেছে বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট:

মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে নতুন করে আরও ১১৪ জন প্রবেশ করেছ বাংলাদেশে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির মোট ২২৯ জন সদস্য।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছে।

এদিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এ ছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের পরিচয় জানা যায়নি।

রোববার (৪ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় বেশ কয়েকটি মর্টারশেল এসে পড়ে। এতে ওই এলাকার যুধিষ্ঠির ধরের ছেলে প্রবীর ধর আহত হন।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্যধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই আলোচনার জন্য এবং তাদের (বিজিপি সদস্যদের) ফেরত পাঠানো বা ফেরত পাঠানো না গেলে অন্য কী ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে কথা বলছি। গতকাল (রোববার) যেটা হয়েছিল, মর্টারশেলে আমাদের একজন মারা গেছে। ওদেরও একজন মারা গেছে। চলমান এ পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনীর (বিজিবি) সদস্যদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বর্ডারের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানায়, সামরিক বাহিনীর আরও বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। এ ছাড়া গত তিন দিনে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত ৬২ জন সেনা। মিয়ানমারজুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ‘এটা আরও বাড়াতে চাই।’

আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।

তিনি বলেন, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সেসব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি আমরা। বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে ইউরোপিয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমাদের প্রত্যাশা বেড়েছে।

১২ সিনেটরের উদ্দেশে পাল্টা চিঠি

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটরের চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখেছেন কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকানরা।

সিনেটর রিচার্ড জে ডার্বিনকে উদ্দেশে লেখা চিঠিতে তারা বলেন, ‘গত ২২ জানুয়ারি অন্য ১১ জন সিনেটরসহ আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি লিখেছেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশি আমেরিকানরা সে বিষয়ে আমাদের হতাশা প্রকাশ করতে লিখছি।’

গত ২২ জানুয়ারি রিচার্ড ডার্বিনসহ ১২ জন সিনেটর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে অভিযোগ করা হয় যে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়মবহির্ভূতভাবে বিচারিক প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে। অবিলম্বে বিচার কার্যক্রমের মাধ্যমে ড. ইউনূসকে হয়রানি বন্ধের তাগিদ দেয়া হয়েছে।

‘কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকানের চিঠিতে বলা হয়, ‘চিঠিতে আপনারা (সিনেটররা) বাংলাদেশি নাগরিক ড. মুহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; যিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের করা অভিযোগের মুখোমুখি হয়েছেন। কর্মচারীরা দাবি করেছেন, তিনি (ড. ইউনূস) দেশের শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে তাদের কর্মসংস্থানের অধিকার লঙ্ঘন করেছেন। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর অফিসের জন্য লেখা চিঠির (সিনেটরদের) বক্তব্যে আরও সম্মান প্রদর্শন দাবি রাখে। কারণ, এটি একটি ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে একটি সার্বভৌম সরকারের প্রধানকে অভিবাদন দিয়ে শুরু না করে সম্বোধন করা ন্যূনতম শিষ্টাচারের বিরুদ্ধে যায়।’

সিনেটর রিচার্ড জে ডার্বিনকে লেখা চিঠিতে আরও বলা হয়, ‘একটি ভিনদেশে চলমান বিচারিক মামলার বিষয়ে মন্তব্য করার আগে আরও বিবেচনা করার প্রয়োজনীয়তার কথা নির্দেশ করে। কারণ, চিঠির (সিনেটরদের) ভাষা যুক্তির পরিবর্তে ক্রোধের প্রভাবে প্রভাবিত বলে মনে হয়েছে। আমরা উদ্বিগ্ন যে, দেশের (যুক্তরাষ্ট্রের) আইন প্রণেতারা দেওয়ানি আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন এবং আইন-আদালতকে সম্মান করছেন না। কিন্তু আদালতের রায় নিয়ে নানাভাবে বাহ্যিক প্রভাবের চেষ্টা করছেন।’

সিনেটরদের অবস্থানগত বিষয়ে সমালোচনা করে কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকানের চিঠিতে বলা হয়, ‘আমরা আপনাকে এবং অন্যান্য সিনেটরকে বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং প্রধানমন্ত্রীর (শেখ হাসিনার) অফিসকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। আমরা আপনাকে একজন শক্তিশালী করপোরেট প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ না নেয়ার জন্য এবং এর বদলে দরিদ্র ও অসহায় সাধারণ কর্মচারী-শ্রমিকদের আইনি ও আর্থিক অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেয়া ও তাদের পক্ষে অবস্থান নেয়ার জন্য উৎসাহিত করছি।

‘দুর্ভাগ্যবশত, মার্কিন মূলধারার মিডিয়া, সিবিএস নিউজ, তাদের অনলাইন সংবাদে যা ভবিষ্যদ্বাণী করেছিল, তার প্রতিফলন আপনাদের চিঠিতে আমরা প্রত্যক্ষ করি। যখন কি না তারা (মার্কিন মিডিয়া) বলেছিল যে ‘ইউনূস পশ্চিমের রাজনৈতিক অভিজাতদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে পরিচিত। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে মনে করেন, এই রায় (শ্রম আদালতে ইউনূসের বিরুদ্ধে) যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকানের চিঠিতে অনুরোধ করা হয় যে, ‘আপনি (রিচার্ড জে ডার্বিন) এবং অন্যান্য সিনেটর ড. ইউনূসের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করুন, বাংলাদেশ সরকারের নয়।

প্রয়োজনে আমরা আপনাকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও আইনজীবীদের বাংলাদেশে পাঠাতে ও আইনি প্রক্রিয়ার মূল্যায়ন এবং ইউনূসের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে জড়িত নথি পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। আমরা আপনাকে ওই চিঠি থেকে আপনার নাম প্রত্যাহার করতে উৎসাহিত করছি, যা (সিনেটরদের চিঠি) আমরা মানহানিকর ও অপ্রমাণিত তথ্যের ভিত্তিতে লেখা বলে বিবেচনা করি।’

কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকানের চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস অফ বাংলাদেশি মোহাম্মদ আলী সিদ্দিক, শামীম চৌধুরী, মঞ্জুর চৌধুরী, ড. প্রদীপ রঞ্জন করসহ আরও ৩৪ আমেরিকান বাংলাদেশি।

রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু: চীনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় চীন। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।
ইয়াও ওয়েন বলেন, ‘এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে চীন বাংলাদেশ মিয়ানমারের ত্রিপক্ষিয় সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধস্থতায় দেশটির তিনটি স্থানে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। রাখাইনে অস্ত্র বিরতি হলেই প্রত্যাবাসন শুরু করতে চায় চীন।’

তিনি বলেন, ‘বড় ধরনের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেইজিং। এছাড়া বাংলাদেশকে বৈশ্বিক অস্থিরতার কথাও মাথায় রাখতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত।

জানা গেছে, বৈঠকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে

ডেস্ক রিপোর্ট:

আগামী ৪ জুন পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিন আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি সহযোগী সদস্য নেদারল্যান্ডসও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল। তাই গ্রুপ পর্বেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

প্রতি গ্রুপ থেকে ২টি করে দল পাবে সুপার এইটে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে বড় লড়াইটা হতে পারে। লঙ্কানদের হারাতে পারলে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডস ম্যাচটাও গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।

দর্শকদের আবাসনের ও যাত্রার ব্যাপারটি মাথায় রেখে আগে থেকেই কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করে রেখেছে আইসিসি। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওয়েস্ট ইন্ডিজে ও গ্রুপ রানার-আপ হলে যুক্তরাষ্ট্রে সুপার এইটের ম্যাচগুলো খেলবে।

‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে দুই পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

এক নজরে কে কোন গ্রুপে-

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগি…

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া: মান্টিটস্কি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া কোনো প্রতিযোগিতা করছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে তারা (পশ্চিমা দেশগুলো) কী করছে, আর কী করতে পারে, আমরা শুধু তা তুলে ধরেছি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপারেশনে সহায়তা করেছিল তৎকালীন সোভিয়েত নৌবাহিনী। তখন মাইন অপসারণে সহায়তাকারী সেই নৌবাহিনীর সাবেক দুই সদস্য বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা সেই সময়ের স্মৃতিচারণ করেন।

গত ১৫ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা অভিযোগ করেছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তার এ বক্তব্য বিষয়ে সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূতের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিলেন, তা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। তবুও বলতে চাই, বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নামেনি রাশিয়া। তবে তারা (পশ্চিমা দেশগুলো) কী করছে, আর কী করতে পারে, আমরা শুধু তা তুলে ধরেছি। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া সহযোগিতা করতে পেরেছে বলে আমরা খুশি। বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা অংশীদার হতে পেরে আনন্দিত।

সংবাদ সম্মেলনে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সাবেক দুই সদস্য ভিটালি গুবেনকো ও আলেক্সান্ডার জালটস্কি উপস্থিত ছিলেন।

এসময় ভিটালি গুবেনকো চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণের স্মৃতিচারণ করে বলেন, মাইন অপসারণের জন্য ১৯৭২ সালে আমি চট্টগ্রামে আসি। তখন কাজটি খুব কঠিন ছিল। দুই বছর অক্লান্ত চেষ্টায় মাইন অপসারণ করা হয়। পরে বন্দর দিয়ে জাহাজ চলাচলও শুরু হয়। তখন স্থানীয় জনগণ খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। তাদের কথা আমার স্মরণে আছে।

তিনি বলেন, ৫০ বছর আগে এদেশের অবকাঠামোগত তেমন কোনো উন্নতি ছিল না। এখন বাংলাদেশের উন্নয়ন দেখে খুব ভালো লাগছে।