Tag Archives: ব্রাহ্মণপাড়া উপজেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কাউসার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাচাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

কাউসারের চাচাতো ভাই মো. হোসেন জানান, কাউসার একজন দরিদ্র রাজমিস্ত্রি। পাশাপাশি অন্যের গরু (বর্গা) লালন পালন করে। ঘটনার দিন সকালে (বর্গা) গরু বিক্রির জন্য বাড়িতে গরু বেপারীকে আসতে বলেন। গরু বিক্রির কথা পাকা হওয়ার একপর্যায়ে কাউসার তার নিজের বসতঘরের (টিনের বেড়া) সঙ্গে মাথা হেলান দিয়ে দাঁড়ালে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শরিফ মিয়া উপজেলার গোপালনগর গ্রামের লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। শুক্রবার সকালে মাদক সেবন করে বাড়িতে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

বাড়িতে আসার কিছু সময় পর শরিফের আবার পেটে ব্যথা শুরু হয়। এরপর বিকাল ৫টায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে শরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শরীফের বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করায় দল থেকে জাপা নেতা বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

দলীয় নেতাকর্মীদের না জানিয়ে গোপনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ জুন) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেন। একইসঙ্গে দলটির কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতিতে জসিম উদ্দিনকে কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবীর মোহন বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা কমিটি বিলুপ্তের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির মুনশী বলেন, ‘প্রার্থীর অপকর্মের দায় তো আমরা নিতে পারি না। জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি। সে ব্যক্তিগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

বহিষ্কারের বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিনকে একাধিকবার মোবাইলে ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জাপা প্রার্থী মো. জসিম উদ্দিন। ২০ জুন বিকেল সোয়া ৪টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। এ আসন থেকে মাত্র দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্র-জা:নি

ব্রাহ্মণপাড়ায় বিয়ের ৫ দিন পর হোটেল থেকে নববধূর মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের ৫ দিন পর ঢাকার একটি আবাসিক হোটেল থেকে জেরিন নিপা (২৪) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামে আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহনাজ জেরিন নিপা (২৪) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

নিহত নিপার বিয়ে হয় একই উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বছরের প্রথম দিন (১ জানুয়ারি) নিপার সঙ্গে রুবেলের বিয়ে হয়। গত রোববার গ্রামের বাড়ি থেকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন নিপা।

চাকরির কারণে স্বামী রুবেলের বাসস্থান অফিসের মেস হওয়ায় স্ত্রীকে নিয়ে ওঠেন রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে। আর সেই হোটেল থেকে মঙ্গলবার বের করা হয় মেহনাজ জেরিন নিপার লাশ।

নিহতের ভাই আহসানুল কবিরের অভিযোগ, স্বামী রুবেলই তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ভেতর থেকে রুমের দরজা বন্ধ ছিল। এ ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম রুবেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই আহসানুল কবির।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ৩ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন হোটেলের ওই রুমটি ভাড়া নেন। এরপর স্বামী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে হোটেল থেকে চলে যান। এ সময় ওই তরুণী হোটেলে একাই ছিলেন। মঙ্গলবার সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়ায় অ্যাসাইনমেন্ট জমা দিতে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রা‏‏হ্মণপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পরে অভিযুক্ত আবদুল হাকিমকে (২০) গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। হাকিম উপজেলার বড়ধুশিয়ার গ্রামের নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই ছাত্রীকে প্রায় সময়ই উত্ত্যক্ত করতেন হাকিম। গত ১৭ ডিসেম্বর ওই ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যান হাকিম। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন তিনি। সোমবার বিকেলে অভিযুক্ত হাকিম একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কুমিল্লায় যাওয়ার পথে ওই ছাত্রীর স্বজন ও পুলিশ উপজেলার হরিমঙ্গল বাজার এলাকায় তাকে আটক করে। পরে সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রা‏হ্মণপাড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে হাকিমের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

কুমিল্লায় নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের হামলায় কর্মরত তিন সাংবাদিক আহত, বহনকারী গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

হামলায় গুরতর আহত জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক বাদী হয়ে হামলায় জড়িত ২৮ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার (১২ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি করেন।

মামলার আসামি হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মৃত মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), মৃত আবদুল আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি (৩৫), মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভুঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), মৃত আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), মৃত হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভুঁইয়ার ছেলে এনামুল হক (৩৫)। বাকি আসামীরাও দুলালপুরের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের অন্তত ৫০ জন সংবাদ কর্মীদের ওপর হামলা চালায়। এসময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম বাপ্পি , একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির পিয়াস, বর্তমান প্রতিদিনের কাইয়ুম  গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক আশিক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ফয়সল উদ্দিন বলেন, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, তদন্ত সাপেক্ষে ও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

খাদ্যে বিষক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য অসুস্থ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত একশ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে তাদের প্রায় ৪০ জন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকাল থেকেই তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয় পড়েন। এদিকে বৃহস্পতিবার (১০ডিসেম্বর) রাত পোহালেই ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর ২৫ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না। তাদের বিকল্প ফোর্স পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, উপজেলা উপ-নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় একশ জন সদস্য উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ দেখে তাদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যাদের অবস্থার অবনতি হচ্ছিল তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ জানান, ‘দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।’

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ‘ফুড পয়জিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্য মতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অবস্থা খারাপ হচ্ছে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি।’

ব্রাহ্মণপাড়ায় ভোটের লড়াইয়ে মুখোমুখি জাহাঙ্গীর খান ও আবু জাহের

 

নাছরিন আক্তার হীরা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে লড়াই জমে উঠেছে । এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী । এদিকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ভি.পি. সরকার জহিরুল হক মিঠুনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে উপজেলা ছাত্রদলের সহ সাংগাঠনিক সম্পাদক দিদারুল আলম ভূইয়া জানান, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করা হয়েছে। বৃহস্পতিবার শুনানী হবে। যদি প্রার্থীতা ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করা হবে। আমরা আশাবাদী প্রার্থীতা ফিরে পাবো এবং নির্বাচনে জয়লাভ করবো।

আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা জানান, এবার আমাদের জয় নিশ্চিত। তিনি আমাদের দলীয় মনোনীত প্রার্থী। দলের বাইরের কোন বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের কোন নেতাকর্মী ভোট দিবে না। জনগণ নৌকা প্রতিককেই জয়যুক্ত করবে।

কিন্তু গতবার দলীয় মনোনয়ন পেয়েও জাহাঙ্গীর খান চৌধুরী নির্বাচনে হেরে যান আ’লীগের বিদ্রোহী প্রার্থী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের কাছে। তাই এবারের নির্বাচনেও নৌকা প্রতিকের প্রার্থীকে লড়াই করতে হবে বিদ্রোহী প্রার্থীর সাথে।

স্থানীয় সূত্রমতে, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের পরিবারের একটি ভাল ভোটব্যাংক রয়েছে। এই পরিবারের সদস্য হিসেবে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের জনগণের সহানুভূতি পাবে। এছাড়া কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির ছাত্রলীগের অসংখ্য কর্মী রয়েছে। ফলে এ নির্বাচনে তুমুল ভোটের লড়াই হবে এটাই স্বাভাবিক।
কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, আমার চাচা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। উনার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্থ করেছে আগামী ১০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে।

আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।